আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) প্রথম ধাপে মালয়েশিয়ান প্রতিষ্ঠান ‘DHL SUPPLY CHAIN (MALAYSIA) SDN. BHD.’-এ ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে চূড়ান্ত কর্মী নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে। বোয়েসেল কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এসব তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘মালয়েশিয়া বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী বিদেশে অধিক কর্মসংস্থানের লক্ষ্যে বোয়েসেল স্বল্প ও শূন্য অভিবাসন ব্যয়ে নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাগত যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘গত ০২ নভেম্বর মালয়েশিয়ান প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র আসে। এর পরিপ্রেক্ষিতে গত ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ নভেম্বর সকাল ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত চার হাাজর ২৯টি আবেদন জমা পড়ে। পরবর্তীতে প্রাপ্ত আবেদন থেকে লটারির মাধ্যমে দুটি পদে মোট তিনশত জন কর্মীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। যার মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।’
আরও পড়ুন:
পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, ‘প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন প্রার্থীর মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাইয়ের মাধ্যমে ১১২ জন কর্মী চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। এ লক্ষ্যে মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন। যারা আজ (বৃহস্পতিবার) থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করবেন। বাছাই প্রক্রিয়ায় বোয়েসেল কোনো ধরনের হস্তক্ষেপ করছে না এবং নিয়োগকর্তা কর্তৃক নির্বাচিত প্রার্থীরাই চূড়ান্ত বলে গণ্য হবেন।’
ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, এই নিয়োগ কার্যক্রমটি সরকারিভাবে সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে পরিচালিত হচ্ছে। নির্বাচিত কর্মীদের অভিবাসন সংক্রান্ত সরকার নির্ধারিত সব ব্যয় মালয়েশিয়ার নিয়োগকারী কোম্পানি বহন করবে এবং বোয়েসেল নিয়োগকারী প্রতিষ্ঠান বা কর্মীর নিকট থেকে কোনো প্রকার অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ গ্রহণ করবে না। নিয়োগের কোনো পর্যায়ে কোনো দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত ব্যক্তি অর্থ গ্রহণের চেষ্টা করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে উভয়ের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয় এবং প্রার্থীদের যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমাদের লক্ষ্য হলো অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত না হন। একজন সাধারণ শ্রমিক যেন নিজের শ্রম, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিদেশে কাজের সুযোগ পান, সেটিই এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য।’
তিনি আরও বলেন, ‘বোয়েসেল প্রত্যাশা করে, সবার সহযোগিতায় এ নিয়োগ কার্যক্রমের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হবে। শূন্য অভিবাসন ব্যয়ে নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিতকরণে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।’





