ইরানে হামলার প্রস্তুতি জোরদারের নির্দেশ নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু
বিদেশে এখন
0

তেহরানের ওপর সম্ভাব্য সামরিক হামলা চালাতে নিজেদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা। বিপরীতে তেহরানের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, তাদের ওপর নতুন করে কোনো আক্রমণ চালানো হলে পশ্চিম এশিয়া থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত যেকোনো মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা প্রাণঘাতী আঘাত হানা হবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বুধবার সন্ধ্যায় ইসরাইলি গণমাধ্যমের বরাতে জানা যায়, বিদায়ী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে সেনাবাহিনীকে এই প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়। ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, মন্ত্রিসভার এই নির্দেশনা এমন পদক্ষেপের সূচনা করতে পারে যা একটি নতুন যুদ্ধের রূপ নিতে পারে। দেশটির বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট এক বিবৃতিতে নেতানিয়াহুকে সতর্ক করে বলেছিলেন, নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত কোনো প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি ছাড়া সামরিক বাহিনীকে যেন কোনো অভিযানে যুক্ত না করা হয়। গত অক্টোবরের নির্বাচনে ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর আইজেনকোটকে সরকার গঠনের সুযোগ দিয়েছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তবে ক্ষমতা হারানোর দ্বারপ্রান্তে থাকা নেতানিয়াহু তেহরানের সরকারের পতন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থানে অনড় রয়েছেন।

ইসরাইলের এই সামরিক প্রস্তুতির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে আবার কোনো যুদ্ধ শুরু করে, তবে আগ্রাসনে জড়িত পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত প্রতিটি সামরিক ঘাঁটি ইরানের প্রাণঘাতী হামলার বৈধ নিশানা হবে।’ এই ক্ষেত্রে কোনো স্থানই নিরাপদ দূরত্বে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, কৌশলগত হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না এবং সমঝোতা না হওয়ার পেছনে বড় বাধা যুক্তরাষ্ট্রের ওপর আস্থার চরম ঘাটতি।

কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের চেষ্টার মধ্যেই নতুন এই সামরিক উত্তেজনার খবর সামনে এল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনা ব্যর্থ হলে তিনি পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ এতটাই কার্যকর হয়েছে যে এই মুহূর্তে বড় ধরনের সামরিক পদক্ষেপের কোনো প্রয়োজন নেই। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের নৌবাহিনী হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরানের ওপর নৌ-অবরোধ বজায় রাখতে দিনরাত দায়িত্ব পালন করছে। এদিকে নিজেদের ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত তৃতীয় কোনো দেশে সরিয়ে নেয়ার মার্কিন প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করার পর বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে।

এএম