পরমাণু ঝুঁকি থেকে জ্বালানি সংকট: ট্রাম্প-শি-পুতিন বৈঠকে কী আলোচনা হলো?

ভ্লাদিমির পুতিন,  শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

চীনের শেনজেনে বৃহস্পতিবার এক নজিরবিহীন ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে জ্বালানি প্রবাহ স্থিতিশীল রাখা, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর কৌশল খোঁজার অভিন্ন অঙ্গীকার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টরা। বার্ষিক এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে আয়োজিত এই বৈঠকটি ছিল ওই অঞ্চলে টানা তিন দিনের নিবিড় কূটনৈতিক তৎপরতার প্রধান আকর্ষণ। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের নেতারা অন্য কয়েকটি সম্মেলনে যোগ দিতে ফিলিপাইনের ম্যানিলায় সমবেত হয়েছিলেন।

একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের পর ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে এই ত্রিপক্ষীয় বৈঠকে সভাপতিত্ব করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বৈঠক শেষে তারা একটি যৌথ শান্তি ঘোষণাপত্র প্রকাশ করেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধসহ একাধিক সংঘাত যখন বিশ্ব অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে, ঠিক সেই সময়ে এই তিন নেতার বৈঠকটি অনুষ্ঠিত হলো। শেনজেনের এই শীর্ষ বৈঠকের প্রধান পাঁচটি দিক নিচে তুলে ধরা হলো।

নজিরবিহীন এই বৈঠক ও শান্তি ঘোষণায় কী বলা হয়েছে?

বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, বিশ্বের বৃহত্তম তিনটি দেশের মধ্যে এই বৈঠক হচ্ছে এবং পৃথিবীর সবচেয়ে বড় তিনটি পারমাণবিক অস্ত্রভাণ্ডারও এই তিন দেশের হাতে রয়েছে। ত্রিপক্ষীয় এই সম্মেলনকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ইতিহাস গড়ছি।’ তিনি আরও বলেন, অতীতে নেতারা প্রায়ই মতবিরোধ থাকা নেতাদের সঙ্গে কথা বলা এড়িয়ে চলতেন। তবে সুযোগ প্রত্যাখ্যান করে কখনোই শান্তি প্রতিষ্ঠা করা যায়নি বলে উল্লেখ করেন তিনি।

বিশ্বকে রক্ষা করার দায়িত্ব তাদের ওপরই বর্তায় বলে পুনর্ব্যক্ত করেন তিন নেতা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, দেশগুলোর উচিত স্নায়ুযুদ্ধের মানসিকতা ঝেড়ে ফেলে বন্ধু হয়ে ওঠা। নিজের বক্তব্যে একই কথার প্রতিধ্বনি করে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, তিন দেশ গঠনমূলকভাবে সহযোগিতা করলে বৈশ্বিক স্থিতিশীলতা আরও শক্তিশালী হতে পারে। বৈঠক শেষে তিন নেতা একটি যৌথ শান্তি ঘোষণাপত্র প্রকাশ করেন।

জ্বালানি প্রবাহ স্থিতিশীল করার প্রতিশ্রুতি কীভাবে বাস্তবায়িত হবে?

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শান্তি ঘোষণাপত্রে স্থিতিশীল জ্বালানি প্রবাহের গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর এবং তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার পর থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ চরম ঝুঁকির মুখে রয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে আগে বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো। এছাড়া রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে ইউক্রেনের হামলা বৈশ্বিক জ্বালানি সংকটকে আরও জটিল করে তুলেছে।

তবে যুক্তরাষ্ট্র বা রাশিয়া—কারও যুদ্ধই থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে তিন দেশের অগ্রাধিকার ভিন্ন হওয়া সত্ত্বেও স্থিতিশীল জ্বালানি প্রবাহের এই প্রতিশ্রুতি কীভাবে বাস্তবায়িত হবে, তা এখনো স্পষ্ট নয়। প্রকৃতপক্ষে তেহরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেয়া হবে না বলে ট্রাম্প যে পুরোনো বক্তব্য পুনর্ব্যক্ত করেছেন, তা ছাড়া এই সম্মেলনে ইরান যুদ্ধের কোনো উল্লেখই ছিল না। অন্যদিকে ক্রেমলিনের এক মুখপাত্র জানিয়েছেন, ত্রিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্পের সঙ্গে পুতিনের দ্বিপক্ষীয় বৈঠকে ইউক্রেন মূল আলোচ্য বিষয় হলেও তিন নেতার বৈঠকে এটি প্রধান বিষয় ছিল না। অবশ্য ইউক্রেন যুদ্ধ সমাধানে সহায়তা করার জন্য শি জিনপিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

পারমাণবিক অস্ত্র ও ইরান প্রসঙ্গে কী আলোচনা হলো?

