বিক্ষোভ-সংঘাতের মধ্যেই ম্যানিলায় ৪৯তম আসিয়ান সম্মেলন

আসিয়ান সম্মেলন
বিদেশে এখন
0

ডোনাল্ড ট্রাম্পের সফরকে ঘিরে হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল হলো ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতের মধ্যেই, বৈশ্বিক ঐক্যের লক্ষ্য নিয়ে শুরু হলো ৪৯তম আসিয়ান শীর্ষ সম্মেলন। দক্ষিণপূর্ব এশিয়ার ১১টি সদস্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি সম্মেলনে থাকবেন মার্কিন প্রেসিডেন্টসহ অন্যান্য বিশ্বনেতারা। আলোচনা করবেন নানা আঞ্চলিক ও বৈশ্বিক সংকট নিয়ে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনায় অগ্রগতির দাবি কানাডার। মিয়ানমার জান্তার সাথে উচ্চ পর্যায়ের বৈঠকে আসিয়ানের পাঁচ বছরের নিষেধাজ্ঞা শিথিল হতে পারে এবার।

দক্ষিণপূর্ব এশিয়ার ১১ দেশের জোট আসিয়ানের ৪৯তম শীর্ষ সম্মেলনের পর্দা ওঠে রোববার। সম্মেলনস্থলের দিকে এগোনোর সময় বিক্ষোভে বাধা দেয়ায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়ান কয়েকশ বিক্ষুব্ধ মানুষ। ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য ফিলিপিন্স সফর ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রতিবাদে রাজপথে তারা।

বিক্ষোভে অংশ নেয়া একজন বলেন, ‘আমরা এখানে এসেছি কারণ ডোনাল্ড ট্রাম্প এসেছেন। ইরান যুদ্ধের বিরুদ্ধে আমরা কারণ এই যুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকট আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ফিলিপিনো জনতাকে অবর্ণনীয় দুর্ভোগের দিকে ঠেলে দিয়েছে।’

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক সংকট, মিয়ানমার পরিস্থিতি, দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ, সীমান্ত ছাড়িয়ে ছড়িয়ে পড়া পরিবেশ দূষণসহ গুরুত্বপূর্ণ নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে মঙ্গলবার পর্যন্ত তিন দিনব্যাপী এ সম্মেলনে। আসিয়ান নেতাদের পাশাপাশি সম্মেলনে থাকবেন যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, জাপানসহ বিশ্বের প্রভাবশালী দেশগুলোর নেতারা। বৈশ্বিক ঐক্যের ডাক দিয়ে সম্মেলন উদ্বোধন করেন ফিলিপিনো রাষ্ট্রপ্রধান।

আরও পড়ুন:

ফিলিপিন্স প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোজ বলেন, ‘মধ্যপ্রাচ্য পরিস্থিতি আসিয়ানভুক্ত দেশগুলোর নাগরিকদের ঝুঁকির মধ্যে ফেলছে এবং পরিবহন, জ্বালানি ও খাদ্য সরবরাহ ব্যাহত করছে। অভ্যন্তরীণ সংকটের কারণে সম্মেলন স্থগিতের কথা ভাবা হলেও, আলোচনার মাধ্যমে আমরা সুস্পষ্ট ঐকমত্যে পৌঁছেছি যে একটা চূড়ান্ত পদক্ষেপ নিতে সম্মেলনের এটাই সঠিক মুহূর্ত।’

মিয়ানমার জান্তার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে আসিয়ানের পাঁচ বছরের নিষেধাজ্ঞা শিথিল হতে পারে এবার। থাইল্যান্ডসহ আসিয়ানের কয়েকটি সদস্য দেশ মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের মধ্যেই দেশটির সঙ্গে কূটনৈতিক ও রাজনৈতিক যোগাযোগ বাড়িয়েছে। ফলে চাপ বাড়ছে আসিয়ানের ওপরও।

অন্যদিকে, সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন দেশের নেতাদের বৈঠক। আটটি চুক্তিতে সই করেছে থাইল্যান্ড ও চীন। প্রতিরক্ষা চুক্তি করেছে ফিলিপিন্স ও অস্ট্রেলিয়া। ফিলিপিন্সের সাথে আগামী এক দশকে বাণিজ্য তিন গুণ করার আশা জানান কানাডার প্রধানমন্ত্রী। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভার সাথে বৈঠকে দেশটির বন সংরক্ষণে ৪০ কোটি ডলার অনুদানের আশ্বাসও দেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনায় অগ্রগতির কথা জানান কার্নি।

কানাডার প্রধানমন্ত্রী মার্কি বলেন, ‘অগ্রগতি হচ্ছে। দ্বিপাক্ষিক একটি চুক্তির সম্ভাবনা আছে, কিন্তু আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছাইনি।’

সম্মেলন উপলক্ষ্যে কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা ম্যানিলা। শহরের বিভিন্ন স্থানে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। ট্রাম্পের আগমনকে ঘিরে অধিকারকর্মীদের বিক্ষোভের আশঙ্কায় রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশে পুলিশ ও সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে। সম্মেলনের শেষদিনে ম্যানিলায় পৌঁছাবেন ট্রাম্প।

এফএস