গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয় দেখা দেয়। এর মধ্যে মাইক্রোসফটের বৈশ্বিক বিভ্রাটে কোটি কোটি ব্যবহারকারী ভোগান্তিতে পড়েন এবং দেশজুড়ে বিমান চলাচল স্থবির হয়ে ১৮ হাজারের বেশি ফ্লাইট বিপর্যস্ত হয়। এসব ঘটনা মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের ভূমিকা নিয়ে ক্রমবর্ধমান সমালোচনার মুখে কেয়ার্নক্রসকে সরিয়ে দেয়া হলো। সাম্প্রতিক প্রযুক্তি বিভ্রাটের পর এটিই ট্রাম্প প্রশাসনের প্রথম বড় কোনো রদবদল।
কেন্দ্রীয় সরকারের সামগ্রিক সাইবার নিরাপত্তা নীতি ও কৌশল তদারকির দায়িত্বে ছিলেন কেয়ার্নক্রস। নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি বলেন, ‘শন কেয়ার্নক্রসকে তার পদ থেকে বরখাস্ত করার বিষয়ে প্রেসিডেন্টের পূর্ণ সমর্থন ছিল।’ সূত্রটি জানায়, প্রতিরক্ষা দপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিস অস্থায়ীভাবে এই পদের দায়িত্ব নেবেন।
বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে কেয়ার্নক্রস বলেন, ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালন করতে পারাটা ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্মানের বিষয়। জাতীয় সাইবার পরিচালকের দায়িত্ব নেয়ার আগে তিনি রিপাবলিকান ন্যাশনাল কমিটির একজন নির্বাহী ছিলেন। তার স্থায়ী উত্তরসূরি নিয়োগের ক্ষেত্রে মার্কিন সিনেটের অনুমোদনের প্রয়োজন হবে। আগামী জানুয়ারি থেকে সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাচ্ছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা রয়টার্সকে জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে সফটওয়্যারে নতুন শনাক্ত হওয়া ত্রুটিগুলো দ্রুত সারিয়ে তোলার তাড়াহুড়োর কারণেই সাম্প্রতিক এই প্রযুক্তি বিভ্রাট ঘটে থাকতে পারে। উন্নত এআই প্রযুক্তির কারণে প্রতিষ্ঠানগুলো এখন তাদের সাইবার সুরক্ষার দুর্বলতাগুলো সহজেই খুঁজে পাচ্ছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা বুধবার জানিয়েছেন, রক্ষণাবেক্ষণ ও কারিগরি পরিবর্তনের কারণে আলাদাভাবে এসব সেবা বিঘ্নিত হয়েছে; এটি কোনো সমন্বিত বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো সাইবার হামলা নয়। এর আগে মঙ্গলবার মিজৌরির রিপাবলিকান সিনেটর জশ হলি ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, এই বিভ্রাটের বিষয়ে ট্রাম্প প্রশাসনের উচিত আইনপ্রণেতাদের অবহিত করা, যাতে এখানে আসলে কী ঘটছে তা তারা মার্কিন জনগণকে জানাতে পারেন।