ত্রিপক্ষীয় বৈঠক শুরুর আগে এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ‘পারমাণবিক অস্ত্র পুরোপুরি নিষিদ্ধ এবং সম্পূর্ণরূপে ধ্বংস করা উচিত, যাতে একটি পরমাণুমুক্ত বিশ্ব গড়ে তোলা যায়। পরমাণু যুদ্ধে কখনোই জয়ী হওয়া যায় না এবং এই যুদ্ধ কখনোই লড়া উচিত নয়; এটি ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে।’

বৈঠক-পরবর্তী যৌথ ঘোষণাপত্রেও এই বক্তব্যের মূল সুর গ্রহণ করা হয়। এতে পরমাণু ঝুঁকি কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে সংলাপ চালানোর অঙ্গীকার করেছে তিন দেশ। পাশাপাশি কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন নেতারা। বৈঠকের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সবচেয়ে বড় অস্ত্রভাণ্ডার থাকায় পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার জন্য এই তিন দেশ অনন্য অবস্থানে রয়েছে। ট্রাম্প আরও জানান, হরমুজ প্রণালি খোলা রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ না দেয়ার বিষয়ে শি জিনপিং তার সঙ্গে একমত হয়েছেন। তবে তেহরান বরাবরই বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত এবং পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা তাদের নেই।

এটি কি নতুন কোনো জি-৩ জোটের সূচনা?

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন যখন বিভিন্ন বিষয় নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে বসেছে, তখন ইউরোপীয় নেতারা উদ্বেগের সঙ্গে জার্মানির বার্লিনে কোয়ালিশন অব দ্য উইলিং নামের একটি জোটের বৈঠকে সমবেত হন বলে জানিয়েছেন বিশ্লেষকেরা। ইউক্রেনের জন্য সহায়তা ও সমর্থন সমন্বয় করতে ইউরোপীয় দেশগুলোর এই জোট গঠন করা হয়েছে। অন্যদিকে শেনজেনের বৈঠকে তিন পরাশক্তির নেতাদের দেখে মনে হয়েছে, বিশ্ব অর্থনীতিকে জর্জরিত করা সংঘাত ও সমস্যাগুলো সমাধানের দায়িত্ব তারা নিজেরাই কাঁধে তুলে নিয়েছেন।

আগামী মাসে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজন করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যোগ দেয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। রাশিয়াও জি-২০ জোটের সদস্য। ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা থাকায় এবং ইউরোপীয় সদস্যদেশগুলো তার সঙ্গে একই কক্ষে বসতে রাজি না হওয়ায় সাম্প্রতিক সম্মেলনগুলোতে অংশ নেননি প্রেসিডেন্ট পুতিন। তবে মায়ামির জি-২০ সম্মেলনে যোগ দিতে পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় রুশ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করার কোনো বাধ্যবাধকতা দেশটির নেই।

বৈঠক শেষে পুতিন বলেন, ‘ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে অত্যন্ত খোলামেলা আলোচনা হয়েছে এবং এটি নেতাদের একে অপরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে।’ এটিই কি তবে নতুন কোনো জি-৩ জোটের সূচনা? আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিষয়টি স্পষ্ট হবে।

আন্তর্জাতিক অপরাধ আদালত নিয়ে তিন পরাশক্তি কেন ক্ষুব্ধ?

শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের সম্মত হওয়া শান্তি ঘোষণাপত্রের বিভিন্ন দফার মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কড়া সমালোচনা করা হয়েছে। আইসিসি এবং সমজাতীয় প্রতিষ্ঠানগুলো যাতে তাদের অবস্থানের অপব্যবহার না করে, সেই দাবি জানিয়েছেন তিন নেতা। এই তিন পরাশক্তির কোনোটিই এই আদালতের সদস্য নয়। তবু আইসিসি নিয়ে তাদের এত ক্ষোভের কারণ কী?

যুক্তরাষ্ট্রের সঙ্গে আইসিসির সম্পর্ক দীর্ঘদিন ধরেই বৈরী। তবে সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে আদালত তদন্ত শুরু করার পর এই সম্পর্কে চরম উত্তেজনা দেখা দেয়। এরপর গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সম্পর্কের আরও অবনতি ঘটে। বর্তমানে যুক্তরাষ্ট্র তাদের দাপ্তরিক নীতির অংশ হিসেবে প্রকাশ্যে আইসিসিকে ভেঙে দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে এবং প্রতিষ্ঠানটি ও এর কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যুক্তরাষ্ট্রের মতো রাশিয়াও কখনোই আইসিসিকে বিশ্বাস করেনি। তবে ইউক্রেন যুদ্ধ-সংক্রান্ত অভিযোগে প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর জাতিসংঘ-সমর্থিত এই আদালত এবং এর কার্যক্রমের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে মস্কো।

অন্যদিকে চীন কখনোই এই আদালতকে অনুমোদন না দিলেও আগের বছরগুলোতে এ নিয়ে খুব একটা উচ্চবাচ্য করেনি। কিন্তু ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেসহ বিভিন্ন সার্বভৌম দেশের নেতাদের বিরুদ্ধে একের পর এক গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় বেইজিংও আদালতটির কঠোর সমালোচকে পরিণত হয়েছে। এছাড়া জিনজিয়াং অঞ্চলে উইঘুর সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ তুলে চীনের বিরুদ্ধে আইসিসিতে আবেদন জমা দিয়েছেন মানবাধিকারকর্মীরা। অবশ্য বেইজিং বরাবরই এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

—আল জাজিরার প্রতিবেদনে অবলম্বনে

এএম