ইনসাইড ডয়চে ব্যাংক নামের এক বৈশ্বিক অনুসন্ধানের অংশ হিসেবে বিশ্বের ৫০টির বেশি দেশের অর্ধশতাধিক সংবাদমাধ্যমের দুই শতাধিক সাংবাদিক কয়েক মাস ধরে এই বিশাল নথির ভান্ডার পরীক্ষা করেছেন। ব্যাংকের ভেতরের দুজন তথ্যফাঁসকারী বা হুইসেলব্লোয়ার ভারতীয় সাংবাদিক যোশি জোসেফ এবং দক্ষিণ আফ্রিকার সাংবাদিক খাদিজা শরিফের কাছে এই নথিগুলো তুলে দেন। তথ্য বিশ্লেষণ ও বিশ্বজুড়ে সাংবাদিকদের মধ্যে তা ভাগ করে দিতে ব্যারাকুডা মিডিয়া নামের একটি অলাভজনক প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়। পরিচয় গোপন রাখা ওই দুই হুইসেলব্লোয়ারের আইনজীবী নিশ্চিত করেছেন, সাংবাদিকদের পাশাপাশি মার্কিন বিচার দপ্তর, যুক্তরাষ্ট্রের ফিন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক এবং যুক্তরাজ্যের এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমসের কাছেও এসব নথি দেয়া হয়েছে।
টানা কয়েকটি কেলেঙ্কারিতে সুনাম ক্ষুণ্ন হওয়ার পর ২০১৮ সালে ক্রিস্টিয়ান সেউইং যখন ডয়চে ব্যাংকের প্রধান নির্বাহী হন, তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিষ্ঠানটি এবার বদলে যাবে—হবে আরও স্থিতিশীল এবং ‘কিছুটা একঘেয়ে’। কিন্তু ফাঁস হওয়া নথিগুলো দেখাচ্ছে, বিশাল এক কমপ্লায়েন্স বা নিয়ম পরিপালন ব্যবস্থা গড়ে তুললেও মুনাফার লোভে বারবার নিজস্ব নিয়ম ভেঙেছে ব্যাংকটি। সব ক্ষেত্রেই একটি নির্দিষ্ট ধারা দেখা গেছে: কোনো লেনদেন নিয়ে সতর্কবার্তা আসে, কমপ্লায়েন্স দল উদ্বেগ জানায়, নির্বাহীরা ঝুঁকি নিয়ে বিতর্ক করেন এবং শেষ পর্যন্ত ব্যাংক ব্যবসা চালিয়ে যাওয়ার একটি অজুহাত খুঁজে নেয়।
এপস্টেইন, আল-কায়েদার অর্থায়নকারী ও ঝো লো
অপ্রাপ্তবয়স্কের কাছ থেকে যৌন সুবিধা নেয়ার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার কয়েক বছর পর ২০১৩ সালে জেফরি এপস্টেইনকে গ্রাহক হিসেবে গ্রহণ করে ডয়চে ব্যাংক। ফাঁস হওয়া নথিতে দেখা যায়, পরে এপস্টেইন ও তার চক্রের প্রায় ৬০ কোটি ডলারের সন্দেহজনক লেনদেন শনাক্ত করে ব্যাংকটি, যা আগে প্রকাশ্যে আসা অঙ্কের দ্বিগুণের বেশি। এ বিষয়ে ডয়চে ব্যাংক বলেছে, ২০১৩ সালে এপস্টেইনকে গ্রাহক হিসেবে যুক্ত করার ভুল তারা স্বীকার করে এবং তার সঙ্গে অতীত সম্পর্কের জন্য অনুতপ্ত।
