আত্মসমর্পণ নয়, হামলা হলে পাল্টা আঘাতের প্রস্তুতি ইরানের

ইরানের তেহরানের একটি রাস্তা
বিদেশে এখন
0

ইরানকে অবরুদ্ধ কিংবা আত্মসমর্পণে বাধ্য করা যাবে না বলে সাফ জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। হুঁশিয়ারি দেন, কূটনৈতিক আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পাঁয়তারা করলে শুরুতে আক্রমণ চালাবে তেহরান। এদিকে, যুদ্ধ নিয়ে তেহরানের কঠোর অবস্থানের মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরী। ভিন্ন ফ্রন্ট ইয়েমেনের এডেন শহরের কাছে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জন নিহত হয়েছেন। হামলা হয়েছে রিয়াদের কিং খালিদ বিমানবন্দরেও।

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে দুই দফায় হামলা আর নিজেদের ক্ষেপণাস্ত্র প্রদর্শন আর বেসামরিক নাগরিকদের যুদ্ধের প্রশিক্ষণের মাধ্যমে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে ক্রমাগত নিজেদের সামরিক প্রস্তুতির বার্তা দিচ্ছে তেহরান।

এরই ধারাবাহিকতায় টেলিভিশন সাক্ষাৎকারে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি দাবি করেন, কূটনৈতিক আলোচনার আড়ালে ইরানে হামলা চালানোর ছক কষছে যুক্তরাষ্ট্র। এমনটা হলে আর অপেক্ষায় না থেকে ইরানই প্রথম আক্রমণ চালাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, কিউবা কিংবা ভেনেজুয়েলার মতো চাইলেই ইরানকে অবরুদ্ধ কিংবা আত্মসমর্পণে বাধ্য করা যাবে না।

ইরানের উপ- পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, ‘গেল দেড় বছরে অন্তত তিনবার ইরানের কাছে দেয়া শর্ত ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। এর আগেও ২ বার আলোচনার মধ্যেই তেহরানের রক্তক্ষয়ী হামলা চালিয়েছে ওয়াশিংটন। তাই যুক্তরাষ্ট্রকে আলোচনা টেবিলে ভরসা করার কোনো মানেই হয় না।’

আরও পড়ুন:

আর যেসব দেশ ইরানে হামলায় যুক্তরাষ্ট্র- ইসরাইলকে সহায়তা করছে তারা এর পরিণতির জন্য দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ইসমাইল বাঘাই।

ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘উপসাগরীয় অঞ্চলের যেসব দেশ জায়নবাদীদের ইরানে হামলায় সহায়তা করেছে; তার তালিকা আমাদের কাছে আছে। দেশগুলোকে অবশ্যই এর পরিণতি ভোগ করতে হবে।’

যুদ্ধ নিয়ে তেহরানের কড়া অবস্থানের মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট। নতুন রণতরীটি ইরানে চলমান নৌ- অবরোধ কার্যকরে মার্কিন নৌবাহিনীকে সহায়তা করবে। আর নিউইয়র্ক টাইমসের খবর, ইরানের অর্থনৈতিক অবকাঠামোগুলোতে হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র- ইসরাইল।

ভিন্ন ফ্রন্ট ইয়েমেনেও ভয়াবহ হচ্ছে যুদ্ধ। সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এডেন দখলে অগ্রসর হচ্ছে হুথিরা। এরই মধ্যে এডেনের নিকটবর্তী শহর আল- মাদারিবাহ দখলে নিয়েছে বিদ্রোহীরা। এডেন থেকে ৬০ কিলোমিটার দূরে ক্যাম্পও স্থাপন করেছেন তারা।

নতুন দফায় বিমান হামলার খবর পাওয়া গেছে ইয়েমেনের হোদেইদা বিমানবন্দর ও তাইজ প্রদেশে। আর রিয়াদের কিং খালিদ বিমানবন্দর, আর্থিক প্রতিষ্ঠান ও দুটি জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করেছে হুথিরা।

এফএস