ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

সাঈদ খোকন
অপরাধ
দেশে এখন
2

দীর্ঘ দুই বছর পলাতক থাকার পর এবার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) হাতে গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে গ্রেপ্তারের পর ডিবির কাছে হস্তান্তর করা হয় তাকে। তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিদেশে পালিয়ে গেলেও গ্রেপ্তার হন একাধিক নেতাকর্মী। আর যারা দেশেই পলাতক ছিলেন, তাদের মধ্যে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের খোঁজ চলছিলো দুই বছর ধরে।

অবশেষে প্রায় আড়াই বছর পর, মঙ্গলবার সকাল ৭টায় বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে এসআরবি ১-এর একটি দল গ্রেপ্তার করে সাঈদ খোকনকে। পরে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে ৩০টির অধিক মামলা রয়েছে।

এদিকে ২০২৫ সালের ১৩ নভেম্বর সাবেক এই মেয়রের বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় সাঈদ খোকনের পাশাপাশি তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীকেও আসামি করা হয়েছে।

এর আগে, একই বছরের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।

এছাড়া সাঈদ খোকন ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে, যার মধ্যে এককভাবে সাঈদ খোকনের কর ফাঁকির পরিমাণ ৯৪ কোটি ২০ লাখ টাকা।

অন্যদিকে, দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন ও তার পরিবারের কয়েকজন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। তবে এতদিন কোথায় ছিলেন সাঈদ খোকন— সেই প্রশ্নের উত্তর খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসএইচ