নির্বাচনের আগে কেউ কেউ ‘টিকিটও’ বিলি করেছিল: সংসদে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী
দেশে এখন
0

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের আগে অন্যান্য রাজনৈতিক দলের নানা প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, অতীতে অনেকেই বিভিন্ন রকম ‘টিকিট’ বিলি করেছিল, কিন্তু জনগণ তাদের প্রত্যাখান করেছে।

আজ (বুধবার, ১ এপ্রিল) জাতীয় সংসদে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশারফ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আজ সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, বিগত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতি জনগণের যে বিপুল সমর্থন ও ম্যান্ডেট দেখা গেছে, তাতেই প্রমাণিত হয় মানুষ বর্তমান সরকারের পরিকল্পনার ওপর আস্থাশীল। তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ যে সকল পরিকল্পনা এই মহান জাতীয় সংসদে আপনার মাধ্যমে আমি উপস্থাপন করেছি, সেগুলোর প্রতি জনগণের পূর্ণ সমর্থন আছে।’

আরও পড়ুন:

সংসদ সদস্য এ বি এম মোশারফ হোসেন তার প্রশ্নে অতীতের রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে বলেন, ‘আগে বিনামূল্যে সার, ঘরে ঘরে চাকরি বা ডিজিটাল বাংলাদেশের মতো প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রতারিত করা হয়েছিল এবং দেশ অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছিল।’ তিনি জানতে চান, বর্তমান সরকারের দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের কতটুকু সহায়তা করবেন।

আরও পড়ুন:

জবাবে প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, ‘অতীতে বিভিন্ন দল বিভিন্ন রকম কমিটমেন্ট করেছিল। কেউ কেউ এমনকি নির্বাচনের আগে নানা ধরনের ‘‘টিকিট’’ বিলি করার মতো কাজও করেছিল। কিন্তু বিএনপি যে ম্যান্ডেট পেয়েছে, তা জনগণের সেই নতুন স্বপ্নেরই প্রতিফলন।’

আরও পড়ুন:

আগামী দিনে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী সকল সংসদ সদস্যকে আশ্বস্ত করে বলেন, ‘সরকার প্রতিটি পদক্ষেপ বিচার-বিশ্লেষণ করে গ্রহণ করছে।’ জনগণের কল্যাণে নেয়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো প্রকল্পগুলো বাস্তবায়নে সংসদ সদস্যদের যথাযথ সহায়তা দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

এসএস