ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা, পাল্টা হুমকি হুথিদের

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

রিয়াদে হামলার জবাবে হুথি-নিয়ন্ত্রিত হোদাইদাহ বন্দর ও সানাসহ ইয়েমেনের বিভিন্ন স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। লক্ষ্যবস্তু করা হচ্ছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র। জবাবে লোহিত সাগর তীরবর্তী সৌদি বন্দর ও আকাশসীমা অচল করে দেয়ার হুমকি হুথিদের। এদিকে সুনির্দিষ্ট সাতটি শর্ত বাস্তবায়নের করলে হরমুজ সচলের আশ্বাস দিয়েছে ইরান। তবে ইউরেনিয়ামের মজুদ সরাবে না ইসলামি প্রজাতন্ত্র। আর ট্রাম্পের অভিযোগ, যুদ্ধ শেষ করতে চুক্তি চাইলেও কোনো শর্তই মানতে রাজি না তেহরান।

দেশগুলোতে চলমান সংকট এবং বিভিন্ন ফ্রন্টে পাল্টাপাল্টি সংঘাতের সাম্প্রতিক পরিস্থিতি বলছে মধ্যপ্রাচ্যে শিগগিরই শান্তির আভাস নেই।

রিয়াদের বিভিন্ন স্থানে কয়েক দফা হামলার জবাবে হুথি-নিয়ন্ত্রিত হোদাইদাহ বন্দর ও সানাসহ ইয়েমেনের বিভিন্ন স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। সৌদি বাহিনীর দাবি, হুথিদের অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চোরাচালান ও পরিবহনে ব্যবহৃত স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। হামলার আগে জোটের পক্ষ থেকে বেসামরিক নাগরিক ও কর্মীদের বন্দর এলাকা খালি করার সতর্কতা দেয়া হয়।

এছাড়া সানা প্রদেশে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলোতেও হামলা চালিয়েছে সৌদি জোট। জোটের দাবি, সেখানে ৭টি সামরিক সাইট, ক্ষেপণাস্ত্র লঞ্চার ও ড্রোন তৈরির ৬টি ওয়ার্কশপ এবং একটি প্রধান সরবরাহ ডিপো ধ্বংস করা হয়েছে। পাশাপাশি সাদা ও তাইজ প্রদেশেও অভিযান অব্যাহত ছিল।

অন্যদিকে লোহিত সাগরের তীরবর্তী সৌদি বন্দর ও দেশটির আকাশসীমায় পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে হুথিরাও। হুথিদের এসব হামলার জেরে টানা তৃতীয় রাতের মতো রিয়াদে জরুরি সতর্কতা জারি করা হয়ে। যদিও, পরে তা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।

আরেকদিকে, ইরান যুদ্ধ বন্ধের আলোচনার টেবিলেও অনিশ্চয়তা। সম্প্রতি, রাষ্ট্রীয় সংবাদপত্রে হরমুজ প্রণালি ফের পুনরায় খুলে দেয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ বিষয়ে তেহরানের অবস্থান তুলে ধরেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সেখানেও স্পষ্ট যুক্তরাষ্ট্র-ইরানের মতবিরোধের বিষয়।

ইরানের দেয়া সাতটি শর্ত বাস্তবায়ন করলেই ফের হরমুজ প্রণালি খুলে দেয়া হবে বলে জানিয়েছেন, আব্বাস আরাঘচি। গেল জুনের ওয়াশিংটনের হওয়া চুক্তির প্রসঙ্গে তিনি জানান, ‘ইসলামাবাদ স্মারকলিপি’ এখন আর আলোচনার টেবিলে নেই, কার্যত সেটি আর প্রযোজ্য নয়।

আরও পড়ুন:

এছাড়া ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বিদেশে স্থানান্তরের প্রস্তাব ফের নাকচ করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, সমৃদ্ধ পারমাণবিক উপাদান দেশ থেকে বাইরে যাবে না এবং এসব মজুত প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে। এছাড়া, ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কর্পসের কমান্ডার গত শুক্রবার বলেছেন, ইরানের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক শক্তি ব্যবহার করেও উদ্দেশ্য পূরণে ব্যর্থ যুক্তরাষ্ট্র।

ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কর্পসের কমান্ডার আহমদ ওয়াহিদি বলেন, ‘মাঝে মাঝে পারস্য উপসাগরে ১২০টি পর্যন্ত পশ্চিমা সামরিক জাহাজ থাকতো। কখনও ৭০ থেকে ৮০টি থাকতো। এখন বেশ কয়েক মাস ধরে হরমুজ প্রণালির ভেতরে বা বাইরে কোথাও তাদের কোনো চিহ্ন নেই। আমাদের শত্রুদের অবশ্যই বুঝতে হবে, পরাজয় স্বীকার করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। তাদের উপলব্ধি করতে হবে, তাদের এই অঞ্চল ছেড়ে যাওয়ার কোনো বিকল্প নেই।’

আরেকদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করতে চুক্তি চাইলেও কোনো শর্ত মানতে রাজি নয় তেহরান। এছাড়া ইরানের ডার্টি বোমা তৈরি ও সেটি ওয়াশিংটনে হামলায় ব্যবহারের খবরটিকে গুজব আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি আরও বলেন, ইরান যদি সত্যিই এমনটা করে থাকে, তবে যুক্তরাষ্ট্র তা খুঁজে বের করে প্রতিরোধ করবে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তিনি তথাকথিত “ডার্টি বোমা”র কথা বলছেন। আমি জানি না। একটা গুজব আছে যে, তারা একটি ডার্টি বোমা তৈরি করছে। ইরানে কী ঘটছে সে সম্পর্কে আমরা অনেক কিছু জানি। তারা যা বলে আমরা তার সবকিছুই জানি। আমরা জানি তারা কারা, তারা কোথায় আছে। আমরা এর খোঁজ নেব। আমরা এটা হতে দেব না।’

এছাড়া অপারেশন ইকোনমিক আউটকাস্টের অধীনে আরও চার ইরানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন ট্রেজারি বিভাগ।

এসএস