সিলেট নগরীর ভিআইপি রোড বিমানবন্দর থেকে সার্কিট হাউজ পর্যন্ত ১৮ কিলোমিটারের মধ্যে অবৈধভাবে গড়ে উঠেছে প্রায় ৪০টিরও বেশি সিএনজি অবৈধ ষ্ট্যান্ড।
অন্যান্য রাস্তার অবস্থা আরও করুণ। বাসা-বাড়ি, দোকানপাঠ এমনকি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মূখে বসানো হয়েছে যানবাহনের অবৈধ ষ্ট্যান্ড। আর এ কারনে নগরীতে যানজট লেগেই থাকে। ফলে দূর্ভোগে পড়েন বিভিন্ন কাজে ঘর থেকে বের হওয়া মানুষ।
স্থানীয়রা জানান, যত্রতত্র ৪-৫টি সিএনজি স্ট্যান্ড। বৈধ সিএনজি স্ট্যান্ড বলতে কিছু নেই, যা আছে সব রাস্তার ওপরই। এতে হরহামেশাই জ্যাম তৈরি হয় এবং জ্যামের কারণে যাতায়াতে ভোগান্তিতে পড়তে হয় তাদের।
বৈধ কোনো ষ্ট্যান্ড না থাকায় অবৈধ ষ্ট্যান্ড ব্যবহারকারী যানবাহনের চালকরাও জানালেন তাদের ক্ষোভের কথা। জানান, স্ট্যান্ডের তুলনায় সিএনজি বেশি থাকায় বাধ্য হয়েই রাস্তায় যত্রতত্র গাড়ি রাখতে হয় তাদের।
নগরীতে অবৈধ স্ট্যান্ডের বিষয়টি নজরে রয়েছে জানিয়ে নগর প্রশাসক বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে এসবের সমাধানের জন্য নির্দিষ্ট পরিকল্পনা করা হয়েছে। আর পুলিশ বলছে, অবৈধ ষ্ট্যান্ড দ্রুত সরিয়ে নিতে অভিযান চলমান রেখেছেন তারা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুদীপ্ত রায় বলেন, ‘এত সিএনজি রেজিস্ট্রেশন করা হয়েছে, এত ছোট শহর, সরু রাস্তা, আবার এমন কিছু জায়গা আছে যেখানে আসলেই তাদের কোনোভাবেই দাঁড়ানোর কথা নয়, অনুমতি নেই। আমরা সিটি করপোরেশনের মেয়রের সঙ্গেও কথা বলেছি, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গেও কথা বলেছি এবং আমরা অভিযান শুরু করেছি।’
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘প্রাথমিক পর্যায়ে আমরা কাজ শুরু করছি। পুলিশ উদ্যোগ নেবে এবং যারা সিএনজি সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়ন বা মালিক আছেন, তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে আমরা কাজগুলো করবো।’
পূণ্যভূমি সিলেট নগরী থেকে যানবাহনের অবৈধ ষ্ট্যান্ড সরিয়ে, যানজটমুক্ত একটি নগরী উপহার দেবেন সংশ্লিষ্টরা-এমনটাই প্রত্যাশা সিলেটবাসীর। শুধু লোক দেখানো অভিযান নয়, অবৈধ স্ট্যান্ড স্থায়ীভাবে উচ্ছেদ চান নগরবাসী।





