রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়; কী হতে যাচ্ছে এর প্রভাব?

কক্সবাজারের কাছে কুতুপালং শরণার্থীশিবিরে নিজেরা তৈরি করা ঘুড়ি ওড়াচ্ছে রোহিঙ্গা শিশুরা
বিদেশে এখন
0

সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে কি না, সে বিষয়ে রায় দিতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা এই মামলায় বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এই রায় ঘোষণা করবেন। এক দশকের বেশি সময়ের মধ্যে এটিই হবে গণহত্যার কোনো মামলার মূল অভিযোগের ওপর আন্তর্জাতিক আদালতটির প্রথম চূড়ান্ত রায়।

আইন বিশেষজ্ঞরা বলছেন, এই রায়ের প্রভাব গাজায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা চলমান মামলার ওপরও পড়তে পারে। ইসরাইল ওই অভিযোগের বিরোধিতা করে আসছে। গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালের সামরিক অভিযানের সময় রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করে দিতে চেয়েছিল মিয়ানমার। ওই অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। অন্যদিকে মিয়ানমারের দাবি, পুলিশ ফাঁড়িতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধাদের হামলার জবাবে তারা ওই অভিযান চালিয়েছিল।

মিয়ানমারে রোহিঙ্গাদের সঙ্গে কী ঘটেছিল?

একটি সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর হাতে পুলিশ ফাঁড়িতে হামলার পর ২০১৬ সালের অক্টোবরে রাখাইন রাজ্যে তথাকথিত শুদ্ধি অভিযান শুরু করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর ২০১৭ সালের আগস্টে আরও বড় পরিসরে অভিযান শুরু করে তারা। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন এবং ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন।

জাতিসংঘের তদন্তকারীরা দেখতে পান যে মিয়ানমারের সেনারা শত শত গ্রাম জ্বালিয়ে দিয়েছে, নির্বিচার হত্যাকাণ্ড চালিয়েছে এবং নিয়মিতভাবে রোহিঙ্গা নারী, কিশোরী ও বালকদের ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণ করেছে। তদন্তকারীরা জানান, এই যৌন সহিংসতা গণহত্যার উদ্দেশ্যেরই ইঙ্গিত দেয়।

ওই সহিংসতার পর দায়ের করা মাত্র দুটি মামলায় সাজার ঘোষণা দিয়েছিল মিয়ানমারের সামরিক বাহিনী। তবে এর মধ্যে একটি মামলায় ইন দিন গ্রামে ১০ জন রোহিঙ্গা পুরুষ ও বালককে হত্যার দায়ে ১০ বছরের কারাদণ্ড পাওয়া সাত সেনাসদস্যকে এক বছরেরও কম সময়ের মধ্যে মুক্তি দেয়া হয়।

ওই সামরিক অভিযানের অনেক আগেই ১৯৮২ সালে রোহিঙ্গাদের দেশের স্বীকৃত ১৩৫টি জাতিগোষ্ঠীর তালিকা থেকে বাদ দেয় মিয়ানমার। অনেক রোহিঙ্গা পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করলেও তাদের অভিবাসী বাঙালি হিসেবে আখ্যা দেয়া হয়। তখন থেকেই প্রায় সব রোহিঙ্গাকে নাগরিকত্ব থেকে বঞ্চিত রাখা হয়েছে। এর ফলে তারা বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হয়েছে।

২০২৩ সালে সামরিক বাহিনীর সঙ্গে নতুন করে লড়াই শুরু হওয়ার পর রাখাইনের জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি রাজ্যটির বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর গত আগস্টে জানায়, উভয় বাহিনীই রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক ও কাঠামোগত নিপীড়ন চালিয়েছে। আরাকান আর্মির বিরুদ্ধে নির্যাতন, যৌন সহিংসতা ও জোরপূর্বক বাহিনীতে নিয়োগের অভিযোগ আনা হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, এসব নিপীড়নের কারণে ২০২৪ সালের শুরু থেকে আরও ১ লাখ ৫৫ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। ফলে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা বেড়ে প্রায় ১২ লাখে দাঁড়িয়েছে। এই শরণার্থীদের প্রায় সবাই কক্সবাজার জেলার জনাকীর্ণ শিবিরগুলোয় বসবাস করছেন। তারা আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল, যা সাম্প্রতিক বছরগুলোয় মারাত্মকভাবে কমে গেছে। বিশেষ করে ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বৈদেশিক সহায়তায় বড় ধরনের কাটছাঁট করার পর তহবিলের সংকট তীব্র হয়েছে। বেশির ভাগ শরণার্থীই এখন আগের চেয়ে কম খাদ্যসহায়তা পাচ্ছেন এবং শিবিরের অনেক স্কুল বন্ধ হয়ে গেছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ইউএনএইচসিআর) সতর্ক করে বলেছে, সম্প্রতি আসা শরণার্থীরা প্রায়ই পর্যাপ্ত খাবার, নিরাপদ পানি ও চিকিৎসাসেবা পাচ্ছেন না।

গাম্বিয়া কেন মিয়ানমারকে আইসিজেতে নিয়ে গেল?

