পশ্চিম তীরে ইসরাইলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের

পররাষ্ট্র মন্ত্রণালয়
দেশে এখন
0

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের ই-১ এলাকায় ইসরাইলের বসতি নির্মাণ এগিয়ে নেয়ার পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরাইলের এ ধরনের একতরফা পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের পরিপন্থী। এই পরিকল্পনা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলের ভৌগোলিক অখণ্ডতা এবং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের মাধ্যমে দীর্ঘস্থায়ী দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে মারাত্মকভাবে ব্যাহত করবে।

ইসরাইলকে অবিলম্বে ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে সব ধরনের বসতি নির্মাণ কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অধিকারসহ ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য অধিকারের প্রতি ঢাকার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।

বাংলাদেশ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে কূটনৈতিক তৎপরতা জোরদার করার আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনিদের স্বাধীনতা, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ন্যায়সংগত লড়াইয়ে বাংলাদেশ সব সময় পাশে থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এএম