সুনামগঞ্জে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে গুজব

সুনামগঞ্জ
ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেয়া স্থিরচিত্র
এখন জনপদে
অপরাধ
0

সুনামগঞ্জ পৌর শহরের গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টিকে গুজব বলে জানিয়েছে।

আজ (শুক্রবার, ২০ নভেম্বর) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন পেজ ও আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, রাতের কোনো এক সময় মাস্ক পরিহিত ২ যুবকের মধ্যে একজন ভিডিও করছেন, অন্যজন ভবনের দু’পাশে থাকা জানালা ও বারান্দায় পেট্রোল দিচ্ছেন। পরে একটি কাগজের সাহায্যে বারান্দার ভেতরে আগুন দেয়া হয়। ৩ জায়গায় পেট্রোল দিলেও আগুন শুধু মূল ফটকের পশ্চিম দিকে ধরানো হয়। ১ মিনিট ৬ সেকেন্ডের ভিডিওতে আগুন ধরানোর পরবর্তী অংশ না থাকায় আগুনে কেমন ক্ষয়ক্ষতি হচ্ছে তা দেখা যায়নি।

এদিকে শুক্রবার জুম্মার নামাজের পর সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ। তিনি বলেন, ‘ফেসবুকে এক বার্তায় অগ্নিসংযোগের চেষ্টার এ ভিডিওটি গুজব। আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। আগুন লাগানোর কোনো প্রমাণ পাইনি।’

গ্রামীণ ব্যাংক সুনামগঞ্জ শাখার ম্যানেজার বাবর হোসাইন বলেন, ‘আমরাও ভিডিও দেখে এসেছি। এসে আগুনের কোনো কিছু পাইনি।’

এসএইচ