খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, ‘গতকাল শনিবার বিকেল ৪টা থেকে গোপালগঞ্জ হয়ে চলাচল করা যানবাহনগুলো বন্ধ করে দেয়া হয়েছে। আজ সকাল থেকে যশোর-আরিচা-পাটুরিয়ার আগের বিকল্প রুটে খুলনা, সাতক্ষীরাসহ এ অঞ্চলের সব পরিবহন চলাচল শুরু করেছে।’
তিনি বলেন, ‘এর আগে ১৮ নভেম্বরের পরও গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ হয়েছিল। ১৯ নভেম্বর দুপুরে সিদ্ধান্ত নিয়ে বিকল্প হিসেবে যশোর-আরিচা-পাটুরিয়া হয়ে তখন ঢাকায় বাস চলাচল শুরু করা হয়।’
খুলনা, যশোর, বেনাপোল, ঝিনাইদহ, মাগুরা, সাতক্ষীরা, ফরিদপুর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল ও রাজবাড়ী থেকে গোপালগঞ্জ এড়িয়ে যশোর-আরিচা-পাটুরিয়া হয়ে ঢাকাগামী বাস চলাচল করছে বলে জানান তিনি।
অন্যদিকে, খুলনা থেকে বাগেরহাট হয়ে পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, বরগুনা, ভোলা ও পটুয়াখালীতে বাস চলছে।
তবে টেকেরহাট, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা ও বাগেরহাটের সঙ্গে ঢাকার বাস চলাচল বন্ধ রয়েছে। গোপালগঞ্জ, মোল্লাহাট ও টেকেরহাটে সড়ক অবরোধ থাকায়, এসব এলাকা থেকে ঢাকাগামী বাসগুলো চলাচল করতে পারছে না।
এছাড়া, খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে টেকেরহাট, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার রুটেও বাস চলাচল বন্ধ আছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধের কারণে গোপালগঞ্জে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়কসহ গোপালগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের কয়েকটি স্থানে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা। এসময় তারা সড়কে আগুন জ্বালিয়ে দেন।
গোপালগঞ্জ পুলিশ লাইন ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা রয়েছে।
জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ৫৬ প্লাটুন বিজিবি, পর্যাপ্ত সংখ্যক পুলিশ, এসআরবি ও আনসার সদস্য মোতায়েন রয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছেন তারা।
এর আগে, শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মশাল মিছিল ও মাইকিং করে অবরোধের কথা জানানো হয়। এ কারণে ২৯ ও ৩০ নভেম্বর শহরের বাজারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাজার কমিটি। একই আশঙ্কায় ঢাকা-গোপালগঞ্জ রুটে বাস চলাচলও বন্ধ রাখার সিদ্ধান্ত নেন বাসমালিকরা।
দুপুর পর্যন্ত জেলায় বড় ধরনের কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।





-320x167.webp)