খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কি না, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
দেশে এখন
0

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবেন কি না—তা সম্পূর্ণ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি মনে করেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পারস্পরিক আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

আজ (বুধবার, ৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে যদি নিবেদিতভাবে জাতিসংঘের সভাপতির দায়িত্ব পালন করতে হয়, তাহলে সেখানে তাকে সময় দিতেই হবে। তবে এর মানে এই নয় যে তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। এটি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। আমি মনে করি, ওনাদের দুজনের আলোচনার মাধ্যমেই বিষয়টি নির্ধারিত হবে।’

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় গত মঙ্গলবার সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে খলিলুর রহমানের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকোরিস। সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন। নির্বাচনে কাস্টিং হওয়া মোট ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯ ভোট এবং সাইপ্রাসের কাকোরিস পেয়েছেন ৯১ ভোট। ফলে ৮ ভোটের ব্যবধানে সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন:

দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হলো বাংলাদেশ। এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী প্রথম বাংলাদেশি হিসেবে এই মর্যাদাপূর্ণ পদের দায়িত্ব পালন করেছিলেন। তার পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি আগামী এক বছরের জন্য সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব সামলাবেন।

জাতিসংঘের দায়িত্ব পালনের জন্য খলিলুর রহমান এক বছরের ছুটি নিচ্ছেন কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘সেটি উনি নিজেই সিদ্ধান্ত নেবেন এবং তা নিশ্চয়ই আপনারা পরে জানতে পারবেন।’

কূটনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের দায়িত্ব পালনের জন্য খলিলুর রহমান আগামী এক বছর নিউ ইয়র্কেই অবস্থান করবেন। আর এই সময়ে তার পরিবর্তে পররাষ্ট্র মন্ত্রণালয় সামলানোর জন্য একজন ভারপ্রাপ্ত মন্ত্রী আসতে পারেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি এ ব্যাপারে অবগত নই, কিছুই জানি না। এটি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। ওনার সুদৃঢ় নেতৃত্বেই যখন আমরা এই আন্তর্জাতিক বিজয় অর্জন করতে পেরেছি, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে চলবে—সেই সিদ্ধান্তও তিনিই নেবেন। এতে কোনো সমস্যা হবে না।’

পরবর্তীতে দায়িত্ব আপনার ওপর আসতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ স্পষ্ট করে বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবেই খুশি আছি।’

এনএইচ