আগামীকাল শুরু হবে জি-৭ সম্মেলন, বিশ্বনেতাদের বরণে প্রস্তুত শহর

জি-৭ ভুক্ত দেশগুলোর পতাকা
ইউরোপ
বিদেশে এখন
1

মধ্যপ্রাচ্য সংঘাত ও ইউক্রেন যুদ্ধের মাঝেই আগামীকাল (সোমবার, ১৫ জুন) ফ্রান্সে শুরু হতে যাচ্ছে জি-৭ সম্মেলন। এবারের আয়োজনে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক সংকট ও বিশ্ব অর্থনীতির ভারসাম্যহীনতা নিয়ে আলোচনা করবেন জোটভুক্ত দেশের নেতারা। আলোচ্যসূচিতে স্থান পাবে হরমুজ সচল ও ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গও। তিনদিনের এবারের সম্মেলনের পর্দা নামবে বুধবার (১৬ জুন)।

স্বচ্ছ জলরাশি ও বোতলজাত পানির জন্য বিশ্বের জনপ্রিয় ফ্রান্সের পর্যটন শহর এভিয়ান- লি বা’র। সোমবার আল্পস পর্বতমালার হ্রদ তীরবর্তী শহরটিতে শুরু হতে যাচ্ছে শক্তিশালী সাত অর্থনৈতিক দেশের জোট- জি-সেভেন সম্মেলন।

এর মধ্যে ট্রাম্প, স্টারমার, সানায়ে তাকাইচিসহ জোটভুক্ত দেশগুলোর নেতাদের বরণ করে নিতে প্রস্তুত শহরটি। দ্বিতীয়বার জি-সেভেনের মতো আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক হতে পেরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ।

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘এখানকার পরিবেশ সবসময় মনোরম। তবে যেকোনো আন্তর্জাতিক সম্মেলন আসলেই এটি বিশেষভাবে অনুভব হয়।’

এর আগে ২০০৩ সালে জি এইট সম্মেলনের আয়োজক ছিল এভিয়ান। তবে ২০১৪ সালে মস্কো ক্রিমিয়া দখলের পর জোটটি থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয়।

সম্মেলন ঘিরে বাড়তি নিরাপত্তায় এভিয়ান। যেখানে পর্যটকের ভিড়ে সবসময় ভিড় লেগেই থাকে শহরটির রাস্তাঘাট, রেস্টুরেন্ট ও দোকানপাট গুলোতে, সেখানে এখন শুনসান নীরবতা। এনিয়ে তিক্ত প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক বাসিন্দা।

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘আমরা লকডাউনে আছি। যেমনটা করোনার সময় ছিলাম।’

আরও পড়ুন:

অন্য একজন বলেন, ‘পাস কার্ড না থাকলে শহরে কেউ প্রবেশ করতে পারছে না। এমনকি পার্কিং লটগুলোতেও আমাদের প্রবেশাধিকার নেই।’

শহরে বসবাসকারী একজন বলেন, ‘রাষ্ট্রপ্রধানরা কোনো বিধিনিষেধ ছাড়া শহরে আসলে কোনো অসুবিধা ছিল না। আমাদের সবারই অনেক কাজ রয়েছে। কিন্তু বিধিনিষেধের কারণে তা ভেস্তে যাচ্ছে।’

এদিকে মধ্যপ্রাচ্য সংঘাত ও ইউক্রেন যুদ্ধ ঘিরে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মতপার্থক্যের মাঝেই এবারের সম্মেলনে, ক্রমবর্ধমান ভূ- রাজনৈতিক সংকট ও বিশ্ব অর্থনীতির ভারসাম্যহীনতা নিয়ে আলোচনা করবেন জোটভুক্ত দেশের নেতারা।

এর মধ্যে সম্মেলনের আলোচ্যসূচিতে বেশ কয়েকটি অগ্রাধিকারমূলক ক্ষেত্র চিহ্নিত করেছে আয়োজক দেশ ফ্রান্স। যার মধ্যে রয়েছে ভারসাম্যপূর্ণ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার ও গুরুত্বপূর্ণ খনিজের সরবাহ চেইন সচল রাখা। এছাড়া হরমুজ ও ইউক্রেন ইস্যুতে নেতারা আলোচনা করবে বলেও ধারণা করা হচ্ছে।

এদিকে সম্মেলেনের মাঝে ১৭ জুন সাইডলাইন বৈঠকে বসবেন ট্রাম্প ও নরেন্দ্র মোদি। ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক মৃত্যুর পর, মোদি- ট্রাম্পের বৈঠক ঘিরে কূটনৈতিক মহলে যুক্ত করেছে আলাদা উত্তেজনা।

এসএস