ইতালিতে কাউকে পানি বা তরল ছুড়ে মারলে শাস্তি কী

পানি বা তরল ছুড়ে মারার দৃশ্য
ইউরোপ
বিদেশে এখন
0

ইতালিতে কারও শরীরে পানি বা অন্য কোনো তরল ছুড়ে মারা পরিস্থিতিভেদে ‘পারকোসে’ বা শারীরিকভাবে আঘাত করার অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড অথবা ৩০৯ ইউরো পর্যন্ত জরিমানার বিধান রয়েছে দেশটির দণ্ডবিধির ৫৮১ ধারায়।

ইতালির দণ্ডবিধির ৫৮১ ধারায় বলা হয়েছে, কাউকে আঘাত করার ঘটনায় শরীর বা মনে কোনো অসুস্থতা সৃষ্টি না হলেও তা ‘Percosse’ হিসেবে অপরাধ হতে পারে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৩০৯ ইউরো জরিমানার বিধান রয়েছে। সাধারণভাবে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এ অপরাধের বিচারপ্রক্রিয়া শুরু হয়।

আইনি ব্যাখ্যায় ‘Percosse’ শুধু ঘুষি বা লাথির মধ্যে সীমাবদ্ধ নয়। ইতালীয় আইনবিষয়ক ব্যাখ্যায় ধাক্কা দেয়া বা চুল টানার মতো শারীরিক সহিংস আচরণও এর আওতায় পড়তে পারে।

আরও পড়ুন:

তবে পানি বা কোমল পানীয় ছুড়ে মারার প্রতিটি ঘটনাই স্বয়ংক্রিয়ভাবে ৫৮১ ধারার অপরাধ হবে, এমন সরাসরি বিধান আইনে নেই। ঘটনার ধরন, উদ্দেশ্য, শারীরিক প্রভাব এবং অন্যান্য পরিস্থিতি বিবেচনায় আইন প্রয়োগ করা হয়। ইতালিতে পানি বা তরল ছোড়ার ঘটনাকে শারীরিক সহিংসতার অংশ হিসেবে নথিভুক্ত হওয়ার উদাহরণও রয়েছে।

অন্যদিকে, কোনো ঘটনায় শরীর বা মনে ‘অসুস্থতা’ বা চিকিৎসাগত ক্ষতি সৃষ্টি হলে বিষয়টি দণ্ডবিধির ৫৮২ ধারার ‘Lesioni personali’ বা শারীরিক আঘাতের অপরাধের পর্যায়ে যেতে পারে। এ ধারায় সাধারণ ক্ষেত্রে ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

ফলে ইতালিতে বসবাসরত প্রবাসী ও নাগরিকদের প্রতিবাদ, ক্ষোভ বা বিরোধের সময় কারও শরীরে পানি, পানীয় কিংবা অন্য কোনো বস্তু ছুড়ে মারার মতো আচরণ থেকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে। কারণ, ঘটনাটি পরিস্থিতিভেদে ফৌজদারি অভিযোগের কারণ হতে পারে।

এসএস