ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫

নির্বাচন কমিশনের লোগো
দেশে এখন
0

দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। এ হিসাবের অন্তর্ভুক্ত আছেন ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিতরা। এ ভোটার তালিকা দিয়েই আপাতত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ (রোববার, ৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

সিনিয়র সচিব বলেন, ‘৩১ জুলাই পর্যন্ত যারা নিবন্ধিত হয়েছেন, তাদের স্থানীয় সরকার নির্বাচনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সেই অনুযায়ী বর্তমানে ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫।’

তিনি বলেন, ‘পরবর্তী সময়ে নির্বাচনের তারিখ পরিবর্তন হলে কিংবা কমিশন নতুন কোনো সিদ্ধান্ত নিলে নতুন ভোটারদের সম্পূরক তালিকা হিসেবে যুক্ত করা হবে।’

আরও পড়ুন:

ভোটার সংখ্যা বৃদ্ধির তথ্য তুলে ধরে আখতার আহমেদ বললেন, ‘এর আগে ১৪ মে পর্যন্ত ভোটার ছিলেন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০। ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫।’

এদিকে, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির ফাইল আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধিমালা আজ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ এই পাঁচ স্তরের নির্বাচনের আচরণবিধি রয়েছে।’

তবে স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত অন্যান্য আইনের নথি এখনো আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি জানিয়ে তিনি বলেন, ‘এসব নথি প্রক্রিয়াধীন। প্রক্রিয়া সম্পন্ন হলে সেগুলোও আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

এসএইচ