ব্রেক্সিটের ১০ বছর পর সম্পর্ক নতুন করে সাজাতে যুক্তরাজ্য-ইইউ চুক্তি

উরসুলা ভন ডার লিয়েন ও আন্তোনিও কস্তার মাঝে অ্যান্ডি বার্নহাম
বিদেশে এখন
0

ব্রেক্সিট ভোটের এক দশক পর সম্পর্ক নতুন করে সাজানোর অংশ হিসেবে তিনটি নীতিগত খাতে চুক্তিতে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্য। আজ (শুক্রবার, ২০ নভেম্বর) বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের দপ্তর জানিয়েছে, আলোচনা শেষ হয়েছে এবং সম্পর্ক পুনর্গঠনের চুক্তি চূড়ান্ত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৈঠকের শুরুতে ইইউর শীর্ষ নেতা উরসুলা ভন ডার লিয়েন ও আন্তোনিও কস্তাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেন, ‘আজ ব্রিটেনের জন্য একটি ভালো দিন। ইউরোপের জন্যও এটি একটি ভালো দিন। এর মাধ্যমে পুরো ইউরোপ ও যুক্তরাজ্যের মানুষ প্রকৃত সুফল পাবে।’

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, তরুণদের চলাচল সংক্রান্ত স্কিম, প্রাণী ও উদ্ভিদজাত পণ্যের স্বাস্থ্যগত মান (স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি) চুক্তি এবং উভয় পক্ষের কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থাকে যুক্ত করার বিষয়ে বাস্তবায়নের সময়সীমা নিয়ে দুই পক্ষ একমত হয়েছে। একটি যৌথ বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করার কথা রয়েছে।

যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র আল জাজিরাকে বলেন, ‘চুক্তি সম্পন্ন হয়েছে। আলোচনা শেষ হয়েছে। এখন উভয় পক্ষ এটি বাস্তবায়নে কাজ করবে। সব আন্তর্জাতিক চুক্তির মতোই এখন নিজ নিজ দেশে একটি আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। আর কিছু বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।’

প্রধানমন্ত্রী বার্নহাম জানিয়েছেন, এসব চুক্তির ফলে ব্রিটেনের অর্থনীতিতে শূন্য দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি যোগ হতে পারে। যুক্তরাজ্য ও ইইউর মধ্যে প্রাণী, উদ্ভিদ এবং সংশ্লিষ্ট পণ্যের চলাচলের ওপর নিয়ন্ত্রণ কমানোর ব্যবস্থাটি ব্রিটিশ অর্থনীতিতে আনুমানিক ৫১০ কোটি পাউন্ড (৬৭০ কোটি ডলার) যোগ করবে। অন্যদিকে কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থা যুক্ত করার চুক্তির ফলে ইস্পাতের মতো ব্রিটিশ ও ইউরোপীয় পণ্য একে অপরের সীমান্তে কার্বন কর থেকে অব্যাহতি পাবে। এছাড়া তরুণদের চলাচল সংক্রান্ত স্কিমের আওতায় ১ লাখ তরুণ ইউরোপীয় যুক্তরাজ্যে সর্বোচ্চ তিন বছর বসবাস ও কাজ করার সুযোগ পাবেন। একই সুযোগ পাবেন ব্রিটিশ তরুণেরাও।

এই চুক্তিগুলো স্বাক্ষরিত হলেও সম্পর্ক আরও গভীরভাবে নতুন করে সাজাতে সামনে আরও কয়েক মাস বা কয়েক বছর ধরে আলোচনা চালাতে হবে। বার্নহাম এর আগে ব্রিটিশ জনগণকে বলেছিলেন, ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে বর্তমান ২৭ জাতির ইইউতে পুনরায় যোগ দেয়াসহ সব বিকল্পই খোলা রাখা উচিত। তবে তিনি এও স্পষ্ট করেছেন যে ব্রেক্সিট থেকে ফিরে আসা কেবল একটি সম্ভাব্য ফলাফল হতে পারে এবং তা মোটেও আসন্ন কোনো বিষয় নয়।

তবে এমন সম্ভাবনা এবং এখন পর্যন্ত স্বাক্ষরিত চুক্তিগুলো ইইউ-বিরোধী মনোভাবাপন্ন বিশাল অংশের ব্রিটিশ জনগণের মধ্যে ক্ষোভের জন্ম দেবে। চুক্তির খবর প্রকাশের পর ডানপন্থি দল রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ প্রধানমন্ত্রী বার্নহামকে ‘অনভিজ্ঞ’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর জোর খাটাতে ইইউ এই মুহূর্তটিকে কাজে লাগিয়েছে। ফারাজ লেখেন, ‘এটি সেই পুরোনো খেলা, আর নিছক অনভিজ্ঞতার কারণে তিনি এই ফাঁদে পা দিয়েছেন।’

এএম