জুন পর্যন্ত ১২০৪ কিলোমিটার খাল খনন করবে সরকার: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
দেশে এখন
0

চলতি ২০২৬ সালের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খনন করবে সরকার। আর একই সময়ে ১ হাজার ৫০০ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। আজ (বুধবার, এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এ তথ্য দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘দেশের কৃষি, সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নতির লক্ষ্যে চলতি অর্থ বছরের অবশিষ্ট সময়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় মোট ৩১৮ দশমিক ৬৩৯ কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে।’

আরও পড়ুন:

উল্লেখ্য, গত ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে সাহাপাড়া খাল পুনঃখননের মাধ্যমে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির বাস্তবায়ন কার্যক্রম শুরু করেন।

মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আমি অবগত করছি, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় চলমান প্রকল্পের মাধ্যমে ২০২৬ সালের জুন পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় ১২০৪ কিলোমিটার খাল খনন/পুনঃখনন করবে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক ২০২৬ সালের জুন পর্যন্ত কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য), কাবিটা (কাজের বিনিময়ে টাকা), টিআর (টেস্ট রিলিফ) এর মাধ্যমে ১ হাজার ৫০০ কিলোমিচটার খাল পুনঃখনন/সংস্কার করা হবে।’

আরও পড়ুন:

মন্ত্রী জানান, পরবর্তী সময়ে সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ২০ হাজার কিলোমিটার খাল খনন/পুনঃখনন করার জন্য পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নতুন এবং চলমান প্রকল্পের আওতায় অবশিষ্ট খাল খনন/পুনঃখনন সম্পন্ন করবে।

এসএস