ভারতের মদদেই দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে: রিজভী

বক্তব্য রেখেছেন রুহুল কবির রিজভী
রাজনীতি
দেশে এখন
0

ভারতের মদদেই নতুন করে দেশে অস্থিতিশীলতা ও অস্থিরতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, ‘দেশকে একক ব্যক্তির জমিদারিতে রূপান্তর করতে প্রশাসনে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার দোসররা এখনও সমানভাবে সক্রিয় রয়েছে। তাদের আন্দোলন চাঙ্গা করতে নিজের দলীয় কর্মীর লাশের প্রয়োজন, আর সেই লক্ষ্যেই ফের খুনের রাজনীতি বেছে নিয়ে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে।’

আজ (শুক্রবার, ২০ নভেম্বর) বিকেলে যশোর বিডি হলে জেলা বিএনপি আয়োজিত সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিকূল ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মী এ স্মরণসভায় যোগ দেন।

রিজভী বলেন, ‘লুটপাটের স্বর্গরাজ্য হাতছাড়া হওয়ায় আওয়ামী লীগ ফের নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। তবে শেখ হাসিনার মতো রাষ্ট্রযন্ত্র ও আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবহার করে বিরোধী মত নির্মূলের পথে হাঁটবে না বর্তমান সরকার।’

প্রয়াত নেতা তরিকুল ইসলামের স্মৃতিচারণ করতে গিয়ে রিজভী বলেন, ‘যে কেউ সংসদ সদস্য হতে পারেন, কিন্তু সবাই সত্যিকারের রাজনীতিক হতে পারেন না। তরিকুল ইসলাম ছিলেন তেমনই একজন খাঁটি ও প্রাজ্ঞ রাজনীতিক। তিনি কায়েমি স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের জন্য এবং দেশের জন্য আজীবন অবদান রেখে গেছেন।’

রিজভী উল্লেখ করেন, তরিকুল ইসলাম স্বাধীনতার অন্যতম সংগঠক ছিলেন— যে পর্বটি সবচেয়ে কম আলোচিত হলেও তার পুরো সংগ্রামী জীবন নিয়ে ব্যাপক গবেষণার সুযোগ রয়েছে। তিনি বলেন, ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ বিপ্লবী নেতা ছিলেন বিএনপির জন্য আস্থার প্রতীক। দল যেকোনো আন্দোলন-সংগ্রামে তার ওপর শতভাগ ভরসা রাখত এবং তিনি সবসময় তা সফলভাবে বাস্তবায়ন করেছেন।’

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিএনপির অন্যান্য শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন।

এসএইচ