গাম্বিয়া জানিয়েছে, কয়েক দশক ধরে রোহিঙ্গাদের ওপর চলা নিপীড়ন ২০১৭ সালের অভিযানের মধ্য দিয়ে চরম রূপ নেয়ার পর তারা এই মামলা করেছে। দেশটির যুক্তি, ওই অভিযানের মাধ্যমে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করা হয়েছে। ২৫ লাখ জনসংখ্যার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া ৫৭ সদস্যের ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে ২০১৯ সালের নভেম্বরে মামলাটি দায়ের করে। গাম্বিয়ার তৎকালীন অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী আবুবকর তাম্বাদু এই মামলায় নেতৃত্ব দেন।

২০২০ সালের জানুয়ারিতে আদালত গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মিয়ানমারকে জরুরি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। মিয়ানমার শুরুতে যুক্তি দিয়েছিল, এই সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত না থাকায় গাম্বিয়া মামলাটি করতে পারে না। কিন্তু ২০২২ সালে বিচারকেরা রায় দেন যে গাম্বিয়া মামলা করতে পারবে। কারণ, উভয় দেশই গণহত্যা সনদে স্বাক্ষরকারী এবং এই সনদের আওতায় স্বাক্ষরকারী সব দেশ গণহত্যা প্রতিরোধ ও এর শাস্তি নিশ্চিত করতে বাধ্য। এরপর চলতি বছরের জানুয়ারিতে মামলার মূল অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ সাতটি দেশ গাম্বিয়াকে সমর্থন দেয়।

আইসিজে ঠিক কী বিষয়ে সিদ্ধান্ত দেবে?

একটি রাষ্ট্র হিসেবে মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে কি না এবং এর মাধ্যমে ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সনদ লঙ্ঘন করেছে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন বিচারকেরা। আইসিজে কেবল রাষ্ট্রের কর্মকাণ্ডের ওপর রায় দিয়ে থাকে; কোনো সেনাসদস্য বা কমান্ডারের ব্যক্তিগত ফৌজদারি অপরাধের বিচার এই আদালত করেন না।

গণহত্যা সনদ অনুযায়ী, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে হত্যা বা গুরুতর ক্ষতি করার মতো কর্মকাণ্ডকে গণহত্যা বলা হয়। কোনো রাষ্ট্র নৃশংসতা চালিয়েছে—কেবল এমন প্রমাণই এ ক্ষেত্রে যথেষ্ট নয়। নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তা চালানো হয়েছিল কি না, তা-ও আদালতকে খুঁজে বের করতে হয়। সরাসরি বক্তব্য বা আদেশের মাধ্যমে কিংবা আচরণের ধরন বিশ্লেষণ করে এই উদ্দেশ্য প্রমাণ করা যেতে পারে। গাম্বিয়া যুক্তি দিয়েছে, মিয়ানমারের আচরণের ধরন থেকে গণহত্যার উদ্দেশ্যই একমাত্র যৌক্তিক সিদ্ধান্ত হিসেবে সামনে আসে। অন্যদিকে মিয়ানমারের দাবি, তারা রোহিঙ্গা যোদ্ধাদের বিরুদ্ধে বৈধ সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে, সামগ্রিকভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশানা করেনি।

গণহত্যার রায় রোহিঙ্গাদের জন্য কী অর্থ বহন করবে?

আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ ডাবলিনের আন্তর্জাতিক আইনের অধ্যাপক এবং আইসিজের সাবেক আইন কর্মকর্তা মাইকেল বেকার বলেন, গণহত্যার পক্ষে রায় এলে তা রোহিঙ্গাদের ভোগান্তির আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে। তবে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার ১০ লাখের বেশি মানুষের জন্য স্বল্প মেয়াদে তা হয়তো খুব সামান্যই ভূমিকা রাখতে পারবে।

গাম্বিয়া চায়, বাস্তুচ্যুত রোহিঙ্গারা যাতে নিরাপদে তাদের নিজ ভূমিতে ফিরতে পারে, ক্ষতিপূরণ পায় এবং তাদের ধ্বংস হওয়া বাড়িঘর ও সম্পত্তি পুনর্নির্মাণ বা প্রতিস্থাপন করা হয়, সে জন্য আদালত যেন মিয়ানমারকে নির্দেশ দেন। তবে মাইকেল বেকার আল জাজিরাকে বলেন, আদালত হয়তো এসব দাবির কেবল আংশিক বা সাধারণ নির্দেশনা জারি করতে পারেন এবং তা কীভাবে বাস্তবায়ন করা হবে, সে সিদ্ধান্ত মিয়ানমারের ওপর ছেড়ে দিতে পারেন। মিয়ানমার সরকার সদিচ্ছার সঙ্গে এসব দাবি পূরণ করবে কি না তা নিয়ে যারা সন্দিহান, তাদের কাছে এমন ফলাফল ‘নিশ্চিতভাবেই হতাশাজনক’ হবে বলে মন্তব্য করেন তিনি।

মাইকেল বেকার বলেন, ‘আইসিজে যদি সুদূরপ্রসারী কোনো প্রতিকারের আদেশও দেন, তবু মিয়ানমারের মাঠপর্যায়ের রাজনৈতিক পরিস্থিতি শিগগিরই সেই প্রতিকার বাস্তবায়নের অনুকূলে নেই।’ তিনি জানান, এ ক্ষেত্রে আদালতের রায়কে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির কাজে ব্যবহার করতে হবে।

যুক্তরাজ্যের মিডলসেক্স ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইনের অধ্যাপক উইলিয়াম শাবাস বলেন, রোহিঙ্গাদের রাষ্ট্রহীনতার অবসান ঘটাতে নাগরিকত্বের দাবি না জানানো হলেও তাদের পক্ষে গাম্বিয়া যেসব পদক্ষেপ চেয়েছে, তা বেশ জোরালো। আল জাজিরাকে তিনি বলেন, ‘মিয়ানমার যদি আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করে, তবে তা দেশটিতে রোহিঙ্গাদের নিরাপত্তা, মর্যাদা ও জীবিকার ওপর সত্যিই বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে।’

ভবিষ্যতের গণহত্যা মামলাগুলোর ক্ষেত্রে এই রায়ের প্রভাব কী হতে পারে?

আইসিজেতে বর্তমানে বিচারাধীন পাঁচটি গণহত্যা মামলার মধ্যে মিয়ানমারের বিরুদ্ধে এ মামলার রায়ই হবে প্রথম চূড়ান্ত রায়। মাইকেল বেকার বলেন, এই ফলাফলের মাধ্যমে আদালতের দীর্ঘদিনের ‘একমাত্র যৌক্তিক অনুমান’ নীতির বিষয়টি আরও স্পষ্ট হতে পারে। এই নীতির আওতায় কোনো আচরণের ধরন ব্যাখ্যা করার মতো অন্য কোনো যৌক্তিক কারণ না থাকলেই কেবল বিচারকেরা সেটিকে গণহত্যার উদ্দেশ্য হিসেবে ধরে নেন।

বেকার জানান, বলকান যুদ্ধ নিয়ে আদালতের দুটি রায়ে এটি অস্পষ্ট রয়ে গিয়েছিল যে সশস্ত্র সংঘাতের পাশাপাশি গণহত্যা ঘটতে পারে কি না। এই মানদণ্ডকে তিনি ‘অযৌক্তিকভাবে সীমাবদ্ধ’ বলে অভিহিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবারের রায়ে সশস্ত্র সংঘাতকে গণহত্যার উদ্দেশ্য প্রমাণের ক্ষেত্রে স্বয়ংক্রিয় বাধা হিসেবে না দেখে কোনো পক্ষের আচরণের একটি বিকল্প ব্যাখ্যা হিসেবে বিবেচনা করা হতে পারে।

অধ্যাপক উইলিয়াম শাবাসের মতে, বিচারাধীন অন্যান্য মামলার ফলাফলের ওপর, বিশেষ করে ইসরাইলের বিরুদ্ধে করা মামলার ওপর এই রায়ের ‘অত্যন্ত নাটকীয় প্রভাব’ পড়বে। তিনি বলেন, ‘আমার মতে, মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলার চেয়ে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলাটি অনেক বেশি শক্তিশালী। গাম্বিয়া যদি মিয়ানমারের বিরুদ্ধে জয়ী হয়, তবে আমরা আত্মবিশ্বাসী হতে পারি যে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা জয়ী হবে।’

—সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে অবলম্বনে

এএম