দীর্ঘশ্বাস ফেলে বার্তা সংস্থা এএফপিকে মান্দি বাড বলেন, ‘বেঁচে আছি, এতেই আমি খুশি। এই ভাইরাসে মারা যাওয়া মানুষদের একজন আমিও হতে পারতাম। চিন্তাটা সত্যিই ভয়ংকর।’ সাম্প্রতিক মাসগুলোয় ক্যালিফোর্নিয়ায় অসময়ে তীব্র গরম ও আর্দ্রতা দেখা গেছে, যা মশার বংশবৃদ্ধির জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ তৈরি করেছে।
ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল উগান্ডায় এবং ১৯৯৯ সালের আগে যুক্তরাষ্ট্রে এর অস্তিত্ব পাওয়া যায়নি। রোগবাহী পাখিকে কামড়ানোর পর মশা এই ভাইরাসে সংক্রমিত হয় এবং পরে তা মানুষের শরীরে ছড়িয়ে দেয়। এই ভাইরাস সম্পর্কে এখনো খুব বেশি জানা যায়নি এবং এর কোনো টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসাও নেই। সংক্রমিত বেশির ভাগ মানুষের শরীরে কোনো উপসর্গ দেখা যায় না কিংবা সাধারণ ফ্লুর মতো হালকা অসুস্থতা দেখা দেয়। তবে প্রায় ১ শতাংশ ক্ষেত্রে এই ভাইরাস মস্তিষ্কে প্রাণঘাতী সংক্রমণ ঘটাতে পারে, যা থেকে স্মৃতিভ্রংশ ও পক্ষাঘাতের (প্যারালাইসিস) মতো স্নায়বিক জটিলতা তৈরি হয়।
মানবিক সহায়তা সংস্থার পরামর্শক মান্দি বাডের ক্ষেত্রেও গত সেপ্টেম্বরে এমনটাই ঘটেছিল। শুরুতে কোমরের ব্যথাকে তিনি সায়াটিকার ব্যথা ভেবে ভুল করেছিলেন। একপর্যায়ে পা দুটি আর শরীরের ভার বইতে না পারায় তিনি লুটিয়ে পড়েন। লস অ্যাঞ্জেলেসের কাছে বারব্যাংকের একটি হাসপাতালে নেয়ার পর তার শরীরের তাপমাত্রা বেড়ে ১০৩ ডিগ্রি ফারেনহাইটে (৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস) পৌঁছায়। চিকিৎসকেরা প্রচেষ্টা চালিয়ে তাকে বাঁচিয়ে তোলেন।
হাসপাতালে নতুন করে দাঁড়ানোর সক্ষমতা ফিরে পেতে ফিজিক্যাল থেরাপি নেয়ার ফাঁকে এএফপিকে বাড বলেন, ‘বিষয়টি ভয়ংকর।’ জীবনের বেশির ভাগ সময় ফ্লোরিডার মতো গ্রীষ্মমণ্ডলীয় ও মশাপ্রবণ অঙ্গরাজ্যে কাটানো বাড কখনো কল্পনাও করেননি যে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে এসে তিনি ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হবেন। তিনি বলেন, ‘ক্যালিফোর্নিয়ার এমন চমৎকার আবহাওয়ায় এসে আমার এই রোগ হবে, তা কখনো ভাবিনি।’
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের (ইউসিএলএ) সেন্টার ফর ট্রপিক্যাল রিসার্চের জীববিজ্ঞানী রায়ান হ্যারিগান জানান, ওয়েস্ট নাইল ভাইরাসের বিস্তার ক্রমেই বাড়ছে এবং এর পেছনে জলবায়ু পরিবর্তনের আংশিক ভূমিকা রয়েছে। তিনি বলেন, ‘জলবায়ু উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ঐতিহাসিকভাবে গ্রীষ্মমণ্ডলীয় হিসেবে বিবেচিত এই রোগগুলো উত্তর দিকে ছড়িয়ে পড়ছে। ইউরোপেও একই চিত্র দেখা যাচ্ছে, যেখানে ওয়েস্ট নাইল ভাইরাস নাতিশীতোষ্ণ অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে।’ চলতি বছর ইউরোপের ২০টি দেশে ২ হাজারের বেশি মানুষের শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি, গ্রিস ও ফ্রান্স; দেশগুলোয় ভূমধ্যসাগরীয় অঞ্চলের বাইরেও ভাইরাসটি ছড়িয়ে পড়ছে।
এদিকে ক্যালিফোর্নিয়ায় গত বসন্তে রেকর্ডভাঙা তাপপ্রবাহ এবং এল নিনোর প্রভাবে প্রচণ্ড গরমের গ্রীষ্মকাল দেখা গেছে। এছাড়া অসময়ের উষ্ণ শরৎকালে একটি মৌসুমি ঝড়ও আঘাত হানে। এর ফলে জমে থাকা পানিতে মশার বংশবৃদ্ধির আদর্শ পরিবেশ তৈরি হয়। হ্যারিগান এএফপিকে বলেন, ‘বসন্তের শুরু থেকে একেবারে শীতকাল পর্যন্ত আমরা এসব জীবাণুবাহী মশার জন্য অনুকূল পরিবেশ দেখতে পাচ্ছি। এটি ওয়েস্ট নাইল ভাইরাসের বিস্তারের চক্রকে দীর্ঘায়িত করছে।’
ক্যালিফোর্নিয়ার মধ্যে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে এই ভাইরাসের প্রাদুর্ভাব সবচেয়ে তীব্র। সেখানে এবার স্বাভাবিক সময়ের দুই মাস আগেই, অর্থাৎ গত মে মাসে প্রথম সংক্রমিত মশা শনাক্ত হয় বলে জানান স্থানীয় মশা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ব্যবস্থাপক সুজান ক্লুহ। মশার প্রজনন চক্র থামাতে তার দল প্রতি মাসে বৃষ্টির পানি নিষ্কাশনের নালায় লার্ভা ধ্বংসকারী ওষুধ ছিটানো এবং প্রকৃতিতে বন্ধ্যাকরণ করা পুরুষ মশা ছেড়ে দেয়ার মতো নানা পদক্ষেপ নিচ্ছে। এছাড়া সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা বাড়িঘর বা পরিত্যক্ত সুইমিং পুলে মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতেও কাজ করছেন তারা।
তবে সুজান ক্লুহ বলেন, ‘প্রত্যেকের বাড়ির আঙিনায় গিয়ে আমাদের পক্ষে কাজ করা খুবই কঠিন।’ তিনি স্থানীয় বাসিন্দা ও ট্যুরিস্টদের বিশেষ করে ভোর ও সন্ধ্যার সময় মশা তাড়ানোর ওষুধ (রেপেলেন্ট) ব্যবহারের পরামর্শ দিয়েছেন। এল নিনোর প্রভাবে ক্যালিফোর্নিয়ায় বৃষ্টিপাত বাড়তে থাকায় এই সতর্কতা আরও জরুরি হয়ে পড়েছে। কারণ আবহাওয়া আবার উষ্ণ হলেই মশার বংশবৃদ্ধির জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি হবে। ক্লুহ জানান, এই বাড়তি বৃষ্টিপাত বসন্তকাল পর্যন্ত স্থায়ী হয় কি না এবং একই সময়ে তাপমাত্রাও বাড়ে কি না, সেটিই এখন মূল প্রশ্ন ও উদ্বেগের বিষয়।





