২৬ বছর পর হামমুক্ত দেশের স্বীকৃতি হারালো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র
বিদেশে এখন
0

অত্যন্ত সংক্রামক ভাইরাস হামের টানা সংক্রমণ এক বছরের বেশি সময় ধরে থামাতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের হামমুক্ত দেশের স্বীকৃতি বাতিল করেছে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও)। এর মধ্য দিয়ে দেশটির দীর্ঘ ২৬ বছরের এই মর্যাদার অবসান ঘটল। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। তবে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাটি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বার্তা সংস্থা র‍য়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আমেরিকা অঞ্চলের শাখা পিএএইচও এমন এক সময়ে এই সিদ্ধান্ত নিল, যখন তিন দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চসংখ্যক হামের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২০২৫ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৭ হাজার ৫০০ মানুষ হামে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৩ জন। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা দপ্তরের সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়রের মেয়াদে টিকাদানের হার কমে যাওয়া এবং টিকা নেয়ার ক্ষেত্রে মানুষের অনাগ্রহ বাড়ার সময়ের সঙ্গে এই সংক্রমণের মিল রয়েছে। কোনো বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই বছরের পর বছর ধরে হামের টিকার নিরাপত্তা নিয়ে সংশয় ছড়িয়ে আসছেন কেনেডি।

মূল্যায়নের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) জমা দেয়া মহামারি সংক্রান্ত ও পরীক্ষাগারের তথ্য-প্রমাণ পর্যালোচনা করেছে পিএএইচও। হামের একই ধরন যুক্তরাষ্ট্রে টানা ১২ মাস বা তার বেশি সময় ধরে ছড়াচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়। এটি বাইরে থেকে আসা সংক্রমণের বদলে স্থানীয়ভাবে ভাইরাসটি ছড়ানোর লক্ষণ। সম্প্রতি ডব্লিউএইচওর বিশেষজ্ঞদের পর্যালোচনার পর কানাডা, স্পেন ও যুক্তরাজ্যও হামমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে। যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও থেকে বেরিয়ে গেলেও সংস্থাটির আমেরিকা অঞ্চলের শাখা পিএএইচওর সদস্য হিসেবে রয়ে গেছে।

এই সিদ্ধান্তের আগে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সিডিসির পরিচালক ডা. এরিকা শোয়ার্টজ বলেছিলেন, যুক্তরাষ্ট্র হামমুক্ত দেশের মর্যাদা হারালেও সংস্থাটি ‘ঠিক একই কাজই’ করে যাবে। অর্থাৎ টিকাদানকে উৎসাহিত করতে অঙ্গরাজ্যগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাওয়া হবে।

বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের ৪৫টি অঙ্গরাজ্য, নিউ ইয়র্ক সিটি এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া থেকে সিডিসিতে ৫ হাজার ১৮২ জনের হাম শনাক্তের তথ্য জানানো হয়েছে। এই সংখ্যা গত বছরের মোট ২ হাজার ২৮৯ জনকে ছাড়িয়ে গেছে, যা গত কয়েক দশকের মধ্যে দেশটিতে হামের সবচেয়ে ভয়াবহ পুনরুত্থানগুলোর একটি।

ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক নোয়েল ব্রুয়ার বলেন, ‘এটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য একটি রোগ। আমাদের দেশে এই পরিমাণে হামের সংক্রমণ থাকাটা চরম অযৌক্তিক।’ হামবিষয়ক একটি স্বতন্ত্র উপদেষ্টা প্যানেলের প্রধান ব্রুয়ার মঙ্গলবার সিডিসির হাম পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদন এবং সে বিষয়ে তার দলের মূল্যায়ন পিএএইচওর কাছে উপস্থাপন করেন। প্রতিবেদনটি গোপনীয় রাখা হয়েছে। তবে সিডিসির তথ্যের বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে টানা ১২ মাস ধরে ভাইরাসটির সংক্রমণ চলছে বলে নিশ্চিত হয়েছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্র ২০০০ সালে হামমুক্ত দেশের মর্যাদা অর্জন করেছিল। কোনো দেশের মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মানুষ টিকার আওতায় এলে সংক্রমণ থামানো সম্ভব হয়। এতে হার্ড ইমিউনিটি বা গণপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, যা টিকা নিতে অক্ষম ব্যক্তিদেরও সুরক্ষা দেয়। সংক্রমণ ও বিস্তার রোধের সবচেয়ে কার্যকর উপায় হলো হামের দুই ডোজ টিকা নেয়া। এটি ভাইরাসের বিরুদ্ধে ৯৭ শতাংশ সুরক্ষা দেয়। হাম থেকে অন্ধত্ব, বধিরতা, মস্তিষ্কের ক্ষতি বা মৃত্যু পর্যন্ত হতে পারে।

জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের মহামারিবিদ্যা বিভাগের অধ্যাপক উইলিয়াম মস বলেন, হামমুক্ত দেশের স্বীকৃতি হারানো জনস্বাস্থ্য খাতের পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের সুনামের ওপর একটি বড় আঘাত। এটি অন্য দেশগুলোকেও নিরুৎসাহিত করতে পারে। তিনি জানান, সাধারণ মার্কিন নাগরিকদের জন্য এর অর্থ হলো যুক্তরাষ্ট্রে বড় ধরনের প্রাদুর্ভাব চলতেই থাকবে, যা মানুষকে অসুস্থতা, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঝুঁকিতে ফেলবে।

হামমুক্ত দেশের মর্যাদা ফিরে পেতে হলে কোনো দেশকে সংক্রমণ পুরোপুরি থামাতে হয় এবং অন্তত ১২ মাস প্রাদুর্ভাবমুক্ত থাকতে হয়। এ বিষয়ে বক্তব্যের জন্য অনুরোধ করা হলেও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা দপ্তর কোনো সাড়া দেয়নি।

এএম