আইপিএল সম্প্রচারে আবেদন করলে আমরা সেটা ইতিবাচকভাবে দেখবো: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
এখন মাঠে , ক্রিকেট
দেশে এখন
2

বাংলাদেশে আইপিএল সম্প্রচারের জন্য কোনো আবেদন করলে সেটা সরকার ইতিবাচকভাবে দেখবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি। আমাদের দিক থেকে কোনো রাজনৈতিক বিবেচনা নেই, অর্থনৈতিকভাবে বিষয়টি কতটা লাভজনক সেটাই আমাদের বিবেচনা।

আজ (শনিবার, ২৮ মার্চ) ফোনযোগে ডয়েচে ভেলে বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়— আইপিএল বাংলাদেশে সম্প্রচারের ব্যাপারে অন্তর্বর্তী সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছিল যে, আইপিএল সম্প্রচার করা যাবে না, আপনারা সরকার গঠনের পরে এ ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছেন কি না বা নতুন করে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের মনোযোগটা ব্যাসিক্যালি আমাদের ফাইনান্সিয়াল এঙ্গেজমেন্টটা কতটুকু সেদিকে। অন্তর্বতী সরকার আইপিএল বন্ধ করেছে কেন, সেটা তাদের বিবেচনা। কিন্ত আমাদের দিক থেকে কোনো রাজনৈতিক বিবেচনা নেই। এটা অর্থনৈতিকভাবে কতটা লাভজনক বা কতটা সাশ্রয়ী হবে, এটা হলো আমাদের ফোকাল পয়েন্ট। আইপিএলের জন্য আমাদের পর্যন্ত কোনো ইয়ে.. তো আসেনি। আইপিএলের কোনো এজেন্ট বা অথরিটি কেউই তো আবেদন করেনি।’

আরও পড়ুন:

বর্তমানে টি-স্পোর্টস প্রায় প্রতি বছরই আইপিএলের সত্ত্ব কেনে এবং সম্প্রচার করে। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের পর ওরা সেখান থেকে পিছু হটেছিল এবং এ সরকারের সময়ে তারা নতুন করে আর কোনো উদ্যোগ নেয়নি—এ কথা জানালে তিনি বলেন, ‘ওরা যেহেতু ভুক্তভোগী, তো ওরা সেই হিসেবে নতুন সরকারের কাছে ইস্যুটা তুলুক। সেটা তো তুলতে হবে, তাই না? আপনি বলছেন বলে শুনলাম বা জানলাম, এটা তো এক জিনিস। তবে সরকার হিসেবে কথা বলতে গেলে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগবে। কারও ভুক্তভোগী হিসেবে নিজেদের আসতে হবে, তারপর আমি সেটাতে রেসপন্স করতে পারবো।’

এর আগে, মোস্তাফিজুর রহমানকে আইপিএলে কেনার পর বাদ দেয়ার ঘটনায় নিন্দা জানিয়ে বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

উল্লেখ্য, মোস্তাফিজকে কোলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল এবারের আসরের জন্য। তারপর নিরাপত্তা ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় ফিজকে ছেড়ে দেয় দলটি।


এসএইচ