সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কির পোস্ট করা ভিডিও ও ছবিতে দেখা গেছে, ক্রিমিয়া সেতুর মূল সড়কপথের খিলান বা আর্চটি ভেঙে কের্চ প্রণালিতে পড়েছে, যার ফলে নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে ওই ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি। জেলেনস্কি জানিয়েছেন, নজিরবিহীন এক অভিযানের মাধ্যমে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা ধাপে ধাপে ধ্বংস করার পর সেতুটিতে এই হামলা চালানো হয়।
ক্রিমিয়ায় রাশিয়ার নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ জানিয়েছেন, এই হামলায় দুজন নিহত হয়েছেন এবং ১৯ কিলোমিটার (১২ মাইল) দীর্ঘ সড়ক ও রেল সেতুটি দিয়ে যান চলাচল স্থগিত করা হয়েছে। এক্সে দেয়া পোস্টে জেলেনস্কি বলেন, ‘রাশিয়া প্রতিদিন সেতুসহ আমাদের অবকাঠামোতে আঘাত হানছে। আমরা রাশিয়াকে মনে করিয়ে দিচ্ছি যে যুদ্ধ সব সময় সেখানেই ফিরে যায়, যেখান থেকে তা শুরু হয়েছিল।’ ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছেন, শক্তিশালী আঘাতে সেতুর সড়ক অংশের খিলান ও একটি স্প্যান ধসে পড়েছে। তবে সেতুর রেল অংশের খিলান ক্ষতিগ্রস্ত হলেও সেটি এখনো টিকে আছে।
২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখলের পর নির্মিত এই সেতুটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম প্রধান প্রকল্প হিসেবে পরিচিত। ক্রিমিয়া সেতুর ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়া হয়নি। তবে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, হামলার বিষয়ে প্রেসিডেন্টকে অবহিত করা হয়েছে। রুশ তদন্তকারীরা সেতুর কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছেন। পেসকভ বলেছেন, সেতুটি মেরামতের পরিকল্পনা তৈরি করা হবে এবং এটি আগের চেয়ে আরও মজবুত হয়ে ঘুরে দাঁড়াবে। সংক্ষিপ্ত বিরতির পর মঙ্গলবার সেতুটি দিয়ে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে এবং গাড়িচালকদের কের্চ প্রণালি পারাপারে ফেরি ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।
ইউক্রেনে রুশ বাহিনীর রসদ সরবরাহের প্রধান পথ ছিল এই সেতু, যদিও বর্তমানে দক্ষিণ ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত স্থল করিডরের ওপরই বেশি নির্ভর করে দেশটির সেনাবাহিনী। আজভ সাগরে বাণিজ্যিক জাহাজ প্রবেশ ও বের হওয়ার চ্যানেলের ওপর অবস্থিত হওয়ায় অঞ্চলটির শস্য রপ্তানি নেটওয়ার্কের জন্যও সেতুটি গুরুত্বপূর্ণ। পরামর্শক প্রতিষ্ঠান সোভেকনের আন্দ্রেই সিজভ বলেন, চ্যানেল থেকে ধ্বংসস্তূপ সরাতে হবে বলে সেতুর এই ধস আজভ সাগর থেকে ভবিষ্যতে জাহাজ চলাচল পুনরায় শুরু করার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে পারে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিন পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন বেশ কয়েকবার সেতুটিতে হামলা চালিয়েছে। এর মধ্যে ২০২২ সালের অক্টোবরে এক ট্রাক বোমা হামলায় চারজন নিহত হয়েছিলেন এবং কয়েক মাসের জন্য সেতুটির সক্ষমতা সীমিত হয়ে পড়েছিল। রুশ সামরিক ব্লগারদের মতে, রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন করতেই এই হামলা চালানো হয়েছে এবং এতে উপদ্বীপটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থার দুর্বলতা ফুটে উঠেছে।
রাতভর চালানো এই হামলাটি ছিল ২০২২ সালে সংঘাত শুরুর পর থেকে রাশিয়ার ওপর ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলার অংশ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ২২টি অঞ্চলের আকাশ থেকে ইউক্রেনের ১ হাজার ৪৪১টি ড্রোন ভূপাতিত করেছে, যা সোমবারের ১ হাজার ৩৩৬টি ড্রোন ভূপাতিত করার রেকর্ডকে ছাড়িয়ে গেছে। রাশিয়ার বাশকোরতোস্তান অঞ্চলের তেল শোধনাগারসমৃদ্ধ শিল্পনগরী উফা ও সালাভাতে বড় ধরনের ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করার কথা জানিয়েছে রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, মস্কো অঞ্চলের দিকে প্রায় ৮০০টি ইউক্রেনীয় ড্রোন ছুটে এসেছিল, যার মধ্যে রাজধানীতে যাওয়ার পথেই ৩২১টি ভূপাতিত করা হয়।
নয় মাস পর গত সপ্তাহে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা এবং পুতিন ও জেলেনস্কির সঙ্গে মার্কিন দূতদের পৃথক বৈঠক সত্ত্বেও এই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। গত সপ্তাহের আলোচনায় কিয়েভ ও মস্কো বড় ধরনের বন্দিবিনিময়ে সম্মত হলেও ভূখণ্ডসহ বৃহত্তর ইস্যুতে কোনো অগ্রগতি হয়নি। ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে থাকলেও যুদ্ধক্ষেত্রের সম্মুখসারি কয়েক মাস ধরে প্রায় অপরিবর্তিত রয়েছে। এদিকে বুধবার চীন সফর শুরু করছেন পুতিন, যেখানে সপ্তাহের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে বসবেন তিনি।
অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভেও রাতভর দফায় দফায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, রাশিয়া রাজধানীর নর্থ ও সাউথ সেতুতে আঘাত হেনেছে এবং মেট্রো ব্যবস্থার আংশিক ক্ষতি করেছে। পরে মস্কোও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এই হামলায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ইউক্রেনের উপ-জ্বালানিমন্ত্রী আর্তেম নেক্রাসভ জানিয়েছেন, জ্বালানি অবকাঠামোতে রাতভর রুশ হামলায় দিনিপ্রোপেত্রোভস্ক, দোনেৎস্ক, জাপোরিঝঝিয়া, মাইকোলাইভ, ওডেসা, সুমি, চেরনিহিভ ও চেরনিভৎসি—এই আটটি অঞ্চলের গ্রাহকেরা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। তিনি বলেন, ‘দিনিপ্রোপেত্রোভস্ক ও জাপোরিঝঝিয়া অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত কঠিন। গত সপ্তাহ থেকে দিনিপ্রো অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে একটানা হামলা চালাচ্ছে রাশিয়া।’ এছাড়া টেলিগ্রামে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, চেরকাসি অঞ্চলে তিনজন আহত হয়েছেন এবং ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও হামলা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, তাদের বাহিনী কিয়েভ, জাপোরিঝঝিয়া, চেরকাসি ও দিনিপ্রোপেত্রোভস্কের পরিবহন, সামরিক ও জ্বালানি স্থাপনার পাশাপাশি বন্দর অবকাঠামো ও একটি পণ্যবাহী জাহাজে আঘাত হেনেছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে স্বতন্ত্র সূত্রে এসব প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। উভয় পক্ষই ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে।





