ইয়েমেনে হুথিদের ৬০ সামরিক স্থাপনায় সৌদি জোটের হামলা, তায়েজে তীব্র লড়াই

ইয়েমেনে হামলার পর উড়ছে ধোঁয়ার কুণ্ডলী
বিদেশে এখন
0

ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুথিদের ৬০টি সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত অভিযান চালানোর দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী। এ সময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও মজুতের কাজে ব্যবহৃত সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন জোটের মুখপাত্র তুরকি আল-মালিকি। এদিকে দেশটির তায়েজ প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের তীব্র লড়াই চলছে। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার সকালে তুরকি আল-মালিকি জানান, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী দক্ষিণাঞ্চলীয় এডেন শহরের দিকে হুথিদের (আনসার আল্লাহ নামেও পরিচিত) অগ্রসর হওয়ার মধ্যে মঙ্গলবার সানা, হোদেইদাহ, আমরান ও সাদা প্রদেশে এসব হামলা চালানো হয়।

এডেন রক্ষার জন্য সাম্প্রতিক দিনগুলোয় ইয়েমেনের সেনাবাহিনী ও তাদের অনুগত যোদ্ধারা তায়েজ প্রদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত কৌশলগত সমুদ্রপথ বাব-এল-মান্দেব প্রণালির আশপাশের এলাকা এবং ধুবাব বিমানবন্দর থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। অন্যদিকে লাহিজ প্রদেশের তুর আল-বাহা এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে।

তায়েজ থেকে আল জাজিরার প্রতিনিধি হাদিল আল-ইয়ামানি জানিয়েছেন, ‘মাঠপর্যায়ে সরকারি বাহিনী ও হুথি গোষ্ঠীর মধ্যে তীব্র লড়াই চলছে। স্থানীয় কর্তৃপক্ষ বেসামরিক নাগরিক ও আবাসিক এলাকায় গোলাবর্ষণের জন্য হুথি গোষ্ঠীকে দায়ী করেছে।’

হাদিল আল-ইয়ামানি আরও বলেন, ‘জাবাল সাবর এলাকার এসব গ্রাম পুরোপুরি অবরুদ্ধ হয়ে আছে। বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ করিডর খুলে দেয়ার জরুরি আহ্বান জানানো হচ্ছে। প্রতিদিনই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে স্নাইপার হামলা চালানো হচ্ছে। এতে মানুষ হতাহত হচ্ছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু।’

তায়েজ কর্তৃপক্ষের অভিযোগ, হুথিরা তল্লাশিচৌকি বসিয়ে সাধারণ মানুষের ওপর কর আরোপ করছে। এছাড়া হুথি-নিয়ন্ত্রিত রাজধানী সানার অনুমোদন না থাকায় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের চালান জব্দ করছে তারা।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে তায়েজের জনস্বাস্থ্য ও জনসংখ্যা দপ্তর হুথিদের এই কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, ‘উত্তেজনা বৃদ্ধির এই পদক্ষেপ ওষুধ নিরাপত্তার ওপর সরাসরি আঘাত এবং ওষুধ ও চিকিৎসাসেবা পাওয়ার মানবাধিকারের লঙ্ঘন।’

তায়েজের কর্মকর্তারা জানান, এডেন থেকে তায়েজে চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধা দিচ্ছে হুথিরা। এর ফলে চলমান অবরোধ আরও তীব্র হচ্ছে এবং চিকিৎসাধীন হাজারো রোগীর জীবন ঝুঁকির মুখে পড়েছে। এ বিষয়ে জাতিসংঘকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বুধবার রাজধানী রিয়াদের দিকে হুথিদের ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র মাঝ-আকাশে প্রতিহত করা হয়েছে। কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের সামরিক, বেসামরিক ও তেল অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালাচ্ছে ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে বলেছেন, রিয়াদের কাছে তেল পাম্পিং স্টেশন এবং সৌদি আরবের দক্ষিণাঞ্চলে একটি রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছেন তারা। তবে সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। বুধবার সৌদি আরবের জাজান, নাজরান ও খামিস মুশাইত শহরে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়, তবে পরে বিপদ কেটে যায়।

এএম