ত্রিপক্ষীয় বৈঠকে ‘শান্তি ঘোষণাপত্র’ প্রকাশ করলেন ট্রাম্প, শি ও পুতিন

ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন
বিদেশে এখন
0

চীনের শেনজেনে এক নজিরবিহীন ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে প্রতীকী ‘শান্তি ঘোষণাপত্র’ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এপেক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকে তিন দেশের নেতা কখনোই পরমাণু যুদ্ধে না জড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তবে ট্রাম্প দীর্ঘদিন ধরে অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনার যে চেষ্টা চালিয়ে আসছেন, সে বিষয়ে কোনো পরিকল্পনার ঘোষণা দেয়া হয়নি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইতিহাস গড়া এবং শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতা নিয়ে ট্রাম্প বারবার দাবি করলেও তার তিন দিনের এশিয়া সফরে খুব কমই দৃশ্যমান সাফল্য এসেছে। উল্টো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া পুতিন এবং শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে। নিজের পছন্দের কূটনৈতিক চমকের অংশ হিসেবে ট্রাম্প এই সফরে পুতিনকে ‘আমার বন্ধু’ বলে অভ্যর্থনা জানান এবং শি জিনপিংকে আলিঙ্গন করেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনা এবং পুতিনের সঙ্গে বৈঠকের মতো ট্রাম্পের এসব পদক্ষেপকে কেউ কেউ প্রতিপক্ষের সঙ্গে সরাসরি আলোচনার সদিচ্ছা হিসেবে প্রশংসা করেছেন। তবে স্বৈরশাসকদের বৈশ্বিক মঞ্চ করে দেয়ার অভিযোগে অনেকে এর সমালোচনাও করেছেন।

যৌথ ঘোষণাপত্রে তিন নেতা জাতিসংঘের সংস্কার এগিয়ে নেয়া, সব দেশের জন্য জ্বালানি পণ্যের সরবরাহ বাড়ানো এবং আন্তর্জাতিক আদালতগুলোতে রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির সুবিধা সমুন্নত রাখার অঙ্গীকার করেছেন। তবে ঘোষণাপত্রে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ কিংবা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের কোনো উল্লেখ নেই। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পুতিন স্বীকার করেন, এই ঘোষণাপত্রে উচ্চাভিলাষী কোনো লক্ষ্য নির্ধারণ করা হয়নি এবং এর সিদ্ধান্ত মানতে কাউকে বাধ্যও করা হবে না।

ঘোষণাপত্রে তিন পরাশক্তি পুনর্ব্যক্ত করেছে যে পরমাণু যুদ্ধে কখনোই জয়ী হওয়া যায় না এবং এই যুদ্ধ কখনোই লড়া উচিত নয়। কোনো সময়সীমা উল্লেখ না করেই তারা পারমাণবিক ঝুঁকি কমানো এবং পরমাণু অস্ত্রের বিস্তার রোধে সংলাপ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। তবে ত্রিপক্ষীয় পরমাণু অস্ত্র হ্রাস চুক্তির আলোচনা নিয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি। প্রথম মেয়াদ থেকেই ট্রাম্প এমন চুক্তির জন্য চাপ দিয়ে আসছেন। তবে নিজেদের পরমাণু অস্ত্রের মজুত অন্য দুই দেশের তুলনায় অনেক কম—এই যুক্তিতে চীন বরাবরই তা প্রত্যাখ্যান করে আসছে।

বৈঠকের শুরুতে পরমাণু অস্ত্র প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘এগুলো ত্যাগ করা সহজ কোনো কাজ নয়।’ পরে মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে তিনি বলেন, বৈঠকটি দুর্দান্ত হয়েছে। ট্রাম্প বলেন, ‘শূন্য থেকে ১০-এর স্কেলে আমি মনে করি এই বৈঠক ১২ পাওয়ার যোগ্য। দারুণ সম্পর্ক তৈরি হয়েছে।’ নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, শুক্রবার দুপুরে (গ্রিনিচ মান সময় বিকেল ৫টা) ওয়াশিংটনে তিনি সংবাদ সম্মেলন করবেন। অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, এই ‘শান্তি সম্মেলনের’ পর তিন দেশ কার্যকরী পর্যায়ে সমন্বয় বজায় রাখবে।

বিশ্লেষকদের মতে, চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পর নিজের অবস্থান শক্তিশালী করতে শেনজেনে যান ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প শেনজেন বৈঠককে ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার ইয়াল্টা সম্মেলনের চেয়েও বড় বলে দাবি করেন। পুতিনকে বন্ধু বলার পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, ‘৪ হাজার পরমাণু অস্ত্রের অধিকারী কোনো মানুষকে শত্রু বানানোর চেয়ে বন্ধু হিসেবে পাওয়া ভালো।’ শি জিনপিংকেও বন্ধু ও চমৎকার নেতা হিসেবে অভিহিত করেন ট্রাম্প। তবে নেতাদের জন্য পরমাণু অস্ত্র কমানো ‘মনস্তাত্ত্বিকভাবে অত্যন্ত কঠিন’ বলেও স্বীকার করেন তিনি।

