২৫০তম স্বাধীনতা দিবসের উৎসবে মুখর যুক্তরাষ্ট্র, বিতর্কে ম্লান উচ্ছ্বাস

স্ট্যাচু অব লিবার্টি
উত্তর আমেরিকা , দক্ষিণ আমেরিকা
বিদেশে এখন
0

২৫০তম স্বাধীনতা দিবস ঘনিয়ে আসায়, উৎসবটিকে বরণ করতে নানা আনুষ্ঠানিকতায় মেতেছেন মার্কিনীরা। ওয়াশিংটনে আয়োজন করা হয়েছে ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’। দিবসটি ঘিরে নানা জমকালো পরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন বিমান ও নৌবাহিনীও। তবে ট্রাম্প প্রশাসনের নানা বিতর্কিত নীতির কারণে উৎসব ঘিরে মুখে হাসি নেই অনেক মার্কিনিদের মধ্যেও।

আগামী ৪ঠা জুলাই ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবে যুক্তরাষ্ট্র। তবে এর কয়েকদিন আগে থেকেই, দিবসটিকে বরণ করে নিতে নানা আনুষ্ঠানিকতায় মেতেছেন মার্কিনিরা।

এরই ধারাবাহিকতায় প্রখর রোদের মাঝেই সম্প্রতি উত্তর অ্যারিজোনার উইনস্লোতে আদিবাসী সম্প্রদায়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্ট্যান্ডিং হর্স রুট সিক্সটি সিক্স পাওয়াও উৎসব।

দুইদিনব্যাপী উৎসবে স্থানীয়রা ছাড়াও বিভিন্ন দেশে বাস করা মার্কিন আদিবাসীরাও যোগ দেন। এসময় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামে আদিবাসী সম্প্রদায়ের ভূমিকা ও দেশপ্রেমের কথা তুলে ধরেন আয়োজকরা।

আয়োজকদের মধ্যে একজন বলেন, ‘আমি নিজে অবসরপ্রাপ্ত সৈনিক। যারা উৎসবে এসেছেন, তাদের অধিকাংশই প্রাক্তন সৈনিক। তাদের মধ্যে এখনও দেশপ্রেমিক কর্তব্যবোধ রয়েছে।’

প্রবীণ যোদ্ধাদের জন্য আমরা গর্বিত। তরুণরাও তাদের আদর্শ ধারণ করে সেনাবাহিনীতে যুক্ত হতে চায়। মূলত আমাদের সম্প্রদায়ের মাঝে যোদ্ধা হওয়ার প্রবণতা বেশি।

তবে এতো অবদানের পরও, স্বাধীনতার পরবর্তী আদিবাসী সম্প্রদায়ের প্রতি হওয়া নানা নিপীড়নের কথাও তুলে ধরেন আয়োজকরা।

আরও পড়ুন

স্থানীয় একজন বলেন, ‘আমি একজন গর্বিত মার্কিনী। যুক্তরাষ্ট্রেই জন্মগ্রহণ করেছি। কিন্তু আদিবাসী পরিচয় নিয়ে জীবনধারণ করতে কতটা কষ্ট করতে হয়েছে তা আমি জানি। এখনও পশ্চিমা সমাজে যেসব অধিকার রয়েছে, তার অনেক কিছুই আমাদের নেই। রিজার্ভেশনগুলোর অনেক জায়গায় আমাদের পানির ব্যবস্থা নেই।’

উত্তর অ্যারিজোনা ছাড়াও স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ওয়াশিংটনেও। শহরটির ন্যাশনাল মলে স্বাধীনতা দিবসের মূল আয়োজনের আগে প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’। আয়োজনে আলাদা আলাদা প্যাভিলিয়নে ইউনিয়ন গঠনকারী ৫০টি মার্কিন অঙ্গরাজ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও, শিশু- কিশোরদের জন্য ছিলো নানা বিনোদনমূলক রাইডের ব্যবস্থাও।

কঠিন সময়ের মাঝেই দেশের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। আমার প্রত্যাশা, সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টাবে। তাই সনকিছু ভুলে উদযাপনে মেতেছি।

এছাড়াও, স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত মার্কিন বিমান ও নৌ-বাহিনীও। মূল আয়োজনের অংশ হিসেবে লাস ভেগাসে আকাশ প্রদর্শনীতে অংশ নেয় মার্কিন বিমানবাহিনী। পাশাপাশি দিবসটি ঘিরে আন্তর্জাতিক সেইল প্যারেডে অংশ নেবে ২০টি বিদেশি রাষ্ট্র ও মার্কিন নৌবাহিনীর প্রতিনিধিত্বকারী ৪৮টি জাহাজ।

তবে স্বাধীনতা দিবস ঘনিয়ে আসলেও হাসি নেই সবার মুখে। ট্রাম্প প্রশাসনের নানা বিতর্কিত নীতির সমালোচনা করেন তারা।

আয়োজকদের মধ্যে একজন বলেন, ‘প্রশাসন যেভাবে আগের পরিকল্পনাগুলো বাতিল করে দিয়েছে, তাতে আমি হতাশ। এ মুহূর্তে সঠিক বিবরণটা আমার মনে পড়ছে না, কিন্তু দশ বছর আগে কংগ্রেস একটি কমিশন কাজ শুরু করেছিল, যার কার্যক্রম মূলত বাতিল করে দেয়া হয়।’

১৭৭৬ সালের ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ১৩টি উপনিবেশ গ্রেট ব্রিটেনের শাসন থেকে মুক্ত হতে নিজেদের স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন করেন। পরে দিনটিকে নিজেদের স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে আসছেন মার্কিনীরা।

জেআর