থাইল্যান্ডের ‘ইয়ে পেং লান্না’ আলোক উৎসবে ঘটা করে আকাশে ফানুস বা প্রদীপ জ্বালানো হচ্ছে। তাই উড়োজাহাজ চলাচলের পথ নিরাপদ রাখতে প্রায় অর্ধশত ফ্লাইট বাতিল করেছে চিয়াং মাই আন্তর্জাতিক বিমানবন্দর। আরও প্রায় দু’শো ফ্লাইটের সময়সূচি পরিবর্তন হয়েছে। শুনতে অদ্ভুত লাগলেও থাইল্যান্ডের ঐতিহ্যবাহী ‘ইয়ে পেং লান্না’ আলোক উৎসবকে ঘিরে এভাবেই প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিবছর লান্না চান্দ্র পঞ্জিকার দ্বিতীয় মাসের পূর্ণিমা তিথিতে থাইল্যান্ডের চিয়াং মাই শহরে জাঁকজমকপূর্ণভাবে এই উৎসব হয়। যার সবচেয়ে বড় আকর্ষণ হলো পাতলা কাগজ ও বাঁশ দিয়ে তৈরি হাজার হাজার ফানুস বা ‘খোম লয়’ রাতের আকাশে ওড়ানো।
বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, ফানুস আকাশে উড়িয়ে দিলে অতীতের দুর্ভাগ্য, দুঃখ ও নেতিবাচকতা দূর হয়ে জীবনে সৌভাগ্য ও নতুন সূচনা আসে।
এখানে না থাকলে ছবি বা ভিডিওর মতো অভিজ্ঞতাটা বুঝতে পারবেন না। এখানকার পরিবেশ, মানুষ, সংগীত,আতশবাজি—সবকিছুই অসাধারণ। এটা সত্যিই খুব মজার। আপনাকে এখানে আসতেই হবে। ছবি বা ভিডিও সবসময় আসল সৌন্দর্য তুলে ধরতে পারে না। এখানকার সংস্কৃতি, মানুষজন, ফানুস, ফানুস জ্বালানো, পরিবার, বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে আনন্দ করা—এসবকিছু অনুভব করার জন্য আপনাকে এখানে আসতেই হবে।
ইয়ে পেং উৎসবটি থাইল্যান্ডের আরেকটি বিখ্যাত উৎসব লোই ক্র্যাথং এর সাথে একই সময় পালিত হয়। তাই একদিকে যেমন আকাশে হাজারো ফানুস ওড়ে, অন্যদিকে নদীর পানিতে কলাপাতা, ফুল ও মোমবাতি দিয়ে তৈরি ভেলা বা ‘ক্র্যাথং’ ভাসানো হয়। উৎসবে স্থানীয়রা বাড়িঘর, বাগান এবং বৌদ্ধ মন্দিরগুলো রঙিন কাগজের লন্ঠন এবং মাটির প্রদীপ জ্বালিয়ে আলোকিত করেন।
উৎসবে আসা এক দর্শনার্থী বলেন, ‘অত্যন্ত সুন্দর দৃশ্য। একই সাথে আকাশে হাজার হাজার ফানুস উড়ছে। আলোয় আকাশ ভরিয়ে তুলেছে। এক অসাধারণ দৃশ্য। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এমন একটি অভিজ্ঞতা জীবনে একবারই ঘটে। আর এ অভিজ্ঞতা পেতে আপনাকে অন্তত একবার এখানে আসতেই হবে।’
এদিনে, শহরের মন্দির ও নদীর ঘাটগুলোতে আলোকসজ্জা ও সাংস্কৃতিক শোভাযাত্রা দেখা যায়। লাইভ মিউজিকের সাথে সাথে প্রতিধ্বনিত হয় উল্লাসধ্বনি। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা স্থানীয়দের সাথে উৎসবে যোগ দেন। সবাই মিলে বুদ্ধকে নিবেদন করেন আলোর অর্ঘ। হাজার হাজার ফানুস ওড়ানো উপভোগ করতে চাইলে শহরের বাইরের নির্ধারিত ভেন্যু থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করতে হয় দর্শকদের।





