আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্য উপদেষ্টা জানান, গত ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারা দেশের বিভিন্ন এলাকায় ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজনের মৃত্যু ছাড়াও আহত হয়েছেন ১১ জন। এ পর্যন্ত মামলা হয়েছে ৬২টি, সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে ২৭টি এবং ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জাহেদ উর রহমান জানান, গত ২৩ দিনে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল-সংক্রান্ত ঘটনা ঘটেছে ৭২টি। এসব ঘটনায় ২২টি মামলা ও ৫টি জিডি হয়েছে। ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ‘যেহেতু দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে, তাই এসব কর্মকাণ্ড ও ঝটিকা মিছিল বেআইনি। সে কারণে মামলা ও গ্রেপ্তার চলছে।’
আরও পড়ুন:
পুলিশের স্থাপনা ও গাড়িতে হামলার পরিসংখ্যান তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘পুলিশের স্থাপনায় হামলা হয়েছে চারটি। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে ২৮টি। পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে চারটি। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। মামলা হয়েছে একটি। গ্রেপ্তার হয়েছে ৪ জন।’
সারা দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল বা বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগ প্রসঙ্গে পুলিশের তথ্যের বরাত দিয়ে উপদেষ্টা জানান, গ্রামীণ ব্যাংকে মোট ৩৪টি নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ২৫টি এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ২৩টি। এসব ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও মামলা হয়েছে ৮টি, জিডি হয়েছে ১৯টি এবং ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে উপদেষ্টা বলেন, পুলিশের নথিভুক্ত তথ্যের বাইরে সংবাদমাধ্যমে আসা তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৭২টি ঘটনার কথা জানা গেছে। পাশাপাশি সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় হামলার দাবি করেন। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে দুইটি। মামলা হয়েছে দুইটি এবং গ্রেপ্তার হয়েছেন ১১ জন।—বাসস





