হোয়াইট হাউস জানিয়েছে, বৈঠকে পরমাণু অস্ত্রের বিস্তার রোধের বিষয়ে মূলত আলোচনা হবে। তবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ এবং ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার মতো বড় ধরনের বৈশ্বিক অস্থিরতার মধ্যে এই বৈঠক হতে যাচ্ছে।
যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন মেবন আল জাজিরাকে বলেন, ‘আমার মনে হয় আমরা চমৎকার কিছু ফটোসেশন আর ট্রাম্পের বেশ কিছু বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য দেখতে পাব।’ তবে তিনি যোগ করেন, এই তিন নেতা ‘যৌথভাবে বা এককভাবে ইরান কিংবা ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে সক্ষম নন’।
আলোচ্যসূচিতে কী থাকছে?
নতুন পরমাণু চুক্তি
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম প্রধান ইস্যু হলো নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি (নিউ স্টার্ট), যার মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। ২০১০ সালে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্রের মজুত সীমিত রাখা হয়েছিল। বর্তমানে সবচেয়ে বেশি পরমাণু ওয়ারহেড রয়েছে রাশিয়ার কাছে। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। এর মধ্যে চীন দ্রুত নিজেদের অস্ত্রভাণ্ডার বাড়াচ্ছে।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা বাড়ানোর রুশ প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প। এর বদলে বেইজিংকে অন্তর্ভুক্ত করে একটি ‘নতুন, উন্নত ও আধুনিক’ চুক্তির দাবি জানান তিনি। তবে যে চুক্তি গঠনের প্রক্রিয়ায় চীন যুক্ত ছিল না, তাতে যোগ দিতে দেশটি অনাগ্রহী বলে ধারণা করা হয়। ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই বিষয়টি দিয়েই আলোচনা শুরু হবে, তবে ‘আমরা কোনো ধরনের চুক্তিতে পৌঁছানোর আশা করছি না’।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ
কর্মকর্তারা বলছেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধ নিয়েও বিশ্বনেতারা আলোচনা করবেন। সর্বাত্মক হামলা আপাতত বন্ধ থাকলেও এই সংঘাত এখনো অচলাবস্থার মধ্যে রয়েছে।
১০০ দিনের বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। প্রণালিতে থাকা জাহাজগুলো ইরানি হামলা ও সি-মাইনের মুখোমুখি হওয়ায় তেল ও গ্যাসের বাজার এখনো অস্থির। যুদ্ধের আগে চীনের অপরিশোধিত তেল সরবরাহের এক-তৃতীয়াংশই এই প্রণালি দিয়ে যেত। এ যুদ্ধের কারণে চীনা রপ্তানি পণ্যের চাহিদাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে জ্বালানি বিশেষ করে ডিজেলের সরবরাহ সংকটের মধ্যে দাম বাড়ায় এবং সম্প্রতি ওয়াশিংটন নিষেধাজ্ঞা শিথিল করায় রাশিয়া লাভবান হয়েছে।
চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিদ্বন্দ্বিতা
বাণিজ্যযুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালনায় ব্যবহৃত মাইক্রোচিপের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিযোগিতা বেইজিং ও ওয়াশিংটনের সম্পর্ককে তিক্ত করে তুলছে। গত বছর ট্রাম্প চীনের ওপর ১৪৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করেন। জবাবে বেইজিংও মার্কিন আমদানির ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে। উন্নত চিপ ও অন্যান্য প্রযুক্তি তৈরিতে প্রয়োজনীয় বিরল খনিজ রপ্তানিতে চীনের বিধিনিষেধ আরোপকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়ে।
পরবর্তীতে দক্ষিণ কোরিয়া ও ওয়াশিংটনে ট্রাম্প এবং শির বৈঠকের পর দুই দেশই শুল্ক কমায় এবং বেশ কিছু চুক্তি করে। তবে সম্প্রতি চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে তৈরি হওয়া এক কেলেঙ্কারির জেরে যুক্তরাষ্ট্র অভিযোগ তুলেছে, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের ওপর চীন গুপ্তচরবৃত্তি করছে। বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে।
ইউক্রেন যুদ্ধ কি আলোচনায় আসবে?
এর সম্ভাবনা খুবই কম। ক্রেমলিনের কর্মকর্তারা এর আগে ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনার ইঙ্গিত দিলেও ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার ইউক্রেন যুদ্ধের বিষয়টি তুলবেন না। মস্কোর মিত্র চীন বলেছে, ইউক্রেন যুদ্ধ একটি ইউরোপীয় ইস্যু।
মার্কিন কর্মকর্তারা আরও বলছেন, ওয়াশিংটন শান্তি আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার চলতি সপ্তাহে ইউক্রেন ও রাশিয়া সফর করছেন। এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘চীন আসলে এই প্রক্রিয়ার অংশ নয়, তাই সেখানে ইউক্রেন নিয়ে আলোচনা করাটা সমীচীন মনে হচ্ছে না।’
প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে ‘না চাওয়ার’ অভিযোগ তুলেছেন। অন্যদিকে কিয়েভ বারবার অভিযোগ করছে, হামলাকারী ড্রোন পরিচালনার জন্য ব্যবহৃত স্টারলিংক স্যাটেলাইট সংযোগ সীমিত করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া রুশ তেল স্থাপনায় ইউক্রেনের হামলার কারণে ডিজেলের দাম আকাশচুম্বী হয়েছে বলেও ইউক্রেনকে দায়ী করেছেন ট্রাম্প। একই সময়ে ট্রাম্প পুতিনকে সমাদর করেছেন, বিশ্ব ও মার্কিন বাজারে রুশ ডিজেল প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছেন এবং মস্কোর ওপর থেকে তেল নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন।
এই বৈঠক থেকে কোন পক্ষ কী চায়?
