কপ৩৩ সম্মেলন আয়োজনের দৌড় থেকে সরে দাঁড়ালো চীন

বেইজিংয়ে  চীনের পতাকা ঊড়ছে
বিদেশে এখন
0

কয়েক মাসের পর্যালোচনার পর ২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩৩) আয়োজনের দৌড় থেকে সরে দাঁড়িয়েছে চীন। এর ফলে এশিয়ার অন্যান্য দেশের জন্য এই বৈশ্বিক সম্মেলন আয়োজনের ক্ষেত্র উন্মুক্ত হলেও দেশটির এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক জলবায়ু কর্মী ও বিশেষজ্ঞদের হতাশ করেছে। বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ হিসেবে চীন বিশ্বমঞ্চে এই সংকটের নেতৃত্ব নিজের কাঁধে তুলে নেবে—এমনটাই প্রত্যাশা ছিল তাদের। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র যখন আন্তর্জাতিক জলবায়ু কূটনীতি ও সহযোগিতা থেকে পুরোপুরি নিজেদের গুটিয়ে নিচ্ছে, তখন চীনের এই অনাগ্রহকে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর চীনের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে জানান, চীন কপ সম্মেলনের আয়োজক হোক—এ ধারণার পক্ষে জোরালো সমর্থন ছিল তার এবং এই সিদ্ধান্তটি অত্যন্ত দুঃখজনক।

কয়লানির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে চীন বর্তমানে পরিবেশবান্ধব প্রযুক্তির এক বিশাল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানান, ভবিষ্যতের জন্য স্বল্প-কার্বন নির্গমন প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহারে চীন বাকি বিশ্বকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে। দেশটিতে ইতিমধ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা কয়লাভিত্তিক সক্ষমতাকে ছাড়িয়ে গেছে এবং চলতি বছর গ্রিনহাউস গ্যাস নিঃসরণের হারও কিছুটা কমেছে। এ ছাড়া গত মাসে দেশটির বাজারে বিক্রি হওয়া যানবাহনের প্রায় দুই-তৃতীয়াংশই ছিল বিদ্যুৎচালিত গাড়ি। গত বছর চীনের মোট বিনিয়োগ প্রবৃদ্ধির ৯০ শতাংশের বেশি এসেছে পরিচ্ছন্ন জ্বালানি খাত থেকে।

জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) নিয়ম অনুযায়ী, ২০২৮ সালের সম্মেলনটি কোনো একটি এশীয় দেশে অনুষ্ঠিত হওয়ার কথা। গবেষণা সংস্থা এনার্জি অ্যান্ড ক্লাইমেট ইন্টেলিজেন্স ইউনিটের আন্তর্জাতিক প্রধান গ্যারেথ রেডমন্ড-কিং বলেন, বিশ্বের শীর্ষ নিঃসরণকারী ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের জন্য কপ সম্মেলন আয়োজন করা নেতৃত্বের এক অনন্য সুযোগ হতে পারত।

চীন ঠিক কী কারণে এই সম্মেলন আয়োজনে অস্বীকৃতি জানিয়েছে, তা আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করা হয়নি। তবে বিশেষজ্ঞদের ধারণা, ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময়সূচির জটিলতা এর একটি বড় কারণ হতে পারে। ওই বছর ৭ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এবং কপ৩৩ সম্মেলনের নির্ধারিত সময় ৬ থেকে ১৭ নভেম্বর। প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়া প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার শেষ সময়ে এই সম্মেলনের আয়োজন নিয়ে জটিলতার আশঙ্কাই বেইজিংকে এমন সিদ্ধান্তে প্রভাবিত করে থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এএম