ইস্তাম্বুলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এই চুক্তিতে সই করেন। দুই দেশের সুপ্রিম স্ট্র্যাটেজিক কমিটির ১২তম অধিবেশন শেষে যৌথ বিবৃতিটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, নিজেদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং আরও নিরাপদ ও স্থিতিশীল একটি আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলার অভিন্ন লক্ষ্যেরই প্রতিফলন ঘটেছে এই চুক্তিতে।
চুক্তি অনুযায়ী, নিজেদের নিরাপত্তার প্রতি হুমকি এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যু ও প্রতিরক্ষা নীতি নিয়ে পরস্পরের সঙ্গে আলোচনা করতে সম্মত হয়েছে উভয় পক্ষ। এছাড়া যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা শিল্পে অংশীদারত্ব এবং সামরিক কর্মীদের প্রশিক্ষণ বিনিময়ের মাধ্যমে সহযোগিতা আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, ‘প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, উপসাগরীয় অঞ্চলে নতুন করে যুদ্ধ ছড়ানো ঠেকাতে, সংলাপের ভিত্তি তৈরি করতে এবং শান্তি প্রতিষ্ঠায় আমরা একসঙ্গে কাজ করে যাব।’
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিনের সম্পর্কের ওপর ভিত্তি করে জ্বালানি খাতে, বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাণিজ্যে সহযোগিতা এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর আগেই জানিয়েছিল, জ্বালানি খাতে অংশীদারত্ব বাড়াতে ও তাতে বৈচিত্র্য আনতে কাজ করছে তুরস্ক ও কাতার। একই সঙ্গে প্রতিরক্ষা শিল্পেও তাদের সহযোগিতা বাড়তে থাকবে।
এর আগে গত আগস্টে আঞ্চলিক সংঘাতের আবহে সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করে যুক্তরাষ্ট্রের মিত্র তিন সুন্নি মুসলিম দেশ তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান। গত সপ্তাহে তুরস্কের পার্লামেন্টে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নামের ওই সমঝোতা অনুমোদন পায়। এর ফলে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় হিমশিম খেতে থাকা সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর পথ খুলেছে আঙ্কারার জন্য। আগস্টে তিন আঞ্চলিক শক্তির সই করা ওই চুক্তির শর্ত অনুযায়ী, যেকোনো এক পক্ষের ওপর হামলা হলে তা সবার ওপর হামলা বলে গণ্য হবে।