ব্যাংকটির গ্রাহকদের মধ্যে এমন একটি প্রতিষ্ঠানও ছিল, যার চূড়ান্ত মালিকানা ছিল আল-কায়েদার সম্ভাব্য অর্থদাতাদের বিখ্যাত ‘গোল্ডেন চেইন’ তালিকায় নাম থাকা এক সৌদি ব্যবসায়ীর হাতে। এছাড়া তৃতীয় পক্ষের করেসপনডেন্ট ব্যাংক হিসেবে সিরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রয়াত রিফাত আল-আসাদের (১৯৮২ সালে হামা শহরে রক্তক্ষয়ী দমন-পীড়নের জন্য যিনি হামার কসাই নামে পরিচিত) সংশ্লিষ্ট লেনদেন সম্পন্ন করতেও সহায়তা করেছে ডয়চে ব্যাংক। আল-আসাদের লেনদেন প্রসঙ্গে ব্যাংকটি জানিয়েছে, ২০২২ সালেই বিষয়টি নিষ্পত্তি হয়েছে এবং দুটি সন্দেহজনক কার্যক্রমের প্রতিবেদন (এসএআর) দিতে দেরি হওয়ায় তারা ৭০ লাখ ১০ হাজার ইউরো জরিমানা দিয়েছে। তবে গোল্ডেন চেইন তালিকার ওই ব্যক্তি সম্পর্কে কোনো মন্তব্য করেনি ব্যাংকটি।
২০১৫ সালে মালয়েশিয়ার অর্থলগ্নিকারী ঝো লোর বিরুদ্ধে গণমাধ্যমে নেতিবাচক খবর এবং ব্যাংকের নিজস্ব সতর্কবার্তা থাকা সত্ত্বেও তার সংশ্লিষ্ট লাখ লাখ ডলারের লেনদেন চালু রাখে ডয়চে ব্যাংক। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবি থেকে সাড়ে ৪০০ কোটি ডলারের বেশি অর্থ চুরি ও পাচারের কেলেঙ্কারির মূলহোতা এই ঝো লো। এই তহবিল সরানোর ঘটনায় ডয়চে ব্যাংকের মালয়েশিয়া শাখার বিরুদ্ধে মামলা করেছে ওয়ানএমডিবি।
নিজস্ব ব্যবস্থার ব্যর্থতা ও গুপ্তা ভ্রাতৃদ্বয়
২০০০ সাল থেকে এ পর্যন্ত বন্ধকি সিকিউরিটিজ, সুদের হার কারসাজি, রুশ মিরর ট্রেড এবং অর্থ পাচার রোধে ব্যর্থতাসহ নানা অনিয়মের দায়ে ২ হাজার কোটি ইউরোর বেশি জরিমানা দিয়েছে ডয়চে ব্যাংক। এক অভ্যন্তরীণ নথিতে দেখা যায়, ব্যাংকটির সুনাম একপর্যায়ে এতটাই তলানিতে ঠেকে যে বিএমডব্লিউর শতকোটিপতি উত্তরাধিকারী সুজানে ক্লাটেন দুর্নামের কারণে ব্যাংকটির একটি আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন। অবশ্য ক্লাটেন এমন আমন্ত্রণ প্রত্যাখ্যান বা ব্যাংকটি সম্পর্কে এমন শব্দ ব্যবহারের কথা অস্বীকার করেছেন।
ফাঁস হওয়া নথি বলছে, ২০১৯ সালে ব্যাংকের কর্মীরা সাইপ্রাস, যুক্তরাজ্য, হংকং ও ইউক্রেনের বিভিন্ন কোম্পানির মাধ্যমে শত শত কোটি ইউরো পাচারের এক বিশাল চক্রের সন্ধান পান। ব্যাংকের নজরদারি ব্যবস্থা এর খণ্ডিত কিছু অংশ ধরতে পারলেও মূল চিত্রটি ধরতে ব্যর্থ হয়েছিল। প্রায় তিন বছর পর একজন কর্মী এই ধারাটি শনাক্ত করেন। তখন এক ব্যবস্থাপক মন্তব্য করেছিলেন, ‘আমাদের সিস্টেম স্পষ্টভাবেই এটি শনাক্ত করতে ব্যর্থ হয়েছে।’
কলম্বিয়ায় প্রজেক্ট ক্যালি নামের এক অভ্যন্তরীণ তদন্তে দেখা যায়, ২০১৯ সালে অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন কোম্পানির হাজার হাজার লেনদেন সম্পন্ন করেছে ব্যাংকটি। সন্দেহজনক পথে কলম্বিয়ার নারীদের কাছে এই অর্থ পাঠানো হলেও বেশির ভাগ লেনদেনের তথ্য কর্তৃপক্ষকে জানানো হয়নি। পরে অন্তত আটটি কোম্পানিকে অর্থ পাচার এবং একটিকে সংঘবদ্ধ অপরাধের জন্য চিহ্নিত করে ২৩০টি প্রতিবেদন দাখিল ও লেনদেন বন্ধ করা হয়, কিন্তু ততক্ষণে লাখ লাখ ডলার হাতবদল হয়ে গেছে।
