রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র ইরানকে দেয়া সাক্ষাৎকারে আব্বাস আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান ও ওয়াশিংটনের মধ্যে এখনো বার্তা আদান-প্রদান চলছে। ভবিষ্যতে আর কোনো যুদ্ধ হবে না—এমন নিশ্চয়তা থাকা একটি চুক্তি চাইছে তেহরান। তিনি বলেন, আলোচনা সামনে এগিয়ে নেয়ার আগে ওয়াশিংটন যে এ বিষয়ে আন্তরিক, তার নিশ্চয়তা চায় ইরান। আস্থা তৈরির পদক্ষেপগুলোর ধরন ও প্রকৃতি নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলা এই সংঘাত থামাতে কূটনৈতিক প্রচেষ্টা চলার মধ্যেই দুই পক্ষের এমন বক্তব্য এল। এই যুদ্ধের কারণে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে, বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে এবং অঞ্চলটির বিভিন্ন দেশ সংঘাতে জড়িয়ে পড়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের ভেতরেই রাখা ইরানের অন্যতম প্রধান শর্ত বা ‘রেড লাইন’। তবে এ বিষয়ে এখনো একটি ন্যায্য সমাধান সম্ভব বলে মনে করেন তিনি। এর আগে এ নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার বিরোধ মেটাতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ঘনত্ব কমিয়ে আনার মতো ‘বাস্তবসম্মত কৌশলের’ কথা উল্লেখ করেছিল ইরানি কর্তৃপক্ষ।
আইএইএর হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইসরাইল ও যুক্তরাষ্ট্র যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়, তখন দেশটির কাছে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল। এর মধ্যে কী পরিমাণ ইউরেনিয়াম অক্ষত রয়েছে, তা স্পষ্ট নয়।
আরাঘচি বলেন, ‘আমি বিশ্বাস করি পারমাণবিক উপাদানের বিষয়ে একটি ন্যায্য সমাধানে পৌঁছানো সম্ভব, যা আমাদের জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে হবে এবং একই সঙ্গে দেশের চাহিদাও পূরণ করবে।’
অন্যদিকে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তারা একটি চুক্তি করতে চায়। কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য হবে—এমন কোনো চুক্তি তারা করতে চায় না।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর জবাবে ইসরাইল এবং মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালায় তেহরান। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, দৃষ্টিভঙ্গির দূরত্ব ঘোচানো এবং উপস্থাপিত প্রস্তাবগুলোর মধ্যকার ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে গত মঙ্গলবার বৈঠক করেছেন কাতার ও ইরানের কর্মকর্তারা।





