প্রায় দুই মাস পর কারাগার থেকে ছাড়া পেলেন ইমরান খানের দুই বোন

ভাইয়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে আয়োজিত বিক্ষোভে সমর্থকদের সঙ্গে নুরিন নিয়াজি খান, আলিমা খান ও উজমা খান
বিদেশে এখন
0

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোন উজমা খান ও নোরিন নিয়াজি প্রায় দুই মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন। তবে তাদের আরেক বোন আলিমা খান এখনো কারাগারেই রয়েছেন। বৃহস্পতিবার তাদের আইনজীবী ও ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইনজীবী মুদাসসার উমর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ডা. উজমা খান ও নোরিন নিয়াজি মুক্তি পেয়ে নিরাপদে বাড়ি পৌঁছেছেন। লাহোরের সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত কোট লখপত কারাগার থেকে তাদের ছেড়ে দেয়া হয়। গত ২৭ সেপ্টেম্বর ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের পূর্বঘোষিত পদযাত্রার এক সপ্তাহ আগে তাদের গ্রেপ্তার করে ৩০ দিনের আটকাদেশ দেয়া হয়েছিল।

উজমা খানের ছেলে ওয়ালি খান সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো আইনি ভিত্তি ছাড়াই তার মাকে ৫৩ দিন আটকে রাখা হয়েছিল। এই আটক ও মুক্তি—উভয় সিদ্ধান্তই ছিল স্বেচ্ছাচারী। অন্যদিকে পিটিআই নেতা জুলফিকার বুখারি আল জাজিরাকে বলেন, দুই বোনের মুক্তি পেলেও ইমরান খানের পরিবারের ওপর চলমান অবিচার বা দুর্ভোগ শেষ হয়নি। কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন ও বাছাইকৃত স্বস্তি নয়, বরং সব নিপীড়ন বন্ধের দাবি জানান তিনি।

তোষাখানা ও অন্যান্য মামলায় ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ৭৪ বছর বয়সী ইমরান খান। পিটিআইয়ের দাবি, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সম্প্রতি ইমরান খানের শারীরিক অসুস্থতা, বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগ দেখা দেয়ায় তাকে অবিলম্বে হাসপাতালে স্থানান্তরের জোর দাবি জানিয়ে আসছে তার দল। বোনদের মুক্তির আগের দিনই চিকিৎসার জন্য ইমরান খানকে ইসলামাবাদের একটি হাসপাতালে নেয়া হয়েছিল। পাকিস্তান সরকার দাবি করেছিল, ইসলামাবাদে পিটিআইয়ের বিক্ষোভ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতেই তার বোনদের আটক করা হয়েছিল। সে সময় বিক্ষোভের আয়োজনে যুক্ত থাকায় খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক সরকারকেও সাময়িকভাবে বরখাস্ত করেছিল দেশটির কেন্দ্রীয় সরকার।

এএম