প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

তারেক রহমান, চিঠি, ডোনাল্ড ট্রাম্প
দেশে এখন
1

বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক চিঠিতে ট্রাম্প বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’

চিঠিতে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) হোয়াইট হাউজ থেকে প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এ শুভেচ্ছা জানান ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

চিঠির শুরুতে ট্রাম্প লেখেন, ‘প্রিয় মি. প্রধানমন্ত্রী, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে আপনার চিঠি এইমাত্র পেয়েছি। উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা রইলো।

ট্রাম্প আরও লেখেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’ বিষয়টির প্রতি আপনার মনোযোগের জন্যও ধন্যবাদ। শিগগিরই আপনার সঙ্গে সাক্ষাৎ হবে আশা করি।

চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশের জনগণ অনেক কিছু পার করেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ও দেশটির ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে তিনি নিশ্চিত।

চিঠির শেষে ‘শুভকামনাসহ’ এবং ‘আন্তরিকভাবে’ উল্লেখ করে সই করেন ডোনাল্ড ট্রাম্প।

এসএস