এছাড়া ২০১৫ সাল থেকে সিঙ্গাপুরভিত্তিক জাংবো গ্রুপের শত শত কোটি ডলারের লেনদেনে সহায়তা করেছে ডয়চে ব্যাংক। এর মধ্যে দক্ষিণ আফ্রিকায় ব্যাপক দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুটের ঘটনায় অভিযুক্ত গুপ্তা ভ্রাতৃদ্বয়ের ঘুষের অর্থ পাচারে অভিযুক্ত তিনটি কোম্পানির সঙ্গে জাংবো গ্রুপের লেনদেনও ছিল। দক্ষিণ আফ্রিকায় গুপ্তা ভ্রাতৃদ্বয়ের বিরুদ্ধে জনবিক্ষোভ চলার মধ্যেও ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত জাংবো নেটওয়ার্কের মাধ্যমে প্রায় ৬৭ কোটি ৫০ লাখ ডলার সরানোর সুযোগ দেয়া হয়। ২০১৯ সালের ডিসেম্বরে বাইরের একজন হুইসেলব্লোয়ারের অভিযোগের পর বিষয়টি খতিয়ে দেখে ব্যাংক এবং ২০২১ সালে জাংবোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রক্রিয়া শুরু করে। তবে জাংবো গ্রুপ দাবি করেছে, গুপ্তাদের সঙ্গে লেনদেনের কারণে তাদের হিসাব বন্ধ হয়নি এবং ২০২২ সাল পর্যন্ত ডয়চে ব্যাংক তাদের প্রধান ব্রোকার ছিল।
এদিকে লেনদেনের তথ্যে স্পষ্টভাবে ‘উত্তর কোরিয়া’ শব্দটি লেখা থাকা সত্ত্বেও দেশটির সন্দেহভাজন ছদ্মবেশী কোম্পানিগুলোর লেনদেন ব্যাংকের নজরদারিতে ধরা পড়েনি।
মুনাফার ক্ষুধা ও স্বজনপ্রীতি
অনেক ক্ষেত্রে অদক্ষতা নয়, বরং ব্যবসার ক্ষুধাই ছিল মূল সমস্যা। ফাঁস হওয়া এক ইমেইলে তৎকালীন ব্যবস্থাপনা বোর্ডের সদস্য ক্রিস্টিয়ান সেউইং অভিযোগ করেছিলেন, গ্রাহকের পরিচয় ও অর্থের উৎস জানার মৌলিক বিধান বা কেওয়াইসি (নো ইয়োর কাস্টমার) ব্যাংকের আয়ের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। অবশ্য ব্যাংকটি সেউইংয়ের বিরুদ্ধে এই ইঙ্গিতকে ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।
নথিতে দেখা যায়, কাজাখস্তানের সাবেক প্রেসিডেন্টের শতকোটিপতি জামাতা তিমুর কুলিবায়েভের সম্পদের মূল উৎসের বৈধতা নিয়ে ব্যাংকের দীর্ঘদিনের উদ্বেগ এবং দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও ২০০৬ সাল থেকে তাকে গ্রাহক হিসেবে রাখা হয়। ২০২০ সালের জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের একটি হিসাব থেকে কুলিবায়েভের হিসাবে আসা ১ কোটি ৫০ লাখ ডলারের সন্তোষজনক ব্যাখ্যা না পেয়ে অর্থটি আটকে দেয় ডয়চে ব্যাংক। কিন্তু তার কয়েক সপ্তাহ পরই লুক্সেমবার্গে তার স্ত্রীর নামে নতুন হিসাব খোলার প্রক্রিয়া শুরু করেন ব্যাংক কর্মীরা। কুলিবায়েভের আইনজীবী অবশ্য কোনো ধরনের অনিয়ম বা সম্পদের উৎস গোপন করার কথা অস্বীকার করেছেন।
