‘শহিদ জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদে পাহাড়-সমতলের সব জাতিসত্ত্বাকে একসূত্রে গেঁথেছিলেন’

মতবিনিময় সভায় মন্ত্রী সাচিং প্রু জেরি
এখন জনপদে
0

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে পাহাড় ও সমতলের সকল জাতিসত্তাকে একসূত্রে গেঁথেছিলেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি। মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু বিগত সময়ে বোর্ডটি তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে। এটিকে আবারও জনকল্যাণমুখী ধারায় ফিরিয়ে আনা হবে।’

আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্যমন্ত্রী ও রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান।

পার্বত্যমন্ত্রী বলেন, ‘পার্বত্য চুক্তি একটি চলমান প্রক্রিয়া। মতভেদে চুক্তির ৭০ থেকে ৭৫ শতাংশ বাস্তবায়িত হয়ে গেছে, বাকিগুলোও বাস্তবায়নের জন্য বর্তমান সরকার আন্তরিক। তবে বাস্তবায়নে দীর্ঘসূত্রতার বিষয়ে তিনি বলেন, ‘১৯৯৭ সালে চুক্তি সম্পাদিত হয়েছে। আজ ২৯ বছর। একাধিক সরকার চলে গেছে। যারা করেছিলেন, উনারাতো বেশি সময় পেয়েছেন। তারা কী করেছেন?’

এসময় পার্বত্য অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে একটি সমন্বিত মহাপরিকল্পনা বা মাস্টারপ্ল্যান গ্রহণের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘রাঙামাটি, বান্দরবান (থানচি ও লামা) এবং কক্সবাজার-টেকনাফ সমুদ্রসৈকতকে সংযুক্ত করে একটি সমন্বিত পর্যটন রুট তৈরি করা গেলে দেশি-বিদেশি পর্যটকরা একই ভ্রমণে পাহাড়ের জীববৈচিত্র্য, বৈচিত্র্যময় সংস্কৃতি, স্থানীয় ফলমূল ও খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন।’

পাশাপাশি পর্যটন সংশ্লিষ্ট হোটেল ও পরিবহন খাতে পরিচ্ছন্নতা এবং পর্যটকদের সঙ্গে শালীন ও আন্তরিক আচরণ বজায় রাখার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

পাহাড়ের অর্থনৈতিক রূপান্তরে প্রথাগত ফসলের পাশাপাশি দীর্ঘমেয়াদি ও উচ্চমূল্যের ফসল চাষের আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘পাহাড়ে এমন সব ফসলের আবাদ বাড়াতে হবে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ফলন দেয়। এক্ষেত্রে ৮০ থেকে ৯০ বছর স্থায়ী কফি এবং ৪০ থেকে ৫০ বছর স্থায়ী কাজুবাদাম চাষ অত্যন্ত লাভজনক। দেশে কফির ব্যাপক চাহিদা থাকায় এটি পাহাড়ের অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে।’

কাপ্তাই লেকের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পার্বত্যমন্ত্রী বলেন, ‘কাপ্তাই লেক আমাদের অঞ্চলের জন্য আশীর্বাদ না অভিশাপ, তা নির্ভর করছে এর সঠিক ব্যবস্থাপনার ওপর। লেকের নাব্যতা ফিরিয়ে আনা এবং ভাসমান বসতবাড়ির বর্জ্য ও সুয়ারেজ ব্যবস্থাপনায় বিশেষ নজর দেয়া জরুরি। লেকের পবিত্র পানি দূষণমুক্ত রেখে ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে পারলেই এ নান্দনিক সম্পদটি প্রকৃত অর্থে পাহাড়ের আশীর্বাদ হয়ে উঠবে।’

মন্ত্রী বলেন, ‘পাহাড় ও সমতলের মানুষের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন এবং ক্ষুদ্র জাতিসত্তার মানুষের আয়কর সংক্রান্ত যৌক্তিক বিষয়গুলোও সরকার বিবেচনায় নিয়েছে।’

এছাড়া মন্ত্রী উন্নয়ন কর্মকাণ্ড সরেজমিনে তদারকি করতে প্রতি দুই থেকে তিন মাস অন্তর রাঙামাটি সফর করবেন বলেও আশ্বাস দেন।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা।

এসএইচ