সরকারের ডিজিটাল নীতি ঘিরে তোলপাড় ভারত, মেটার বিরুদ্ধে হাইকোর্টে মামলা

ভারতে মেটার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি
বিদেশে এখন
0

মোদি সরকারের ডিজিটাল নীতি ঘিরে তোলপাড় ভারত, ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছে প্রধান বিরোধীদল কংগ্রেস। রাজনৈতিক পোস্ট সরানোর পাশাপাশি ৬ মাসে ৫৪ লাখের বেশি ডিজিটাল কন্টেন্টে বিধিনিষেধ আরোপের জেরে শুরু হয়েছে ব্যাপক প্রতিবাদ কর্মসূচি।

মার্ক বিজেপিবার্গ, মেটা ইজ দ্য সন অফ বিজেপি— এমন বিচিত্র লেখা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে রাজপথে একদল তরুণ, স্লোগানে মুখর রাজপথ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে একের পর এক তোলা হচ্ছে পুলিশের ভ্যানে। দৃশ্যটি ভারতের ব্যাঙ্গালুরুর।

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নিয়ন্ত্রণ নিয়ে বড় ধরনের রাজনৈতিক ও আইনি বিতর্কে জড়িয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামের স্বয়ংক্রিয় কনটেন্ট অপসারণ ব্যবস্থার বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হয়েছে দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেস।

দলটির অভিযোগ, এই ব্যবস্থার মাধ্যমে বিরোধী নেতাদের রাজনৈতিক পোস্ট, ছবি ও বিভিন্ন বক্তব্য অন্যায়ভাবে আটকে দেয়া হচ্ছে। এমনকি বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে নিয়ে করা একাধিক পোস্টও সরিয়ে দেয়া হয়েছে।

আরও পড়ুন:

এরই জেরে বৃহস্পতিবার, মেটা ও ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছে কংগ্রেস। আর মোদি সরকারের ডিজিটাল নীতি ঘিরে সপ্তাহ ধরেই চলছে রাজনৈতিক প্রতিবাদ। ভারতের নতুন স্বয়ংক্রিয় কনটেন্ট অপসারণ ব্যবস্থা রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করছে বলে অভিযোগ প্রধান এ বিরোধীদলটির। রাজনৈতিক বক্তব্য ছাড়াও সাধারণ শুভেচ্ছাবার্তা, স্মৃতিচারণ এবং ব্যক্তিগত আমন্ত্রণপত্রও বিধিনিষেধের মুখে পড়ছে।

আদালতের কাছে নতুন এই স্বয়ংক্রিয় কনটেন্ট অপসারণের নির্দেশনা বাতিলের দাবি জানিয়েছে কংগ্রেস। আগামী কয়েকদিনের মধ্যে মামলার শুনানি শুরু হতে পারে বলেও জানায় রয়টার্স।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ নীতিমালায় পরিবর্তন আনে মোদি সরকার। নতুন বিধি অনুযায়ী, প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে, যার মাধ্যমে বিতর্কিত ও জন-নিরপত্তার জন্য হুমকি হতে পারে এমন পোস্ট সরিয়ে ফেলা যায়।

মেটার তথ্য অনুযায়ী, নতুন বিধি মেনে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতে ৫৪ লাখের বেশি পোস্ট বা অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করেছে প্রতিষ্ঠানটি। অথচ পুরো ২০২৫ সালে এ ধরনের বিধিনিষেধের সংখ্যা ছিলো মাত্র ৭০ হাজার।

এসএইচ