আবার কানাডার মহাকাশ ও প্রতিরক্ষা প্রতিষ্ঠান বোম্বার্ডিয়ার নিষিদ্ধ ও বিশেষ ঝুঁকিপূর্ণ দেশে ব্যবসা করা সত্ত্বেও দীর্ঘদিনের সম্পর্কের অজুহাতে প্রতিষ্ঠানটির সহযোগী সংস্থাগুলোর ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা-ঝুঁকি পর্যালোচনা না করে কেবল অনানুষ্ঠানিক পর্যালোচনা করে ব্যাংকটি।
নিয়োগ প্রক্রিয়াতেও ছিল চরম নমনীয়তা। যোগ্যতার পরীক্ষায় অকৃতকার্য হওয়া সত্ত্বেও প্রভাবশালী রাজনীতিক ও সরকারি কর্মকর্তাদের সন্তানদের চাকরি দিয়েছে ডয়চে ব্যাংক। ২০১০ সালে রাশিয়ার উপ-অর্থমন্ত্রীর ছেলে আলেক্সেই স্তোরচাককে নিয়োগ দেয়া হয়, যিনি পরে বন্ড ছাড়া সংক্রান্ত গোপন তথ্য সহকর্মীদের সরবরাহ করেছিলেন। বিদেশি সরকারি কর্মকর্তাদের স্বজনদের নিয়োগ দেয়ার মাধ্যমে সংশ্লিষ্ট লেনদেন থেকে ব্যাংকটি প্রায় ১৯ কোটি ডলার আয় করেছে বলে অভ্যন্তরীণ হিসাবে দেখা গেছে। এই নিয়োগ কর্মসূচির জেরে ২০১৯ সালে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে ১ কোটি ৬১ লাখ ডলার জরিমানা দিয়ে সমঝোতা করে ব্যাংকটি।
‘ভালো ও খারাপ অলিগার্ক’ এবং জলবায়ু প্রতিশ্রুতির ভঙ্গুরতা
২০১৪ সালে পুতিন ক্রিমিয়া দখল করার পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রুশ গ্রাহকদের বাছাই করতে গিয়ে ‘ভালো ও খারাপ অলিগার্ক’ নামের তালিকা তৈরি করে ব্যাংকটি। ফাঁস হওয়া নথিতে দেখা যায়, পুতিন-ঘনিষ্ঠ ধনকুবের ওলেগ দেরিপাস্কা এবং রোমান আব্রামোভিচের বিস্তৃত তথ্য এতে রয়েছে। নিষেধাজ্ঞার কবলে থাকা বা রাজনৈতিকভাবে প্রভাবশালী রুশদের বারবার সুবিধা দিয়েছে ব্যাংকটি। এমনকি চলতি বছরের জানুয়ারিতেও আব্রামোভিচ-সংশ্লিষ্ট লেনদেনের তদন্তে ডয়চে ব্যাংকের ফ্রাঙ্কফুর্ট সদর দপ্তরে তল্লাশি চালিয়েছেন জার্মান তদন্তকারীরা। যদিও আব্রামোভিচের আইনজীবীদের দাবি, এই তল্লাশির ঘটনায় তাদের মক্কেলের বিরুদ্ধে কোনো তদন্ত চলছে না বলে জার্মান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
করেসপনডেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ডানস্কে ব্যাংকের এস্তোনিয়া শাখার আন্তর্জাতিক লেনদেনেও সহায়তা করেছিল ডয়চে ব্যাংক। ২০০৭ থেকে ২০১৫ সালের মধ্যে ওই শাখা দিয়ে প্রায় ২০ হাজার কোটি ইউরো প্রবাহিত হয়, যার বড় অংশই ছিল রাশিয়া ও সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর গ্রাহকদের। সন্দেহজনক লেনদেনের তথ্য সময়মতো না জানানোয় ২০২০ সালে ডয়চে ব্যাংককে ১ কোটি ৩৫ লাখ ইউরো জরিমানা করে জার্মান কর্তৃপক্ষ। ব্যাংকটির আর্থিক অপরাধ দমন বিভাগের সাবেক প্রধান উলরিখ গোরেস বলেন, ঝুঁকিপূর্ণ দেশ ও শিল্পের ব্যাংকিংয়ে বেশি মাশুল বা ফি আদায় করা যায় বলেই ব্যাংকগুলো এটি করে।