রাশিয়া: বিশ্লেষকেরা বলছেন, প্রেসিডেন্ট পুতিনের জন্য এই বৈঠক একটি ইতিবাচক ফটোসেশনের সুযোগ এবং ইউক্রেন সংঘাতকে পাশ কাটিয়ে নিজের ক্ষমতা প্রদর্শনের একটি মঞ্চ হতে পারে। মস্কোভিত্তিক সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আলেকজান্ডার ব্রাটারস্কি আল জাজিরাকে বলেন, এটি পুতিনকে ‘সমকক্ষদের মধ্যে অগ্রগণ্য’ হিসেবে একটি অবস্থান দেবে, যা তিনি নিজ দেশে প্রচার করতে পারবেন। এর মাধ্যমে তিনি দেখাতে পারবেন যে ইউক্রেন যুদ্ধের পর ইউরোপের নিরাপত্তা কাঠামোতে প্রভাব ফেলার ক্ষমতা তার রয়েছে।
চীন: ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধের একটি সমাধানের জন্য বেইজিং আগে থেকেই চাপ দিয়ে আসছে, কারণ এই যুদ্ধ তাদের নিজস্ব জ্বালানি সরবরাহকে প্রভাবিত করেছে। এছাড়া নিজেদের অংশগ্রহণ ছাড়া তৈরি হওয়া কোনো পরমাণু চুক্তিতে জড়িয়ে পড়াও এড়াতে চাইবে চীন। গত মাসে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ‘এই পর্যায়ে তথাকথিত ত্রিপক্ষীয় পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় চীনকে যোগ দিতে বলাটা মোটেও ন্যায্য, যৌক্তিক বা বাস্তবসম্মত নয়।’
যুক্তরাষ্ট্র: প্রশাসনের কর্মকর্তাদের মতে, ট্রাম্পের অগ্রাধিকার হলো চীন ও রাশিয়া উভয়কেই একটি নতুন পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে অন্তর্ভুক্ত করা। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে অন্যান্য বিষয়ের পাশাপাশি তিনি বিশ্বে পরমাণু অস্ত্র কমানোর বিষয়ে আলোচনা করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, এই বিস্তার অত্যন্ত বিপজ্জনক।’
যুদ্ধ শেষ করার জন্য মার্কিন দাবির কাছে ইরান নতিস্বীকার করতে এবং ওয়াশিংটনকে জয়ের স্বাদ দিতে অস্বীকৃতি জানাচ্ছে। এমন পরিস্থিতিতে নিজের প্রশাসনের কূটনৈতিক প্রভাব তুলে ধরতেও ট্রাম্প এই বৈঠককে কাজে লাগাতে পারেন। বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প শি, পুতিন ও উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে চেয়েছেন। তাদের সবাইকে ‘প্রভাবশালী শাসক’ হিসেবে দেখা হয় এবং এ ধরনের বলয়ে ট্রাম্পও নিজেকে প্রভাবশালী হিসেবে তুলে ধরতে চান। অধ্যাপক মেবন বলেন, ‘আমার মনে হয় এটি মূলত লোকদেখানো হবে। ডোনাল্ড ট্রাম্প এখানে শান্তি প্রতিষ্ঠাকারীর চেয়ে বিশ্বনেতার ভূমিকায় অভিনয় করবেন।’
বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, গত সপ্তাহে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির শোচনীয় পরাজয় তার প্রভাব খর্ব করতে পারে। কারণ ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন নতুন কংগ্রেস ইউক্রেনকে আরও জোরালোভাবে সমর্থন দেবে বলে ধারণা করা হচ্ছে।
এটি কি নতুন ইয়াল্টার সূচনা?
রুশ পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান পিওতর তলস্তয় বলেছেন, এই বৈঠক একটি ‘নতুন ইয়াল্টা’র দিকে নিয়ে যেতে পারে। ১৯৪৫ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ইয়াল্টায় অনুষ্ঠিত সম্মেলনে সোভিয়েত প্রেসিডেন্ট জোসেফ স্তালিন, যুক্তরাষ্ট্রের ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং যুক্তরাজ্যের উইনস্টন চার্চিল জার্মানিকে ভাগ করেছিলেন এবং জাতিসংঘ প্রতিষ্ঠা করেছিলেন। সেটিকে নতুন বিশ্বব্যবস্থার রূপরেখা হিসেবে দেখা হয়েছিল।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের মধ্যে হতে যাওয়া এই ত্রিপক্ষীয় বৈঠককে ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ বলে অভিহিত করেছেন। তবে তিনি উল্লেখ করেছেন, এই বৈঠকে হওয়া কোনো চুক্তি অন্য দেশগুলোর ওপর চাপিয়ে দেয়া যাবে না।