মার্কিন সিনেটে ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার এই ত্রিপক্ষীয় বৈঠককে একটি ঐতিহাসিক লজ্জা হিসেবে অভিহিত করে বলেছেন, মানুষ দীর্ঘকাল এটি মনে রাখবে। তিনি বলেন, ‘ছবি তোলার সুযোগ পাওয়ার জন্য আমাদের প্রতিপক্ষের কাছে মাথা নত করতে ভালোবাসেন—এমন একজন প্রেসিডেন্টের মাধ্যমে এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’ যুক্তরাষ্ট্রভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ড্যারিল কিমবল পরমাণু যুদ্ধ না করার অঙ্গীকারকে ইতিবাচক বললেও মন্তব্য করেছেন, কেবল মুখের কথায় কাজ হবে না, নিরস্ত্রীকরণ কূটনীতিতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিন ও অন্য রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির তিন বছরের বেশি সময় পর রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির প্রসঙ্গটি সামনে এল। মস্কো বরাবরই ওই অভিযোগ অস্বীকার করে আসছে। লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (আরইউএসআই) আন্তর্জাতিক পরিচালক জোনাথন ইয়াল বলেন, ‘আন্তর্জাতিক রীতিনীতি ও আদালতের বিরুদ্ধে এই অবস্থান সবচেয়ে কৌতূহলোদ্দীপক দিক। বড় শক্তিগুলো হুকুম চালায় আর ছোট দেশগুলো ভোগান্তির শিকার হয়।’ তার মতে, এই বৈঠকে পুতিনই জয়ী হয়েছেন। এর মাধ্যমে তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন এবং একঘরে অবস্থা থেকে মুক্তি পেয়েছেন; অন্যদিকে ট্রাম্প কেবল ছবি তোলার একটি অপ্রয়োজনীয় সুযোগ পেয়েছেন।

দক্ষিণ চীনের শেনজেন শহরে হ্রদেরপাড়ে গাছপালা ঘেরা পাহাড়ি এলাকার একটি ভিলায় তিন নেতার এই বৈঠক হয়। বৈঠকের শুরুতে শি ও পুতিনকে ট্রাম্প বলেন, ‘আমরা সত্যিই ইতিহাস গড়ছি। আলোচনার সুযোগ প্রত্যাখ্যান করে কখনোই শান্তি প্রতিষ্ঠা করা যায়নি।’ অন্যদিকে শি জিনপিং বলেন, ‘ইতিহাস আমাদের বলে, বড় শক্তিগুলো যখন সম্প্রীতির সঙ্গে বসবাস করে, তখন বিশ্বে শান্তি বিরাজ করে। আর বড় শক্তিগুলো সংঘাতে জড়ালে বিশ্ব অস্থিরতায় নিপতিত হয়।’

এদিকে ইউক্রেনকে সমর্থন দিতে বৃহস্পতিবার বার্লিনে বৈঠকে বসেন ইউরোপীয় মিত্ররা। তাদেরকে পাশ কাটিয়ে শান্তির শর্ত নির্ধারণের বিষয়ে সতর্ক করে দিয়েছেন তারা। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস সাংবাদিকদের বলেন, ‘ইয়াল্টা কাঠামোর মতো কোনো কিছু শান্তি আনবে না।’ ইউরোপকে ভাগ হতে দেয়া হবে না উল্লেখ করে তিনি শেনজেন বৈঠককে কেবল ‘ছবি তোলার সুযোগ’ হিসেবে খাটো করে দেখেন। মের্ৎস বলেন, ‘যুক্তরাষ্ট্র জানে যে আমাদের ছাড়া শান্তি আসতে পারে না।’

মের্ৎসের পাশে দাঁড়িয়ে ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার জোর দিয়ে বলেন, ইউরোপকে পাশে রেখেই ট্রাম্প একটি শান্তিচুক্তি চান এবং ইউরোপের সঙ্গে বহুপক্ষীয় আলোচনায় বসতে রাশিয়া রাজি হয়েছে। তিনি জানান, ট্রাম্প বার্লিন সম্মেলনে ফোনে যুক্ত হয়েছিলেন এবং পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর তিনি বিশ্বাস করেন যে শান্তি অর্জন করা সম্ভব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কয়েক দশক ধরে ঘনিষ্ঠ মিত্র থাকলেও ট্রাম্প ইউক্রেনে সহায়তা কমানোয় এবং ন্যাটো মিত্রদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ দেয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। শেনজেনে পুতিনকে ট্রাম্পের ‘বন্ধু’ বলে সম্বোধন করার বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কোনো উত্তর না দিয়ে কেবল কাঁধ ঝাঁকিয়ে চলে যান।

চীনের অর্থনীতির মাত্র এক-দশমাংশ আকারের অর্থনীতি এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকার পরও এই ত্রিপক্ষীয় বৈঠক পুতিনের জন্য বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। পুতিন বলেছেন, ইউক্রেনসহ আঞ্চলিক সংঘাত নিরসনে তিন দেশেরই বহু অভিন্ন স্বার্থ রয়েছে। বৈঠকটিকে ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনার সমালোচনা প্রত্যাখ্যান করে তিনি বলেন, ওই সম্মেলন বিশ্বকে প্রভাব বলয়ে ভাগ করেনি, বরং তৎকালীন বাস্তবতাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছিল।

কয়েক সপ্তাহ পর ফ্লোরিডায় নিজের গলফ রিসোর্টে ট্রাম্প যখন জি-২০ সম্মেলনের আয়োজন করবেন, তখন এই কূটনৈতিক উত্তেজনা আবারও মাথাচাড়া দিতে পারে। সেখানে শি জিনপিং এবং সম্ভাব্য ক্ষেত্রে পুতিনের সঙ্গে ট্রাম্পের আবারও বৈঠক হতে পারে। মার্কিন মিত্রদের ক্ষুব্ধ করতে পারে জেনেও পুতিন জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি সেখানে যাওয়ার বিষয়টি বিবেচনা করবেন, তবে সেজন্য রাশিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতিও তাকে বিবেচনায় নিতে হবে।

এএম