কুর্মিটোলা গলফ ক্লাবে কাল পর্দা উঠছে বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপের

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর
দেশে এখন
0

আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থার (সিআইএসএম) ১৭তম বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপের স্বাগতিক দেশ হিসেবে আসরটি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। সিআইএসএমের উদ্যোগে এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে আগামীকাল (শুক্রবার, ২৭ নভেম্বর) থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে আট দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের আসরে স্বাগতিক বাংলাদেশসহ সিআইএসএমের সদস্যভুক্ত ১৩টি দেশের মোট ১১৭ জন সামরিক কর্মকর্তা ও গলফার অংশ নেবেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, কানাডা, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, নেদারল্যান্ডস, ভারত ও শ্রীলঙ্কা। প্রতিযোগিতায় সিআইএসএম সদর দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। আগামী শনিবার (২৮ নভেম্বর) প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন এবং ৩ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান হবে।

অলিম্পিকের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া সংস্থা হিসেবে পরিচিত সিআইএসএম ১৯৪৮ সালের ১৮ ফেব্রুয়ারি ফ্রান্সের নিস শহরে প্রতিষ্ঠিত হয়। সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে ক্রীড়াচর্চার প্রসার, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কাজ করা এই সংস্থার বর্তমান সদস্যদেশ ১৪২টি।

বাংলাদেশ ১৯৭৬ সালে ৪১তম সদস্য হিসেবে সিআইএসএমে যোগ দেয়। চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সংস্থাটির বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে। এর আগে ২০২৪ সালে ঢাকায় ৩য় সিআইএসএম বিশ্ব সামরিক আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় এবার বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের দায়িত্ব পেয়েছে দেশ।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আন্তর্জাতিক সামরিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ও সাংগঠনিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও আতিথেয়তা তুলে ধরার সঙ্গে দেশের ক্রীড়া ও পর্যটন সম্ভাবনাকেও বিশ্ববাসীর সামনে উপস্থাপনের সুযোগ তৈরি হবে।

এএম