গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে হাসপাতালটির অস্ত্রোপচার বিভাগ ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলায় খ্যাতনামা সার্জন রিজক আবু শাইরাসহ অন্তত ছয়জন নিহত এবং আরও ২০ জন আহত হন। হতাহত ব্যক্তিদের বেশিরভাগই ছিলেন চিকিৎসাধীন রোগী, যাদের অনেকের ওই দিনই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। হাসপাতালের পরিচালক রায়েদ আল-দাহশান জানান, ক্ষেপণাস্ত্রটি ভবনের ওপরের তলাগুলো ভেদ করে ভেতরে আঘাত হানে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা হাসপাতালটিতে হামাসের এক কমান্ডারকে নিশানা করে এই অভিযান চালিয়েছে। তবে হামাস এই দাবি প্রত্যাখ্যান করে একে ‘যুদ্ধাপরাধ ঢাকার নির্লজ্জ প্রচেষ্টা’ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।
নাসের হাসপাতালে হামলার আগে গাজার অন্যান্য এলাকাতেও বিমান ও ড্রোন হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে আরও সাতজন নিহত হন। গাজা সিটির সাবরা এলাকায় একজন, মধ্য গাজার বুরেইজ শিবিরের কাছে একজন এবং শেখ রাদওয়ান এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে চালানো হামলায় দুজন প্রাণ হারান। এছাড়া আল-জালা সড়কে তাঁবুতে আশ্রয় নেয়া দুই সহোদরও ইসরাইলি হামলায় নিহত হয়েছেন।
সামরিক এই আগ্রাসনের মধ্যেই চরম মানবিক সংকটে পড়েছেন গাজার সাধারণ মানুষ। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, টানা ভারী বৃষ্টিতে অন্তত ৭০ হাজার তাঁবু জলমগ্ন হয়ে পড়েছে এবং সরাসরি দুর্ভোগে পড়েছেন ১ লাখ ৬ হাজারের বেশি মানুষ। বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরিভিত্তিতে ত্রিপল ও পানি নিরোধক তাঁবু সরবরাহের আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে ইসরাইলি কর্তৃপক্ষের অনুমতির অভাবে এসব ত্রাণ গাজায় পাঠানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক। ইসরাইলে নতুন সরকার গঠনের দোহাই দিয়ে ত্রাণ সরবরাহ বিলম্বিত করা কোনো গ্রহণযোগ্য যুক্তি হতে পারে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে উপত্যকাটিতে চলা ইসরাইলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬৫৩ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজারের বেশি ফিলিস্তিনি।