জলবায়ু ও মানবাধিকারের প্রশ্নেও ব্যাংকটির অবস্থান ছিল নমনীয়। ২০২০ সালে আর্কটিক অঞ্চলে নতুন তেল-গ্যাস প্রকল্পে অর্থায়ন না করার প্রতিশ্রুতি দেয়ার কয়েক মাস পরই রুশ আর্কটিক ভোস্তক অয়েল প্রকল্পে পণ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান ট্রাফিগুরার দেড়শ কোটি ইউরোর লেনদেন সম্পন্ন করে তারা। যুক্তি দেয়া হয়, তারা নিজে অর্থায়ন করেনি, লেনদেন প্রক্রিয়াকরণ করেছে মাত্র। আবার ২০২১ সালে সেউইং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেয়ার পরও রাশিয়ার উস্ত-লুগায় বহুজাতিক রাসায়নিক প্রতিষ্ঠান লিন্ডের বিশাল গ্যাস প্রকল্পে অভ্যন্তরীণ বিশেষজ্ঞদের আপত্তি উপেক্ষা করে অনুমোদন দেয়া হয়। বাণিজ্য অর্থায়ন বিভাগের প্রধান তখন বলেছিলেন, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের এই কাজটি পেতেই হবে।’ এছাড়া মিয়ানমারে সামরিক জান্তার পরোক্ষভাবে উপকৃত হওয়ার সতর্কবার্তা সত্ত্বেও ২০২২ সালের ফেব্রুয়ারিতে দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান এমওজিইর ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের ঠিক আগমুহূর্তে মিয়ানমারে কাজের জন্য জ্বালানি জায়ান্ট হ্যালিবার্টনের ব্যাংক গ্যারান্টি বাড়ানোর অনুমোদন দেয় ডয়চে ব্যাংক।
ট্রাম্পকে ঘিরে ‘নভুস অর্ডো’ ও তথ্য ফাঁস
২০১৬ সালের ৮ নভেম্বর ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এক নজিরবিহীন পরিস্থিতিতে পড়ে ডয়চে ব্যাংক। নবনির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন ব্যাংকটির অন্যতম বিতর্কিত ঋণগ্রহীতা। তাকে ঘিরে ‘নভুস অর্ডো’ বা ‘নতুন ব্যবস্থা’ সাংকেতিক নামে একটি বিশেষ প্রকল্প খোলে ব্যাংকটি। ট্রাম্প-সংক্রান্ত নথিপত্র সুরক্ষিত করা হয় এবং যোগাযোগ এনক্রিপ্ট করা হয়। এর আগে আর্থিক সংকটের সময় শিকাগো টাওয়ারের ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে উল্টো ডয়চে ব্যাংকের বিরুদ্ধেই ৩০০ কোটি ডলারের মামলা ঠুকে দিয়েছিলেন ট্রাম্প।
২০১৬ সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্ত চলাকালে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটরা জানতে চেয়েছিলেন, ট্রাম্পের ঋণের পেছনে রুশ কোনো গ্যারান্টি ছিল কি না। ২০১৯ সালে ব্যাংকের নিউ ইয়র্ক শাখার এক ইমেইলে বলা হয়, ট্রাম্পের ব্যবসার সঙ্গে রাশিয়ার কোনো ব্যাংক-সংশ্লিষ্ট যোগসূত্র পাওয়া যায়নি। কিন্তু ২০২০ সালে ব্যাংকের মার্কিন আর্থিক অপরাধ গোয়েন্দা ইউনিটের তৎকালীন পরিচালক ব্রায়ান হ্যাগারটির এক মেমোতে ট্রাম্পের মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান—ডিটি মার্কস বাকু এলএলসি এবং টিএইচসি বাকু