৭ মার্চের ভাষণ বাজানো: দুই মাস পর জামিনে কারামুক্ত ইমি

শেখ তাসনিম আফরোজ ইমি
আইন ও আদালত
0

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ (ইমি)। গ্রেপ্তারের দুই মাস পর আজ (বৃহস্পতিবার, ৭ মে) সকালে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।

কারাগারের জেলার শিরিন আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। বেলা পৌনে তিনটার দিকে তিনি বলেন, ‘সকালে জামিনের কাগজপত্র কারাগারে এলে তা যাচাই–বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে জামিনে মুক্তি দেয়া হয়।’

চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে নয়টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানো কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজসহ কয়েকজন। রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল তাতে বাধা দেয়।

আরও পড়ুন:

একপর্যায়ে এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলী রিকশাসহ শেখ তাসনিম আফরোজ ও আবদুল্লাহ আল মামুনকে শাহবাগ থানার ভেতরে নিয়ে যান। এসময় থানার ভেতরেই আবদুল্লাহ আল মামুনকে মারধর করা হয়। পরে পুলিশ তাদের আটক করে রাখে। পরদিন থানা হেফাজতে আটক থাকা আসিফ আহমেদ সৈকতসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

এই মামলায় গত ৩০ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পান তাসনিম আফরোজ। জামিন চেয়ে ইমির করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এসএস