ইসরাইলি কোম্পানিগুলোর উদ্দেশে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, ‘দ্বিরাষ্ট্র সমাধান ধ্বংস করার প্রক্রিয়ায় দরপত্র জমা দেবেন না, কিছু নির্মাণ করবেন না এবং এ থেকে মুনাফাও লুটবেন না।’
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, বসতি সম্প্রসারণে জড়িত নির্মাণ ও আবাসন খাতের আটটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে কোম্পানিগুলোর অর্থপ্রবাহ এবং পশ্চিম তীরে আরও নির্মাণকাজে সহায়তা দেয়ার সক্ষমতা বাধাগ্রস্ত হবে।
গত আগস্টে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ১ হাজার ২০০টির বেশি বাড়ি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। ইউরোপীয় নেতারা আগেই ওই পরিকল্পনার নিন্দা জানিয়েছেন। এছাড়া জাতিসংঘের মহাসচিব সতর্ক করে বলেছেন, ই-ওয়ান নামের ওই প্রকল্পটি একটি অখণ্ড ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথে অস্তিত্বের সংকট তৈরি করেছে।
বিধ্বস্ত গাজা উপত্যকায় ভয়াবহ বন্যার মধ্যে জরুরি তাঁবু ও কাঠ প্রবেশে ইসরাইলের বাধা দেয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে এ নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য। হামাস-নিয়ন্ত্রিত গাজার কর্তৃপক্ষের তথ্যমতে, চলতি মাসের শুরুর দিকে ভারী বৃষ্টিতে উপত্যকাটির হাজার হাজার তাঁবু ভেসে গেছে। যুদ্ধবিধ্বস্ত এই ভূখণ্ডের প্রায় পুরো জনগোষ্ঠীই অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে।
জাতিসংঘের তথ্যের বরাতে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মানবিক সহায়তা অংশীদার ও দাতাদের কেনা ১ লাখ ৫০ হাজারের বেশি তাঁবু এবং ৩ লাখ ত্রিপল গাজার বাইরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। কিন্তু ইসরাইলি কর্তৃপক্ষ সেগুলো আটকে রেখেছে। বন্যার কারণে প্রায় ৪ হাজার পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে এবং ১৪ লাখ মানুষ তাঁবু বা অস্থায়ী আশ্রয়ে বসবাস করছে। এছাড়া ইসরাইলি কর্তৃপক্ষ গাজায় কাঠ প্রবেশেও বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে দপ্তরটি। এর ফলে সেখানে জরুরি আশ্রয় তৈরির কোনো সরঞ্জাম অবশিষ্ট নেই।
গাজায় ত্রাণ সরবরাহে বাধা দেয়ার কারণে মঙ্গলবার ইসরাইলি গোষ্ঠী তজাভ ৯-এর ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মিলিব্যান্ড বলেন, ‘অতি জরুরি ত্রাণ আটকে রেখে যারা গাজার বেসামরিক মানুষের অসহনীয় দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে, তাদের এই কর্মকাণ্ড আমরা নীরবে দাঁড়িয়ে দেখব না।’
নতুন এই নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট কোম্পানি ও গোষ্ঠীর সম্পদ জব্দ করা হবে এবং সেগুলোর পরিচালকদের অযোগ্য ঘোষণা করা হবে। কালো তালিকাভুক্ত ইসরাইলি প্রতিষ্ঠানগুলোর মধ্যে হারেই জাহাভ নামের একটি আবাসন নির্মাতা কোম্পানিও রয়েছে। ২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজায় পুনরায় বসতি স্থাপনকারীদের ফিরিয়ে নেয়ার আশা প্রকাশ করে স্লোগান দিয়ে বিতর্কের জন্ম দিয়েছিল প্রতিষ্ঠানটি। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইল সরকারের অনুমোদন ছাড়াই অবৈধ বসতি বা আউটপোস্ট নির্মাণের জন্য কোম্পানিটি পরিচিত।