সার্ভিসেস এলএলসির লেনদেনের উল্লেখ পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটি ডয়চে ব্যাংকের গ্রাহক না হলেও তাদের লেনদেনের সঙ্গে কুখ্যাত রুশ ও আজারবাইজানি অর্থ পাচার চক্রের (লন্ড্রোম্যাট) সম্ভাব্য যোগসূত্র নিয়ে অভ্যন্তরীণ উদ্বেগ তৈরি হয়েছিল। মেমোতে বলা হয়, ২০১৮ সালে রুশ লন্ড্রোম্যাট চক্রের সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠানের সঙ্গে টিএইচসি বাকু সার্ভিসেসের একটি লেনদেন সন্দেহজনক কার্যক্রমের প্রতিবেদনে (এসএআর) অন্তর্ভুক্ত করা হয়েছিল।
সাংবাদিকেরা আরও দেখতে পেয়েছেন, ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদের সময় ডয়চে ব্যাংকের এক কর্মী ভুলবশত বাইরের এক পক্ষের কাছে ১ হাজার ৫৮৬ জন গ্রাহকের আর্থিক তথ্যের একটি লিংক পাঠিয়ে দেন। এর মধ্যে তিনটি হিসাব ছিল সদ্য দায়িত্ব নেয়া প্রেসিডেন্ট ট্রাম্পের, যেগুলোকে অভ্যন্তরীণভাবে ‘ডিটি’ এবং ‘ডিজেটি’ নামে উল্লেখ করা হতো। ব্যবস্থাপকেরা আলোচনার পর সিদ্ধান্ত নেন যে তথ্য ফাঁসের এই ঘটনা ট্রাম্পকে জানানোর প্রয়োজন নেই। এক ব্যবস্থাপক একে ‘চমৎকার ফলাফল’ বলে অভিহিত করেন এবং প্রধান নির্বাহী সেউইং কেবল ‘ওকে’ লিখে বিষয়টির নিষ্পত্তি অনুমোদন করেন।
ডয়চে ব্যাংকের বক্তব্য
ফাঁস হওয়া নথিতে উঠে আসা বিস্তৃত অভিযোগের জবাবে ডয়চে ব্যাংক বলেছে, সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো অনেক বছর, এমনকি কিছু ক্ষেত্রে কয়েক দশক আগের। প্রাসঙ্গিক ক্ষেত্রে সে সময়ই বিষয়গুলো পর্যালোচনা করা হয়েছে এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা করা হয়েছে।
ব্যাংকটি বলেছে, ‘আজ আমরা এক ভিন্ন ব্যাংক। ক্রিস্টিয়ান সেউইংয়ের নেতৃত্বে ডয়চে ব্যাংক এক মৌলিক রূপান্তরের মধ্য দিয়ে গেছে।’ ব্যাংকটি জানায়, ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে তারা নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন ও প্রযুক্তিতে ৭০০ কোটি ইউরো বিনিয়োগ করেছে এবং ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তন এনেছে। তবে ট্রাম্প, দেরিপাস্কা, ঝো লো বা থাইল্যান্ডের রাজা দশম রসহ ব্যক্তিগত গ্রাহকদের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ব্যাংকটি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কেবল চলতি বছরেই ব্যাংকটির বিভিন্ন কার্যালয়ে অন্তত চারবার তল্লাশি চালানো হয়েছে। বছরের পর বছর ধরে নিয়ন্ত্রক সংস্থা, গ্রাহক এবং জনগণ কতটুকু দেখতে পাবে, তা ডয়চে ব্যাংক নিজেই ঠিক করে দিত। দেড় কোটি নথি ফাঁসের মধ্য দিয়ে সেই যুগের অবসান ঘটলো।
—দ্য ডনের প্রতিবেদনে অবলবনে





