জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর, মিথেন গ্যাসের নিঃসরণ কমানোর মতো এজেন্ডা নিয়ে এবারের জলবায়ু সম্মেলন বা কপ থার্টি ওয়ান শুরু হলেও; টানা ১৪ দিনের ধারাবাহিক আলোচনা শেষে রাজনৈতিক সমঝোতার অভাবে বড় কোনো চুক্তি ছাড়াই পর্দা নামলো আসরের। তাইতো সমাপনী বক্তব্যে অনেকটাই হতাশার সুর এবারের সম্মেলনের প্রেসিডেন্ট মুরাত কুরুমের কণ্ঠে।
সম্মেলন শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও সমঝোতার প্রত্যাশায় আলোচনা রোববার পর্যন্ত বর্ধিত করে সদস্য রাষ্ট্রগুলো। কিন্তু চুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায় জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর বিরোধ।
রোববার মতবিরোধ দূর করতে চূড়ান্ত খসড়া পেশ করে আয়োজকপক্ষ। তবে খসড়ায় জীবাশ্ম জ্বালানি শব্দটির উল্লেখ না থাকায় ক্ষুব্ধ হন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। পরে ইইউ প্রতিনিধি ও আইরিশ মন্ত্রী ডারা ও’ ব্রায়েন অভিযোগ করেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য যে পদক্ষেপগুলোর প্রয়োজন, সেগুলোর উল্লেখ নেই খসড়ায়।
ইইউ প্রতিনিধি ও আইরিশ মন্ত্রী ডারা ও’ ব্রায়েন বলেন, ‘যতবারই আমরা সংশোধনী পেশ করেছি ততবারই আমাদের স্পষ্ট বার্তা ছিল জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টি যাতে চুক্তিতে উল্লেখ থাকে। কিন্তু চূড়ান্ত খসড়াটি জলবায়ু সংকটের বাস্তবতাকে তুলে ধরে না এবং এতে প্রয়োজনীয় উচ্চাকাঙ্ক্ষাও নেই।’
একই কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু বিষয়ক কমিশনারও। অভিযোগ করেন, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রয়োজনীয়তা স্পষ্টভাবে তুলে ধরতে পারেনি আয়োজকরা।
আরও পড়ুন:
ইইউয়ের জলবায়ু বিষয়ক কমিশনার ওপকে হোকস্ট্রা বলেন, ‘জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রয়োজনীয়তাকে স্পষ্টভাবে তুলে ধরতে পারেনি আয়োজক পক্ষ। এছাড়া জলবায়ু সংকট মোকাবিলায় যে ন্যায়সঙ্গত ও সুষ্ঠু রূপান্তরের প্রয়োজন তা খসড়ায় অনুপস্থিত।’
এর আগে প্রথম খসড়ায় ‘জীবাশ্ম জ্বালানি’ শব্দটি ছয়বার উল্লেখ থাকায় এর বিরোধিতা করে তেল উৎপাদনকারী দেশগুলো।
এদিকে কোনো চুক্তি ছাড়াই ইতিহাসের দীর্ঘতম কপ সম্মেলন শেষ হওয়ায় চটেছেন জাতিসংঘ মহাসচিব। এসময় তিনি জীবাশ্ম জ্বালানি সংশ্লিষ্ট প্রভাবশালী মহলের কঠোর সমালোচনা ও অভিযোগ করে তিনি বলেন, এসব গোষ্ঠী বিজ্ঞানের তথ্য বিকৃত করে কোটি কোটি অর্থ আয় করছে। ফলে এর খেসারত দিচ্ছে বিশ্ব।
আর কপ সম্মেলনে ব্যর্থতার দায়ে সম্মেলনের আলোচনায় সভাপতিত্ব করা অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী ক্রিস বোয়েনের পদত্যাগ দাবি করেছে বিরোধীরা। তবে চুক্তি ভেস্তে যাওয়ায় ভূ-রাজনীতির জটিল সমীকরণকেও দায়ী করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ‘ভূ-রাজনীতির জটিল সমীকরণে বিশ্ব। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে অস্ট্রেলিয়ার আলোচনা অব্যাহত। আর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা প্রশান্ত মহাসাগরের রাষ্ট্রগুলোর প্রথম অগ্রাধিকার। এই সপ্তাহেই আপনারা এর কিছু প্রতিফলন দেখতে পাবেন।’
এর আগে সবশেষ ২০০৯ সালে কোপেনগেন সম্মেলনও সমঝোতার দ্বারপ্রান্তে এসে রাজনৈতিক সমঝোতার অভাবে শেষ পর্যন্ত চুক্তি ভেস্তে গিয়েছিল।





