ফুল দিয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন প্রধানমন্ত্রী
দেশে এখন
0

সব আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফল ঘোষণার পর জাতীয় সংসদ ভবনে তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ঘোষিত ফলাফলে মোট ৩৪৯ সংসদ সদস্যের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোট দেননি ছয়জন সংসদ সদস্য।

আরও পড়ুন:

ফলাফল ঘোষণার পরই নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে তাকে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করতে দেখা যায়।

পরে একে একে সরকারি ও বিরোধীদলের বিভিন্ন সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। এসময় সংসদ ভবনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিন জানান, নির্বাচন নিয়ে কমিশনের কাছে কোনো ধরনের অভিযোগ আসেনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার রাতের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের ফলের গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এফএস