জুলাইকে অস্বীকার করে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়: প্রতিরক্ষা উপদেষ্টা

এ কে এম শামছুল ইসলাম
দেশে এখন
0

জুলাইকে অবহেলা ও অস্বীকার করে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এ কে এম শামছুল ইসলাম। আজ (শনিবার, ২৫ জুলাই) দুপুরে রাওয়া হেলমেট হলে জুলাই স্মৃতি ফাউন্ডেশন ও রাওয়ার যৌথ উদ্যোগে ফিরে দেখা জুলাই অভ্যুত্থান-২০২৪ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, আধিপত্যবাদের পতনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই অভ্যুত্থান অগ্রণী ভূমিকা পালন করেছে। জুলাই আন্দোলনের মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন হয়েছে। জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনী দেশপ্রেমের অনন্য নজির স্থাপন করেছে।

এসময়, জুলাইকে রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে ব্যবহার না করে দেশের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া, মেজর সিনহা হত্যা ও বিডিআর হত্যার বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।

অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবার, আহত জুলাই যোদ্ধা, সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাওয়ার কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএ