দুর্নীতির দায় কেন শ্রমিকের মজুরি দিয়ে মেটাতে হবে, প্রশ্ন দেবপ্রিয়র

ড. দেবপ্রিয় ভট্টাচার্য
দেশে এখন
0

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, পোশাকশিল্পের মালিকেরা অভিযোগ করছেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির কারণে তাদের পরিচালন ব্যয় বেড়ে যাচ্ছে। এ কারণে শ্রমিকদের মজুরি বাড়ানো কঠিন হয়ে পড়েছে। দুর্নীতির কারণে খরচ বাড়ার কথা বলা হলেও সেই দুর্নীতির দায় শ্রমিক কেন নিজের মজুরি দিয়ে মেটাবে? দুর্নীতির দায় কোনোভাবেই শ্রমিকদের ওপর চাপানো উচিত নয়।

মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আজ (বুধবার, ১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মজুরি নির্ধারণে সরকারের ভূমিকার সমালোচনা করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বিষয়টি মূলত শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে পড়লেও এ বিষয়ে প্রশ্নের জবাব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমনকি জাতীয় সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতেও মজুরি নিয়ে কোনো আলোচনা হয়েছে বলে জানা নেই।’

দেশের অর্থনীতি চাপের মধ্যে থাকলেও সরকারের কর্মকাণ্ডে সেই সংকটের গুরুত্বের প্রতিফলন দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

দেবপ্রিয় বলেন, ‘সময়মতো মজুরি বোর্ড গঠন করা হয়নি, যা রাজনৈতিকভাবে অন্যায্য। সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পুনর্নির্ধারণ করা হলেও শ্রমিকদের মজুরি নির্ধারণে যথাসময়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ ধরনের পরিস্থিতিতে অন্যান্য দেশের সরকার সাধারণত রাজনৈতিক বক্তব্য বা দিকনির্দেশনা তুলে ধরে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মজুরি ইস্যুতে সরকারের এমন কোনো সুস্পষ্ট অবস্থান দেখা যাচ্ছে না।’

সিপিডির সম্মাননীয় ফেলো আরও বলেন, ‘শেষ পর্যন্ত মজুরি নির্ধারিত হবে, শিল্পকারখানাও চলবে। কিন্তু অতীতে সুশাসনের ঘাটতি ও অব্যবস্থাপনার যে কারণগুলো ছিল, সেগুলো আবার ফিরে আসবে না—এমন কোনো নিশ্চয়তা আমি দেখতে পাচ্ছি না।’

কেবল মজুরি নির্ধারণ ও শিল্পকারখানার কার্যক্রম সচল রাখাই যথেষ্ট নয়; অতীতের অনিয়ম ও সুশাসনের সংকটের পুনরাবৃত্তি রোধে সরকারের কার্যকর পদক্ষেপ ও সুস্পষ্ট অঙ্গীকার প্রয়োজন বলে মনে করেন এ অর্থনীতিবিদ।

এএইচ