ভোটার তালিকা থেকে বাদ পড়ে নাগরিকত্ব হারানোর আতঙ্কে মুসলিম ভারতীয়রা!

নাগরিকত্ব হারানোর আতঙ্কে মুসলিম ভারতীয়রা
বিদেশে এখন
0

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় বিতাড়নের মুখে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় মুসলিম। নাগরিকত্ব হারানোর আতঙ্কে দেশটির সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষ; এমনকি নথিপত্র না থাকা অভিবাসীদের জন্য আটককেন্দ্রও করা হয়েছে। অভিযোগ উঠেছে, ভোটার তালিকা সংশোধনকে অবৈধ অভিবাসী শনাক্ত-বিতাড়ন অভিযানের সঙ্গে জুড়ে দিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

সম্প্রতি ভারতে ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে দেশজুড়ে প্রায় ১৩ কোটি ভোটারের নাম। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দেশটির বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমরা এ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অভিযোগ উঠেছে, এ তালিকা থেকে নাম বাদ পড়া অনেক ভারতীয় মুসলিম বিতাড়নের মুখে। অনেকেই আবার নাগরিকত্ব হারানোর আতঙ্কে আছেন।

সম্প্রতি বিষয়টি নিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে এ সংশ্লিষ্ট আরও অনেক তথ্য প্রকাশ পেয়েছে।

রয়টার্সের এ প্রতিবেদনে পশ্চিমবঙ্গের স্বরূপনগরের বাসিন্দা ৩৮ বছর বয়সী সাহিদা ফকিরের করুণ অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। রয়টার্সের দাবি, গত ১৯ জুলাই মুম্বাই থেকে সাদা পোশাকের পুলিশ তাকে আটক করে। পরে সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশে পাঠানো হয়। বর্তমানে তিনি বাংলাদেশের সাতক্ষীরায় আশ্রয় নিয়ে স্বামী ও দুই সন্তান থেকে বিচ্ছিন্ন জীবন কাটাচ্ছেন। চলছে আইনী প্রক্রিয়া।

রয়টার্সের ভাষ্য, সাহিদা ফকির বংশপরম্পরায় ভারতীয় নাগরিকত্ব। তার বাবা ও দাদা ১৯৫২ সালে ভারতের প্রথম জাতীয় নির্বাচন থেকেই পশ্চিমবঙ্গের নিবন্ধিত ভোটার ছিলেন। সাহিদা নিজেও ২০০৮ সাল থেকে ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন।

মুম্বাইয়ে আটক ও বাংলাদেশে নির্বাসিত ভারতীয় নাগরিক সাহিদা ফকির বলেন, ‘আটকের এক ঘণ্টা পর তারা ফোনে আমার ছেলেকে বলল, “তোমার মা মারা গেছেন, তোমার আর তার খোঁজখবর নেয়ার দরকার নেই।” মুম্বাইয়ের চেম্বুর ক্যাম্পে পৌঁছে অনেক মারাঠি ও বাংলাদেশি দেখলাম। তাদের জানালাম, আমি বাংলাদেশি নই। আমি একজন ভারতীয় নাগরিক,আমার কাছে সব কাগজপত্র আছে। ক্যাম্পে কিছু বাংলাদেশিরাও ছিলো। কিন্তু ৩ থেকে ৪ লাখ রুপি ঘুষ নিয়ে ছেড়ে দেয়া হয়। আর আমি কোনো ভুল করিনি। পাশাপাশি আমি একজন ভারতীয় নাগরিক, তাহলে আমি কেন ঘুষ দেবো?’

সাহিদা ফকিরের স্বামী জুম্মান বলেন, ‘আমার শ্বশুরবাড়ির লোক সবাই এখানে থাকেন। আমার শ্বশুরমশাইয়ের ভাই-বোনসহ তার পরিবারের সবাই এখানে থাকেন। তার কবরও এখানে। এমনকি আমার শ্বশুরের বাবার কবরও এখানে। তার পৈতৃক জমিও এখানে। এই বাড়িগুলো তাদের পরিবারের।’

রয়টার্স এরকম আরও অন্তত ১০ পরিবারের সাক্ষাৎকার নিয়েছে, যাদের সদস্যদের ভারতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর আটক করে বাংলাদেশে পাঠানো হয়েছে বা নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

রয়েছে ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র। যেখানে মারাঠি এবং বাংলাভাষী আটক রাখার দাবি করেছে রয়টার্স। প্রতিবেদনে পশ্চিমবঙ্গকে বাংলাভাষী মুসলিমদের ধরপাকড়ের মূল কেন্দ্রবিন্দুও বলা হয়। যদিও পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশ রাজ্যে ডিটেনশন ক্যাম্প থাকার বিষয়টি অস্বীকার করেছে।

মানবাধিকার কর্মীদের বরাতে রয়টার্স জানায়, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে বিশেষ ট্রাইব্যুনালে লাখ লাখ মামলা জমেছে। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে অসংখ্য পরিবার চরম অনিশ্চয়তা ও নাগরিকত্ব হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছে।

এসএইচ