রিয়াদ লক্ষ্য করে ফের হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি

সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে পিআইএফ টাওয়ারে আঘাত হানছে একটি প্রক্ষেপণাস্ত্র
বিদেশে এখন
0

সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেয়া এই জোট জানায়, আজ শনিবার ভোরে রিয়াদে দফায় দফায় জরুরি সতর্কতা জারির পর ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ও সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ারে হুথিদের হামলায় ক্ষয়ক্ষতির দুই দিন পর নতুন করে এই হামলার ঘটনা ঘটল। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো রিয়াদে জরুরি সতর্কতা জারি এবং কিছুক্ষণ পরই তা প্রত্যাহার করল সৌদি কর্তৃপক্ষ।

সৌদি জোট জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কয়েক ঘণ্টা পর দেশটির দক্ষিণাঞ্চলের দিকে হুথিদের ছোড়া আরেকটি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে নির্দিষ্ট করে কোন প্রদেশকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, তা জানায়নি জোট। এর আগে গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা (গ্রিনিচ মান সময় ভোর সাড়ে ৪টা) থেকে শুরু হওয়া ২৪ ঘণ্টায় আটবার জরুরি গণসতর্কতা জারি করে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

এদিকে গতকাল ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী হুথি-নিয়ন্ত্রিত হোদেইদাহ বন্দর এবং রাজধানী সানার বিভিন্ন সামরিক স্থাপনায় ‘বিশেষ অভিযান’ চালানোর কথা জানায় সৌদি নেতৃত্বাধীন জোট। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চোরাচালান এবং পরিবহনে ব্যবহৃত হোদেইদাহ বন্দরের সক্ষমতা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হোদেইদাহ বন্দরে জোটের এই হামলার পক্ষে অবস্থান নিয়েছে। তাদের অভিযোগ, চোরাচালানের মাধ্যমে ইরানি অস্ত্র আনা এবং সামরিক অভিযান পরিচালনার কাজে বন্দরটির স্থাপনা ব্যবহার করছে হুথিরা।

এর জবাবে জেদ্দা এবং লোহিত সাগর তীরবর্তী সৌদি আরবের অন্যান্য বন্দরে হামলার হুমকি দিয়েছে হুথিরা। সৌদি আরবের আকাশসীমা ‘অনিরাপদ’ উল্লেখ করে উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলোকেও সতর্ক করেছে তারা। একই সঙ্গে রিয়াদের বাণিজ্যিক কেন্দ্র এবং দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আল-শুকাইকের একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলার হুমকি দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি।

চলমান এই উত্তেজনা বৃদ্ধির ঘটনা ‘উদ্বেগের সঙ্গে’ পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করে বলেছে, সংঘাত অব্যাহত থাকলে ইয়েমেনে মানবিক সহায়তা পৌঁছানোর গুরুত্বপূর্ণ সরবরাহ পথগুলো হুমকির মুখে পড়তে পারে।

এএম