গুপ্তচরবৃত্তির সতর্কতা সত্ত্বেও জেনসেন হুয়াংকে পদ না ছাড়তে বলেছিলেন ট্রাম্প

এনভিডিয়ার সাবেক সিইও জেনসেন হুয়াং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

গুপ্তচরবৃত্তির কেলেঙ্কারি এবং বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য ফাঁসের জেরে প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ ছাড়তে বাধ্য হয়েছেন জেনসেন হুয়াং। তবে পদত্যাগের মাত্র দুই দিন আগে মঙ্গলবার তাকে ফোন করে নিজের পদ ধরে রাখতে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ফোনালাপের বিষয়ে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকা এক নারীকে চীনা গোয়েন্দা সংস্থা নিয়োগ করেছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সিদ্ধান্তে পৌঁছানোর পরও শেষ মুহূর্ত পর্যন্ত হুয়াংয়ের পক্ষ নেন এবং তাকে সমর্থন দিয়ে যান ট্রাম্প। এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা হুয়াং প্রতিষ্ঠানটিকে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ তৈরির ক্ষেত্রে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত করেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি সিলিকন ভ্যালিতে ট্রাম্পের অন্যতম প্রধান মিত্র এবং প্রযুক্তি ও এআই বিষয়ে প্রভাবশালী উপদেষ্টা হিসেবে আবির্ভূত হন।

নিউ ইয়র্ক টাইমসের তথ্যানুযায়ী, অ্যালিস হুয়াং নামের এক চীনা নাগরিকের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে ট্রাম্পকে অন্তত দুই দফা গোয়েন্দা সতর্কবার্তা দেয়া হয়েছিল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন ছিল, গোয়েন্দা তৎপরতাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনাকারী চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় ওই নারীকে নিয়োগ করেছে। গত বছরের শেষ দিকে প্রেসিডেন্টকে প্রথম সতর্কবার্তা দেয়া হয় এবং দ্বিতীয়টি দেয়া হয় বসন্তকালে। এসব সতর্কবার্তা সত্ত্বেও এনভিডিয়ার সিইওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি ট্রাম্প, এমনকি গত মে মাসে নিজের চীন সফরের দলেও তাকে অন্তর্ভুক্ত করেন। উন্নত সেমিকন্ডাক্টর বা চিপ বাজারের নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের দ্বন্দ্বের পটভূমিতে মার্কিন প্রযুক্তিগত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানকে ঘিরে গোয়েন্দা উদ্বেগ হোয়াইট হাউস কীভাবে সামাল দিয়েছে, এই প্রতিবেদন তা নিয়ে প্রশ্ন তুলেছে।

গুপ্তচরবৃত্তিতে সন্দেহভাজন ওই নারীর সঙ্গে সম্পর্ক এবং প্রতিষ্ঠানের আরেক জ্যেষ্ঠ কর্মীর সঙ্গেও কথিত সম্পর্কের তথ্য সামনে আসার পর বৃহস্পতিবার হুয়াংয়ের পদত্যাগের ঘোষণা দেয় এনভিডিয়া। সাম্প্রতিক দিনগুলোতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় ওই নারী হলেন এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।

গুপ্তচরবৃত্তিতে সন্দেহভাজন নারী ডেটা সেন্টার খাতের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে চীনে উন্নত চিপ পাচারের সন্দেহের বিষয়টিও খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। তবে জেনসেন হুয়াং নিজে চীন সরকারের কাছে গোপন কোনো তথ্য পাচার করেছেন, এমন কোনো প্রকাশ্য প্রমাণ পাওয়া যায়নি।

কেলেঙ্কারির তথ্য ফাঁস হওয়ার পরও হুয়াংয়ের প্রতি ট্রাম্পের সমর্থন অব্যাহত ছিল। সোমবার প্রেসিডেন্ট জানান, তিনি এনভিডিয়ার সিইওর সঙ্গে কথা বলেছেন এবং যে নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল তিনি সন্দেহভাজন গুপ্তচর কি না, সে বিষয়ে হুয়াং কিছু জানতেন কি না, তা নির্দিষ্টভাবে জানতে চেয়েছেন। ট্রাম্প বলেন, ‘সে আমাকে বলেছে যে ওই নারী গুপ্তচর কি না, সে বিষয়ে তার কোনো ধারণাই ছিল না এবং আমি সত্যিই তাকে বিশ্বাস করি।’ হুয়াং একজন সম্মানিত ব্যক্তি এবং তিনি এই সংকট কাটিয়ে উঠতে পারবেন বলেও সে সময় মন্তব্য করেছিলেন ট্রাম্প।

এনভিডিয়ার প্রধানের পদত্যাগের পর বৃহস্পতিবার মার্কিন ধারাভাষ্যকার স্টিফেন এ স্মিথকে দেয়া এক সাক্ষাৎকারেও হুয়াংয়ের প্রশংসা অব্যাহত রাখেন ট্রাম্প। আগের দিন হুয়াংয়ের সঙ্গে কথা হয়েছে জানিয়ে প্রেসিডেন্ট বলেন, ‘সে অসাধারণ এক প্রতিভা। সে এখন নরকযন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। নিজের স্ত্রী ও পরিবারের সঙ্গে সে যা করেছে, সেটিই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে।’ ট্রাম্প আরও বলেন, ওই নারী সত্যিই গুপ্তচর হয়ে থাকলে হুয়াংয়ের বিদায় যৌক্তিক, আর তা না হলে পরিস্থিতি ভিন্নভাবে দেখা যেতে পারে। একই সময়ে এনভিডিয়ার নেতৃত্ব দেয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে অ্যাপলের সাবেক সিইও টিম কুকের নাম প্রস্তাব করেন প্রেসিডেন্ট।

এই ঘটনা মার্কিন কংগ্রেসেও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। হুয়াংয়ের সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের সংবেদনশীল তথ্য ফাঁস হয়েছে কি না এবং রপ্তানি নিষেধাজ্ঞার আওতায় থাকা চিপ চীন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পাওয়ার মতো কোনো সিদ্ধান্ত নেয়া হয়েছিল কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন উভয় দলের আইনপ্রণেতারা। এছাড়া প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে হুয়াংয়ের যোগাযোগ এবং চীনের প্রতি মার্কিন চিপ রপ্তানি নীতি সংক্রান্ত নথিপত্র ও চিঠিপত্র সংরক্ষণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট সিনেটররা।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ফোনালাপের বিষয়ে বক্তব্য জানতে চাওয়া হলেও হুয়াংয়ের প্রতিনিধি কোনো সাড়া দেননি। ট্রাম্প এবং হোয়াইট হাউসও এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। এই ঘটনা এখন কেবল বৈশ্বিক প্রযুক্তি খাতের অন্যতম ক্ষমতাধর এক ব্যক্তির আচরণকেই প্রশ্নের মুখে ফেলেনি, বরং চীনা গুপ্তচরবৃত্তির সতর্কবার্তা পাওয়ার পরও তাকে ব্যক্তিগত সমর্থন দিয়ে যাওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তকেও নজরদারির মুখে ফেলেছে।

এএম